আমার গুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি, স্থপতিতিনি আমার ব্যক্তিগত ও পেশাজীবনের আদর্শ। গুরুই বলি আমি তাঁকে। ১৯৬৪ সালের কথা। বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়ি তখন, মাজহারুল ইসলাম এলেন ক্লাসের প্রজেক্টের বিচারক হিসেবে। খুব পছন্দ করলেন আমার প্রজেক্টটি। তাঁর বাস্তুকলাবিদে কাজ করার প্রস্তাব দিলেন। আমিও সাগ্রহে রাজি। আর ১৯৬৮ সালে পাস করে বেরোনোর পর পুরোপুরি যোগদান করলাম সেখানে। মাজহারুল ইসলামের মতো সম্পূর্ণ মানুষ কম দেখেছি। আমাদের দেশে স্থপতিদের সামাজিক অবস্থান অনেক উঁচুতে নিয়ে গেছেন তিনি। স্থাপত্যকে বলা হয় মাদার অব আর্ট। এতে সব ধরনের শিল্পই অবস্থান করে। মাজহারুল ইসলাম এসব শিল্পকে ধারণ করতেন এবং বাংলাদেশের স্থাপত্যে প্রয়োগ করেছিলেন।নিসর্গের সঙ্গে স্থাপত্যকে তিনি মিলিয়েছেন নিপুণভাবে। তার ফলে এই কাজগুলো হয়েছে ধ্রুপদি শিল্প। তাঁর বাসায় ও অফিসে বাংলাদেশের বিভিন্ন মাধ্যমের গুণী মানুষের আনাগোনা দেখেছি সব সময়। তিনি কেবল একজন স্থপতিই ছিলেন না, তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বও। স্থাপত্য এমন একটা শিল্প, যেখানে মানুষ বাস করে। খুব জটিল একটি মাধ্যম। কিন্তু মাজহারুল ইসলাম তা খুব সহজভাবে করতেন। তিনি যা বলতেন, তা আমাদের কাছে বেদবাক্যের মতো। চিরকালের অনুধাবনের বিষয়।