আমার চট্টগ্রাম ক্যাম্পাস ক্যাম্পাস আইডলের খোঁজে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের কেউ গায়ক, কেউবা নৃত্যশিল্পী, কিংবা আলোকচিত্রী। চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) এ ধরনের সৃষ্টিশীল শিক্ষার্থীদের খুঁজে বের করতে আয়োজন করা হলো জমজমাট ‘আইডল প্রতিযোগিতা’। ৮ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড়ের ক্যাম্পাসে আয়োজন করা হয় এ প্রতিযোগিতার সমাপনী পর্ব।
নাচ, গান ও ফটোগ্রাফি—এ তিনটি শাখায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। সমাপনী পর্বের শুরুতে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি বলেন, ‘একজন শিক্ষার্থীর মেধাকে যেমন ঘরে বন্দী করে রাখা যায় না, তেমনি তার সৃষ্টিশীল কাজকেও আটকানো যায় না কোনো সীমারেখায়। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের লুকিয়ে থাকা প্রতিভা সহজেই বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।’ আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, ট্রেজারার সিদ্দিক আহমেদ চৌধুরী, কালচারাল ক্লাবের উপদেষ্টা তাবাসসুুম চৌধুরী, ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, নেটওয়ার্কিং অ্যান্ড প্লেসম্যান্ট সেলের ডিরেক্টর মানজুমা মোরশেদ প্রমুখ।
কথামালা শেষে বড় পর্দায় প্রদর্শন করা হয় আইডল প্রতিযোগিতায় ফটোগ্রাফি শাখায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ছবিগুলো। গ্রাম-বাংলার প্রকৃতি ও মানুষ ছিল এখানকার প্রতিটি ছবির মূল উপজীব্য। ছবির প্রদর্শনী শেষে মঞ্চে আসেন গান ও নাচ শাখার শিক্ষার্থীরা। গান ও নাচের ছন্দে তাঁরা মাতিয়ে তোলেন দর্শকদের। ফাঁকে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাটিকা, ফ্যাশন শো, নাচ ও গানের পরিবেশনা। প্রতিযোগিতা শেষে বিজয়ী সেরা ১০ ছাত্রের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে গান ও নৃত্য শাখায় বিজয়ীরা হলেন কমলগন্ধা, মৌ দেব, শাওন সিকদার, ফারজানা আকতার, এলিট দাশ, নিশাত আনজুমা সানজিদা ও আশিক। অন্যদিকে ফটোগ্রাফি শাখার বিজয়ীরা হলেন ফাহিম হাসান, পার্থ ও সাজেন বড়ুয়া।