ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমি আমার গৃহশিক্ষকের প্রতি দুর্বল হয়ে পড়েছি। উনি আমাকে নয় মাস হলো পড়াচ্ছেন। শুরুতে আমরা যদিও অত বেশি কথা বলতাম না। আস্তে আস্তে আমরা একজন আরেকজনের সঙ্গে ব্যক্তিগত ব্যাপারগুলো বলতে শুরু করি। আমার অবশ্য পড়াশোনায় সে জন্য সমস্যা হচ্ছে না। আমার চিন্তা ওনাকে নিয়ে। আমি জানি না উনি আমাকে পছন্দ করেন কি না। যদিও অনেক ঘনিষ্ঠতা আছে ওনার পক্ষ থেকেও। উনি আমার চেয়ে ১০ বছরের বড়। কিন্তু আমার কিছু যায়-আসে না। আমার কি ওনার সঙ্গে কথা বলা কমিয়ে দেওয়া উচিত?
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার গৃহশিক্ষক যেহেতু তোমার চেয়ে ১০ বছরের বড়, তিনি এখন একজন প্রাপ্তবয়স্ক। মানসিকভাবেও তিনি তোমার চেয়ে বেশি পরিপক্ব। তিনি তো তোমাকে পড়াতে আসছেন, কাজেই পড়ার বাইরে তোমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কতটুকু আলোচনা করবে, সেটি ভালোভাবে বোঝার বয়স তাঁর হয়েছে। আমাদের প্রতিটি সম্পর্কের ধরন আলাদা হওয়ার কথা। যেমন: ছাত্র-শিক্ষক, সন্তান-অভিভাবক, বন্ধু-বান্ধবী, অফিস-সহকর্মী, ভাই-বোন ইত্যাদি। এই প্রতিটি সম্পর্কের সীমারেখা নির্ধারিত থাকলে সেগুলোর মধ্যে সুস্থতা ও সৌন্দর্য থাকে। যিনি তোমাকে পড়াতে আসছেন, তাঁর সঙ্গে তোমার গুরু-শিষ্য সম্পর্ক। সেখানেও একটি সীমারেখা বজায় রাখা প্রয়োজন ছিল। এখানে শিক্ষক যেহেতু বয়সে বড় এবং তুমি বয়ঃসন্ধিতে রয়েছ, তাঁর উচিত ছিল নিজের সীমা ও তোমার সীমাটিকে অতিক্রম করতে না দেওয়া। পরিবারের বাইরে অন্য কোনো ছেলের সঙ্গে এতটা ঘনিষ্ঠভাবে ব্যক্তিগত আলোচনার সুযোগও হয়তো তুমি পাচ্ছো না। স্বাভাবিকভাবে যাঁর সঙ্গে বেশি কথা হচ্ছে, তাঁকেই ভালো লেগে গেছে। শিক্ষক লেখাপড়ার বাইরে নৈতিকতা গড়ে তোলা ও বইয়ের বাইরের জ্ঞান সম্পর্কে আলোচনা করতে পারেন। কিন্তু ব্যক্তিগত আলোচনা কোনোভাবেই করা উচিত নয়। এই মানুষটির প্রতি তোমার অনুভূতি ১০ বছর পরও একই রকমের থাকবে কি না তাতে সন্দেহ রয়েছে। কারণ, বয়ঃসন্ধি থেকে প্রাপ্ত বয়সে যাওয়ার পর আমাদের অনেক বেশি মানসিক পরিবর্তন ঘটে। আমি তোমাকে অনুরোধ করব শিক্ষক ব্যক্তিগত কথা বলতে চাইলেও তুমি তাঁকে বলবে যে এখন থেকে এই আলোচনাগুলো বন্ধ রাখলে ভালো হয়। বেশি ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেলে সেটা অনেক দূর গড়িয়ে যেতে পারে। পরে এই কারণে তোমার মনে অনেক অপরাধবোধও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তোমার কিন্তু এই দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া মোটেও উচিত হবে না। সম্ভব হলে পরিবারের যাঁকে তুমি সহজে মনের কথা খুলে বলতে পারো, তাঁকে বিষয়টি বলো।