মূল রচনা: সুখে-দুঃখে, সংগ্রামে সুদীর্ঘ সময় তাঁরা ছিলেন পাশাপাশি। মৃত্যুর তিন বছর আগে (২০০৪) স্বামী সাংবাদিক কামাল লোহানীকে নিয়ে লেখাটি লিখেছিলেন দীপ্তি লোহানী। কামাল লোহানীর ৭৮তম জন্মদিন গেল গত ২৬ জুন। প্রাসঙ্গিক বিবেচনায় লেখাটি প্রকাশিত হলো
আমার চোখে কামাল লোহানী
লোকটার সঙ্গে পঁয়তাল্লিশ বছর একই বাঁধনে বাঁধা পড়ে রইলাম। এখনো চলছি। জানি না এই চলার পথে কে আগে যাব? তবু যুগলে আমরা বেঁধেছি যে ঘর আজও উজ্জ্বল ভাস্বর। কত যে বিপদে ফেলেছে এই ভদ্রলোক, তা বলে শেষ করতে পারব না। আমি কিন্তু ওকে একজন জেদি মানুষ হিসেবে জানি। কোনো সিদ্ধান্ত নিলে, তাকে সেই কাজ করতেই হবে। এই জেলে, ওই বেকার, আবার পুলিশি নজর এড়িয়ে চলা—ইত্যাকার কারণে তিনি তো হয় কারাগারে, না-হয় পলাতক, আমার অবস্থা সারা।আমাদের প্রথম সন্তান জন্মাল বাষট্টিতে ৩০ জানুয়ারি। আমাকে দেখার কেউ নেই। আত্মীয়-পরিজন আমাদের বিয়েটাকে কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই নবজাতককে আমরা গড়ে তুলছি নিজেদের আনাড়ি যত্নে। ...ছেলের যখন বয়স তেরো দিন, ভোররাতে ওর ফেরার সময় প্রতিদিনের রিকশাওয়ালাটা খবর দিয়ে গেল, ‘স্যারকে পুলিশে ধইরা নিয়া গেছে আজাদ অফিসের সামনে থন।’ মাথায় আমার বাজ পড়ল। এখন কী করি? আমাদের সঙ্গে থাকতেন সুবলদা। সুবল দাসগুপ্ত। বুলবুল একাডেমীর তবলাবাদক। শুধু তবলাবাদক বলাটা ভুল হবে। ওঁকে দেখেছি অনেকগুলো বাদ্যযন্ত্র—ড্রাম, ঢোল, ঢোলক, মাদল, খোল, খঞ্জনি, ঝাঁঝা আর খমক বা রবীন্দ্রনাথের দেওয়া নাম অবন্দলহরী—সামনে নিয়ে বসতেন এবং বাজাতেন। ভদ্রলোক বিয়ে করেননি। কিন্তু প্রচণ্ড বৈষয়িক। আর ছিল কবিগুরুর কেষ্টার মতন রফিক। সুবলদা পরামর্শ আর সাহস দিলেন, বুদ্ধি দিলেন। সেই মতো খোঁজখবর নিয়ে লালবাগ থানায় গিয়ে পৌঁছালাম।তখন লালবাগেই ছিল ইন্টারোগেশন সেল ও আইবি দপ্তর। নবজাতককে কোলে নিয়ে ছুটলাম। নানা জটিল অবস্থা কাটিয়ে তাঁর সঙ্গে দেখা হলো। কী করতে হবে, কাকে অ্যাপ্রোচ করব, সেসব বললেন আর সতর্ক করে দিলেন অপরিচিত কাউকে এড়িয়ে চলতে। আমি তখন মতিঝিল সেন্ট্রাল গার্লস হাইস্কুলের শিক্ষিকা। প্রধান শিক্ষয়িত্রী কাজী জাহানারা খান আমার শিক্ষক ছিলেন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে, তিনি যেমন চাকরি দিয়েছিলেন, তেমনি আরামবাগের বাসা থেকে স্কুলের একেবারে কাছে মতিঝিল কলোনির ছোট্ট একটা এক রুমের ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দিলেন। কারণ, আমি ছিলাম একা। তবে সামরিক শাসনের প্রচণ্ড ভীতির মধ্যেও এয়ারফোর্সে চাকরিরত আমাদের ফুপাতো ভাই সৈয়দ দাউদ রেজা এবং চাচাতো ভাই রাজারবাগ পুলিশের রেঞ্জ ইন্সপেক্টর সাহাদাত লোহানী মাঝেমধ্যেই বাসায় আসতেন। ছোট ফুপু সালেমা খানম, যাঁর কাছে ও ছোটবেলায় মা মারা যাওয়ার পর থাকত, তিনি এসে সারা দিন থেকে ইফতারের আগে চলে যেতেন। আর ‘দুধকদু’ করে পাঠাতেন, আমি সাগরকে কোলে নিয়ে ঢাকা সেন্ট্রাল জেলে গিয়ে খানিকক্ষণ দেখা হওয়ার আশায় বসে থাকতাম।...অনেকক্ষণ পরে যখন লোহানী আসত, তখন কুশল বিনিময় ও আলাপচারিতা সেরে আবার বাচ্চা কোলে অনিশ্চিতের পথে পা বাড়াতাম। এমনি করে কেটে গেল সাড়ে তিন মাস। লোহানী বেরিয়ে এল। আমাদের বিবাহিত জীবনের ৪৫ বছর চলছে। এই সুদীর্ঘ সময়ে কত যে স্মৃতি মধুময় হয়ে আছে তার ইয়ত্তা নেই। আবার ঝগড়াঝাঁটি বা মনোমালিন্য, তিক্ত স্মৃতি যে নেই, তা বলি কী করে।.... ওর সংসারের প্রতি কোনো দায়িত্ববোধ ছিল না, এ কথা বলে ওকে খাটো করতে চাই না, কারণ কত যে কাজে, সাহসী সিদ্ধান্তে আমিই নয় শুধু, ছেলেমেয়ে—সাগর, বন্যা ও ঊর্মি সবাই কত যে গর্বিত, তাই বোধ হয় অনেক খেদ এতেই ঢেকে দিয়েছে। অন্য যাঁরা শ্রদ্ধেয় মান্যবর ও সমসাময়িক প্রিয়জন কিংবা স্নেহাস্পদ-প্রীতিভাজনেরা হয়তো ওর প্রশংসা করেই লিখবেন। কিন্তু বৈষয়িক জীবনে সে যে আমার কেমন সহযোগী ছিল, তা শুনলে আপনারা তাক লেগে যাবেন। সংসার চালানো; ছেলেমেয়ে লালন-পালন, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন—এমনতর কাজের কৃতিত্ব সম্পূর্ণ আমারই; তবে মাঝেমধ্যে ওর বাজার করার কথা ভুলতে পারি না। সে ক্ষেত্রে তার প্রশংসা না করে পারি না। শিক্ষয়িত্রী নয় স্ত্রী হিসেবে হানড্রেডে হানড্রেড দিতে পারি। ওর সাংগঠনিক ক্ষমতা অসীম। আজ তেমনটা করতে হয় না বটে, কিন্তু যেটুকু করে তার পেছনে অসম্ভব আন্তরিকতা দেখি। ঘটনা বলি—পরিবারের কোনো বিপদের সময় দেখেছি লোহানী নেই। ...সাংবাদিক হিসেবে খ্যাত ছিল হয়তো, তাই রাতের শিফটেই বেশির ভাগ সময় ডিউটি থাকত। তাই রাত সাড়ে তিনটা-চারটার আগে ও ঘরে ফিরত না। ছেলে সাগর আর ছোট মেয়ে ঊর্মি হওয়ার সময় ও ঘরেই ছিল। বড় মেয়ে বন্যা হওয়ার সময় সংবাদ থেকে ডেকে আনতে হয়েছিল। তবে মাঝরাতে পাবে না ভেবে সাবান, পাউডার আরগট মিকচার এগুলো নিয়ে হাজির হয়েছিল ঘরে।...এরপর দায়িত্বহীন বলতে কেমন যেন লাগে। তবু বলব—পরিবারের ব্যাপারে ওর দায়িত্বজ্ঞান সত্যিই কম। তাই মাঝেমধ্যে এমন রাগ লাগত যে মনে হতো, সব ছেড়েছুড়ে দিয়ে যেদিকে মন চায়, চলে যাই। শেষ বিচারে পারিনি। আজও টিকে আছি। কম তো হলো না, ৪৫ বছর। আরও কাটাতে হবে অনেকটা।ও তখন ‘ক্রান্তি’ নামে একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেছে। উদ্বোধনী অনুষ্ঠান করবে পল্টন ময়দানে ১৯৬৭-এর ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি। সেখানে সে আলোর পথযাত্রী নাটিকাটি করেছিল, যতই ওর কাজকর্মের বিরোধী হই না কেন, সাজেশনটা আমিই দিয়েছিলাম। অনেক দিন আগে কলকাতার কমিউনিস্ট পার্টির দৈনিক স্বাধীনতার শারদ সংখ্যায় নাটকটি লিখেছিলেন প্রখ্যাত নাট্যশিক্ষক ও শক্তিধর অভিনেতা জ্ঞানেশ মুখার্জি। কিন্তু ভারতীয় নাটক মঞ্চায়ন করা যাবে না ভেবে, মনে আছে লোহানী ওটাকে ‘পাকিস্তানি’ বানিয়ে নাট্যকারের নামহীনভাবেই চালিয়ে দিয়েছিল। আরামবাগের বাসায় থাকতেই লোহানীরা বুলবুল একাডেমী অব ফাইন আর্টসের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য সফরে ফিরে গিয়েছিল ‘নকসীকাঁথার মাঠ’ নৃত্যনাট্য নিয়ে। সফর যতই সফল হোক একটা বিশাল তিক্ততা নিয়ে সবাই ফিরল ঢাকায়। অভিযোগ বাফার সেক্রেটারির বিরুদ্ধে দুর্ব্যবহার। ক্ষুব্ধ টিমের সবাই। আমার এখানেই সবাই, প্রায় ৪০ জন, জমায়েত হয় প্রতিদিন এবং সবার জবানবন্দি নিয়ে লেখা হচ্ছে এ সংক্রান্ত একটি রিপোর্ট। এরই মধ্যে লোহানী হুকুম করল শেষ দিনে লুচি আর আলুর দম করতে। একবার ভেবেও দেখল না আমার একার পক্ষে এ কাজটি করা সম্ভব কিনা? করে অবশ্য খাইয়েছিলাম।এ ছাড়া রাতবিরোতে ছাত্র ইউনিয়নের ছেলেপুলেরা দল বেঁধে এসে হাজির বাসায়, আমরা ভাত খাব বউদি। এই আবদার তো মেটাতেই হতো। কারণ এদের প্রতি লোহানীর যেমন সমর্থন-সহযোগিতা ছিল, আমারও তেমনি স্নেহ-মমতা ছিল। কারণ কলেজজীবনে আমিও যে ছাত্র ইউনিয়নের কর্মী ছিলাম। ...টঙ্গী শ্রমিক অঞ্চলের কত যে বৈঠক আমার বাসার ভেতরের শান-বাঁধানো বারান্দাটায় বসত, তার ইয়ত্তা নেই। তখন কাজী জাফর ছিলেন টঙ্গীর নেতা। ...একদিন এক ভদ্রলোক এলেন বাসায়, বললেন, ‘আমি “নানা”। তোমার বাসায় এসেছি লোহানীর সঙ্গে আলাপ করতে।’ বসেই ‘নানা’ এমনভাবে কথা বলে ভজিয়ে ফেললেন যে তাকে খাইয়ে শোয়ারও ব্যবস্থা করে দিলাম। দুপুরের বাড়ন্ত বেলায় লোহানী বাসায় ফিরে বিছানায় শোয়া অপরিচিত ভদ্রলোক কে জানতে চাইল। শুনে বিস্মিত হলো। এসব মানুষের তো আগাম খবর না জানিয়ে আসার কথা নয়। তবে কে...। না, ঠিকই আছে। ইনিই নানা—কমরেড দেবেন সিকদার। ভদ্রলোক সেদিন আমার বাসা থেকে বেরিয়ে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। সঙ্গে আমার ছোট ভাই টুনটুনও মার্শাল লতে ধরা পড়ে গেল। অথচ ও ছিল একেবারেই রাজনীতিবিহীন। একবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের বৈঠক চলছে গভীর রাত অবধি। ও তখন সভাপতি। টেলিফোনে খবর জানালাম, ‘ছেলের বুকে প্রচণ্ড ব্যথা। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে রেলিং ধরে দাঁত কড়মড় করছে। তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো।’ জবাব এল ‘জরুরি মিটিং চলছে। আমার আরও খানিকটা দেরি হবে।’ শুনে কেমন মেজাজ খারাপ হয়, বুঝতেই পারছেন।কেমন অদ্ভুত মানুষ, একবার আপনারাই ভাবুন। কলকাতায় বালীগঞ্জ সার্কুলার রোডে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে লোহানী বার্তাপ্রধান হিসেবে কর্মরত। ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করছে। এর কদিন পর ২১ ডিসেম্বর রাতে হঠাৎ আবির্ভূত হয়ে লোহানী আমাদের একেবারেই অনিশ্চিতের পথে ভাসিয়ে দিয়ে জানাল, ‘আমরা ঢাকা যাচ্ছি, যেকোনো সময়। তোমরা স্বাধীন বাংলা বেতারের ওদের সঙ্গে যোগাযোগ করে যা হয় করো।’ তারপর আমাদের অকূলে ভাসিয়ে ট্যাক্সি নিয়ে চলে গেল। ...একবার চিন্তাও করল না, তিন ছেলেমেয়ে ও বৃদ্ধা মাকে নিয়ে কী করব। ও যে কোথায় থাকে, কখন যাবে, ঢাকায় পৌঁছে কী করবে, তাও জানি না কিছুই। মুক্তিযুদ্ধের সময় আমরা যে অবরুদ্ধ বাংলাদেশে রয়ে গেলাম, তারও কোনো খবর নিল না লোহানী। শেষ পর্যন্ত আমার বড় ভাই সৈয়দ মঞ্জুর হোসেন আমাকে আমার ছোট মেয়ে ঊর্মিকে নিয়ে রওনা দিলেন চান্দিনা হয়ে ত্রিপুরা সীমান্তে। ঢাকায় থাকার আর কোনো সুযোগ আমার ছিল না, কারণ আর্মি এসে লোহানীর জন্য আমার স্কুলে হানা দিয়েছিল। হেড মিস্ট্রেস রওশন সালেহা আপা স্কুলে যেতেই আমাকে সরে যেতে বললেন। তারপর আমি আগরতলা দিয়ে ত্রিপুরা বিধানসভার বিরোধীদলীয় প্রধান ও ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নেতা কমরেড নৃপেন চক্রবর্তীর বাড়িতে উঠি এবং তাঁর বড়দা ডা. নন্দগোপাল চক্রবর্তী ও বৌদির দারুণ সমাদরে কদিন কাটিয়ে আ স ম আবদুর রব আর সাংবাদিক অনিলদার সৌজন্যে কলকাতা পৌঁছালাম দমদম বিমানবন্দরে। দেখলাম লোহানী আর স্বাধীন বাংলা বেতারের শরফুজ্জামান দাঁড়িয়ে। মনে হলো লোহানী বোধ হয় দায়িত্বসচেতন হয়েছে। কিন্তু যেদিন ও চলে আসে, সেদিন কী করেছিল, তা তো আগেই বলেছি।দেশমুক্তির পর লোহানী বাংলাদেশ বেতারের দায়িত্ব নিয়েছিল পরিচালকের। সকাল সাড়ে সাতটায় যেত অফিসে, ফিরত রাত ১০টা-১১টায়। একবার ১৯৭৯ সালে ওর দৈনিক বার্তার সম্পাদক হিসেবে রাষ্ট্রপতির এনট্যুরেজের সদস্য হয়ে লুসাকা কমনওয়েলথ হেড অব দি স্টেট কনফারেন্সে যাওয়ার কথা। মিলিটারি সেক্রেটারি ওকে পাজামা-পাঞ্জাবি ছেড়ে স্যুট পরতে বলেন। কামাল লোহানী তো স্যুট পরে না কোনো দিন। সে অস্বীকৃতি জানায়। বাগিবতণ্ডা হয় দুজনে। শেষ পর্যন্ত লোহানী যায়নি বিদেশে। নিজের গর্বের পরিচ্ছদ নিয়ে আপস করেনি। দেখেছিলাম সত্যনিষ্ঠ গৌরবদীপ্ত পুরুষের চেহারা। কী অবিচল তার সিদ্ধান্ত। নিজস্ব পোশাক না পরে বিদেশ যাবে না। যেন কসম খেয়ে বসেছে, এমনকি টেলিফোন পর্যন্ত খুলে রেখেছিল যেন কেউ যোগাযাগ করতে না পারে। ...এ সময় ওর দৃঢ়তা দেখে আমি মুগ্ধ হয়েছি। স্বাধীন সত্তার প্রতি তার কী অগাধ আকাঙ্ক্ষা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে সে আর ফেডারেল ইউনিয়নের সভাপতি নির্মল সেনের বাকশালে যোগ না দেওয়ার সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছিল। তখন শেখ মুজিবুর রহমানের প্রতি অটল বিশ্বাস ও আস্থা। তিনি বাকশাল করেছেন। কিন্তু তাঁর এ সিদ্ধান্ত ওঁরা ইউনিয়নিস্ট হিসেবে মেনে নেননি। বানের জলের মতো সবাই গিয়ে যোগ দিচ্ছে বাকশালে। একই বিপরীত স্রোতের দুজন অনন্ত বলিষ্ঠতায় হাল ধরেছিলেন। এ জন্য শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। আবার যখন আত্মসম্মানবোধের প্রশ্ন দেখা দিয়েছে, তখন লোহানীই সংস্কৃতি প্রতিমন্ত্রীর মুখের ওপর বলতে পেরেছিল ‘আগে আমি কামাল লোহানী। পরে মহাপরিচালক, শিল্পকলা একাডেমী।’ এমন মনুষ্য মর্যাদাবোধ কজনের মধ্যেই বা দেখা যায়!কিংবা দৈনিক বার্তার সম্পাদক হয়েও তিনি যখন রুখে দাঁড়ান মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে, তখনো তাঁকে মানুষ হিসেবে অকুতোভয় দেখেছি। এ আমার, আমাদের গৌরব। জানি না, অন্যের এতে গর্ব হয় কি না। যে সময় পার্টির (মানে কমিউনিস্ট পার্টি) মেম্বারশিপ পাওয়া কঠিন সাধনা, আদর্শিক নিষ্ঠার ব্যাপার ছিল। চাইলেই যেমন কাজের মাধ্যমে সততা, একাগ্রতা ও বিশ্বাসযোগ্যতার প্রমাণ রাখতে হতো বছরের পর বছর। যদি কেউ সদস্যপত্র পেতেনও কাউকে বলা যেত না। এমনকি স্ত্রীকেও নয়। ওর স্ত্রী হয়েও আমি দীর্ঘদিন জানতাম না। এই পবিত্র গোপনীয়তা মেনে চলা হতো এবং ঢাক পিটিয়ে মেম্বারশিপ দেওয়া হতো না।কমিউনিস্ট আন্দোলন আন্তর্জাতিকভাবে বিভক্ত হয়ে যাওয়ায় ওকে কাঁদতেও দেখেছি। লোহানী প্রাণবন্ত পুরুষ, দৃঢ়চেতা। ও জীবনে পার্টি আদর্শকেই মেনে চলে এখনো। কিন্তু বিভক্ত পার্টির কারও সদস্যপদ তিনি নেননি। কলেজজীবনে মার্ক্সবাদের যে বীজ বপন করেছিল হূদয়ে, আজও তাতেই জল দিচ্ছেন। সত্তরের তুঙ্গ অবস্থা থেকে কমিউনিস্ট পার্টির শক্তি ও জনগ্রাহ্যতা কেন এত কমে গেল, এই চিন্তা প্রায়ই উতলা করে তোলে তাঁকে। এমনকি বৈপরীত্যে তৈরি মানুষ কামাল লোহানী। বলিষ্ঠ রাজনৈতিক সচেতনতা দিয়ে সবকিছু বিচার করে একক সিদ্ধান্তে লোহানী শিরদাঁড়া খাড়া করে দাঁড়িয়েছেন প্রতিটি প্রতিকূল স্রোতে। এখানে প্রচণ্ড সতর্ক সচেতন দায়িত্বজ্ঞানসম্পন্ন মানুষ তিনি। তাই আমার ব্যক্তিজীবনে যে ঘাটতির কথা আগে বলেছি, তা পূরণ হয়ে গেছে এই গৌরবে। আর এই চৈতন্যে যদি দুজনই পরস্পরের সম্পূরক না হতে পারতাম, তবে কি ৪৫টি কঠিন বছর পেরিয়ে আসা সম্ভব হতো? কলেজের সেই যৌবনদীপ্ত প্রাণে দুজনা যে মিলেছিলাম, নানা উত্থান-পতনের মধ্যে সেই মেলবন্ধন আজ দুর্ভেদ্য দুর্গের মতো। তুমি থেকো, আমিও আছি।