>তিনজনই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দীর্ঘদিন শিক্ষকতা করছেন। তাঁদের অজস্র শিক্ষার্থী দেশ–বিদেশে রেখেছেন সাফল্যের সাক্ষর। তাঁরা বলেছেন প্রিয় ছাত্রছাত্রীদের নিয়ে। লিখেছেন, কীভাবে শিক্ষকের চোখে শিক্ষার্থীরা প্রিয় হয়ে ওঠে

প্রায় ৪২ বছর শিক্ষকতা করে এ বছরের ৩০ জুন থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেছি। আগে ভাবতাম, একবার অবসরে গেলে লেখালেখি করে, বই পড়ে, গান শুনে, ঘুরে বেড়িয়ে এবং আড্ডা মেরে দিন কাটাব। কিন্তু স্বর্গে গেলেও ঢেঁকির ভাগ্যে যে ধান ভানায় ইতি পড়ে না, তা তো দেখাই যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স পড়াচ্ছি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছি।
পেছন ফিরে তাকালে খুব অবাক লাগে—এত জায়গায় পড়িয়েছি! ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয় কলেজের কোনোটাতে এক বা দুই সেমিস্টার, কোনোটাতে বিশেষ কোনো বিষয়। পড়াতে হয়েছে অনুরোধের ঢেঁকি গিলে (আবারও ঢেঁকি!), কিন্তু পড়িয়ে আনন্দ পেয়েছি। থিয়েটার স্কুলে পড়িয়েছি অনেক বছর, ছায়ানটে এক-দুইবার। ইংরেজির পাশাপাশি নাটক ও সংস্কৃতিবিদ্যা, ব্যবসায় যোগাযোগ, গবেষণা-পদ্ধতি ও পাবলিক স্পিকিং এবং নন্দনতত্ত্ব। বিজেএমইএর ফ্যাশন টেকনোলজি ইনস্টিটিউটে ফ্যাশন-নন্দনতত্ত্ব পড়িয়েছি ৩-৪ সেমিস্টার।
হিসাব করলে দেখা যাবে বাংলাদেশে এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে আমার কয়েক হাজার ছাত্রছাত্রী। তাদের সঙ্গে যখনই দেখা হয়, একটা আত্মীয়তার টান অনুভব করি। তাদের সাফল্যের গল্প আনন্দ দেয়, অসফলতার গল্প মনকে বিষাদিত করে। জীবনটাই যে একটা যোগ-বিয়োগের গল্প, সেটি তো জানি, কিন্তু বিয়োগের কিছু ঘটলে মনটা তা মানতে অস্বীকার করে।

আমার ছাত্রছাত্রীদের সঙ্গে নানান জায়গায় দেখা হয়। নিউইয়র্কের এক শিল্প জাদুঘরের এক কর্মকর্তা আমাকে দেখে এগিয়ে এলেন, বললেন, ‘স্যার, আমি আপনার ছাত্র ছিলাম।’ কোথায়? না, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে তাদের ক্লাসে তিনটি বক্তৃতা দিয়েছিলাম শেক্সপিয়ারের ওপর। তাতেই সে আমার ছাত্র হয়ে গেছে। শেক্সপিয়ারকে ধন্যবাদ। তিনি একজন সুন্দর মানুষের সঙ্গে সারা জীবনের জন্য একটা প্রীতির বন্ধনে আমাকে জড়িয়ে দিয়েছেন।
বিমানে চট্টগ্রামে নেমেছি, আমাকে আন্তরিকভাবে সালাম জানালেন বিমানবাহিনীর এক ঊর্ধ্বতন কর্তা। বললেন, ‘স্যার, আপনি আমাকে পড়িয়েছেন ডিফেন্স স্টাফ কলেজে।’ অবশ্যই, ওই কলেজে একটা কোর্স পড়িয়েছি একটানা পাঁচ বছর। কলকাতার এক রাস্তায় দাঁড়িয়ে নিশ্চিন্ত মনে ভেলপুরি খাচ্ছি, ৭-৮ বছরের একটি ছেলের হাত ধরে ভারিক্কি চালের একটি মেয়ে এসে একগাল হেসে বলল, ‘স্যার, কবে এলেন?’ মেয়েটি ইডেন কলেজে পড়ত, যেখানে অনুরুদ্ধ হয়ে পড়িয়েছি ২-৩ বছর—সপ্তাহে এক দিন করে। মেয়েটি কলকাতায় থাকে এখন। সে অস্থির হয়ে পড়ল আমাকে তাঁর বাড়ি নিয়ে যেতে। অনেক বলেকয়ে নিস্তার পেলাম। আমার ছাত্র আছে ফিলিস্তিনে, নেপালে, ভারতে আর তুরস্কে। ফেসবুকের আবির্ভাবের পর অনেকেই যোগাযোগ রাখছে। আমি ফেসবুকে যাই মাঝেমধ্যে, তারা থাকে সব সময়।
ফেসবুকে আমার ‘বন্ধু’সংখ্যা নিশ্চয় হাজারের ওপর। তাদের বেশির ভাগের সঙ্গে শ্রেণিকক্ষে আমার দেখা।
শিক্ষকতার এই এক বিস্ময়, আনন্দ আর তৃপ্তি। অসংখ্য জীবনের সঙ্গে জড়িয়ে পড়া যায়, অনেক স্বপ্নকে স্পর্শ করা যায়, অনেক স্বপ্নহীন চোখ স্বপ্নে ভরে দেওয়া যায়। কলেজের পাট চুকিয়ে যখন উচ্চশিক্ষার গণ্ডিতে পা রাখে তরুণেরা, পৃথিবীটা নানা রূপ নিয়ে দেখা দেয় তাদের কাছে—কখনো কঠিন, কখনো কোমল, কখনো রংধনুর সব রঙে রাঙানো, কখনো স্লেটপাথরের মতো ধূসর, কালো। কোনটা প্রকৃত আর কোনটা অপ্রকৃত পৃথিবী, সব সময় তাদের পক্ষে জানা সম্ভব হয় না। ওই তরুণেরা যাতে ভুল না করে, রং ভেবে ধূসরতাকে গায়ে না মাখে, সে জন্য চাই একটুখানি দিকনিশানা। সেটি একজন শিক্ষক দিতে পারেন। যিনি ক্রমাগত তা দিতে পারেন, তাঁকে তারা মনে রাখে।
আমার সৌভাগ্য সে রকম শিক্ষক আমি সারা জীবন পেয়েছি।
এই যে হাজার হাজার শিক্ষার্থীকে আমি পড়িয়েছি, তাদের মধ্যে অনেকেই খুব বিখ্যাত হয়েছে। শিক্ষা-গবেষণায়, সরকারি-করপোরেট চাকরিতে, মঞ্চ, টেলিভিশন এবং সিনেমায় (হ্যাঁ, সিনেমাতেও), পুলিশে-মিলিটারিতে, মিডিয়াতে কোথায় তারা নেই। একনামে চেনে সে রকম ব্যক্তিত্ব তাদের অনেকেই। কেউ গান গেয়ে বিখ্যাত হয়েছে। বিতর্কে আগুন ঝরিয়েছে, এমনকি রাজনীতিতে উঁচু আসনে রয়েছে। তাদের সবার ভেতর একটা ইচ্ছা এবং প্রতীক্ষা ছিল অভিন্ন: ‘একটা লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে।’ আমার এক ছাত্র টেলিভিশনে ইংরেজি খবর পড়ে বিখ্যাত হলো, সে খবর পড়ার আগে ফোন করে অনেক সময় নিশ্চিন্ত হতো, তাঁর কোনো একটি উচ্চারণ সঠিক কি না। এদের একাগ্রতা ছিল, এরা সবাই পরিশ্রমী। এরা সবাই স্বপ্নকে একটা প্রজাপতির মতো হাওয়ায় ভাসিয়ে তার পেছনে ছুটে গেছে।
আমার খুব গর্ব হয়, আমার সেই প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য, যারা এক একটা পর্বত ডিঙিয়ে জীবনের পথে চলেছে এবং সফল হয়েছে। আমার অনেক ছাত্রছাত্রী এসেছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে; দারিদ্র্য, অপুষ্টির সঙ্গে যুদ্ধ করতে করতে। যেদিন তারা পাস করে বেরোয়, বিসিএস পরীক্ষায় কৃতকার্য হয়, কোনো ভালো চাকরি পায়, চোখে-মুখে হাসি নিয়ে সামনে এসে দাঁড়ায়। কেউ কেউ পা ছুঁয়ে সালাম করে। তখন মনে হয় স্বপ্ন অবশ্যই বাস্তব হয়, যদি সেটি জীবনের পাথরে ঘষে একটা ফুলকির মতো ফোটানো যায়। সেই চেষ্টাতে কষ্ট আছে, কিন্তু শেষ হাসিটা দেওয়ার আনন্দ এবং তৃপ্তিও আছে।
লেখক: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়