গাছের চারা নিয়ে বিদ্যালয়ে যেতে হবে। প্রধান শিক্ষিকার নির্দেশমতো আমি একটি টেম্পো ভাড়া করলাম। সব চারাগাছ টেম্পোতে ঢোকানোর পর সামনে আমি বসলাম আর প্রধান শিক্ষিকা বসলেন পেছনে। আমরা একসময় মেইন রোড থেকে স্কুলে যাওয়ার রাস্তায় ঢুকে পড়লাম। কিন্তু হঠাৎ মনে পড়ল রাস্তা পাকা করার কাজ চলছে। ড্রাইভারকে বললাম টেম্পো ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে। মাটির রাস্তা বৃষ্টির পানিতে কাদায় একাকার। মনে হচ্ছিল যেন টেম্পোটি উল্টে যাবে। হঠাৎ বুঝলাম সর্বোচ্চ গতি দেওয়া সত্ত্বেও টেম্পো আর চলে না। বুঝলাম কাদার মধ্যে টেম্পোর চাকা আটকে গেছে। ততক্ষণে আমরা স্কুলের অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। টেম্পো ড্রাইভার আর আমি দুজনে মিলে অনেক ধাক্কাধাক্কি করলাম। ফলাফল শূন্য। হঠাৎ আমার স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্র, নাম রূপক, সে আমাদের দেখেই সালাম দিয়ে বলল, ‘স্যার-ম্যাডাম, আফনেরা উবান, আমি যাইমু আর আইমু।’ আমরা কিছু বুঝে উঠতে পারছি না, কী করব! হঠাৎ শুনি একদল ছোট ছেলে-পুলের চিৎকার, মিছিলের মতো আওয়াজ। একটু পরেই ২৫-৩০ জন ছাত্র হাজির হয়ে গেল মহা আনন্দের সঙ্গে আমাদের উদ্ধারে। মনে হচ্ছিল যেন একটি উৎসব। তারা সবাই গাছের চারাগুলো টেম্পো থেকে নামাল! ফলে এক ধাক্কায় টেম্পো কাদা-পানি থেকে উঠে গেল শুকনো জায়গায়। তারপর সবাই মিলে স্কুলে পৌঁছালাম রীতিমতো আনন্দ মিছিল করে, মাত্র দুই মিনিটের মধ্যে। আমাদের প্রতি ছাত্রদের এই দরদ দেখে আমার সেদিন চোখে পানি এসে গিয়েছিল। আমি গর্বিত একজন শিক্ষক হয়ে। আমি গর্বিত আমার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আবাসিক এলাকা, শ্রীমঙ্গল।