>পেশাগত, শিক্ষাগত বা অন্য কোনো কারণে যাঁরা মায়ের কাছ থেকে দূরে থাকেন তাঁদের জন্যই ছিল মা দিবসের এ আয়োজন। অধুনায় ছাপা কুপনে মাকে নিয়ে পাঁচটি পঙ্ক্তি লিখতে বলা হয়েছিল সন্তানকে। সারা দেশ থেকে অসংখ্য সন্তান অংশ নিয়েছেন এই আয়োজনে। তাঁদের মধ্য থেকে লটারি করে বিজয়ী হয়েছেন ১২ জন। মা দিবসে সেই সন্তানদের পক্ষ থেকে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার বন্ধুরা গিয়েছেন তাঁদের মায়ের কাছে। ফুল, মিষ্টি, শাড়ি আর নানা ধরনের উপহারের সঙ্গে নিয়ে গেছেন মাকে উদ্দেশ করে লেখা সন্তানের সেই ভালোবাসার পঙ্ক্তিমালা। মায়েদের জন্য এটা ছিল বিস্ময়। সেই ১২ মায়ের এবং সন্তানদের অনুভূতি নিয়েই এ আয়োজন।

এক হাতে বাঁধাই করা ফ্রেমে ছেলের লেখা, আরেক হাতে ফুলের তোড়া আর উপহার। চোখে জল, তা অবশ্য আনন্দেরই। গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ বালুয়া গ্রামের মা বেলি বেগমকে চোখে পড়ল এভাবেই। মা দিবসে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে ছেলের পক্ষ থেকে।
গাইবান্ধা বন্ধুসভার চুনি ইসলাম, নাহিদ হাসান, রানা, চাপাদহ বালুয়া গ্রামের স্কুলশিক্ষক আনোয়ার হোসেনসহ আমরা গিয়েছিলাম বেলি বেগমের বাড়িতে। বেলি বেগম বললেন, ‘ছেলের ভালোবাসার কথা জেনে ও প্রথম আলোর উপহার পেয়ে খুশি। ভাষায় প্রকাশ করতে পারছি না। সব সন্তান মাকে ভালোবাসে জানতাম। কিন্তু আমার ছেলে আমাকে এত ভালোবাসে প্রথম আলোর কারণেই তা বুঝলাম।’ বারবার ছেলের হাতের লেখা দেখছেন, পড়ছেন—আনন্দের জল তাঁর চোখের কোণে। মুখে বললেন, ‘অনেকে বলে বিয়ের পর ছেলেরা বদলে যায়। কিন্তু আমার ছেলে অন্য রকম। সে চাকরির কারণে বাইরে থাকে। কিন্তু সব সময় ফোনে আমার খোঁজখবর নেয়। পৃথিবীর সব সন্তান যেন আমার ছেলের মতো তাদের মাকে ভালোবাসে।’
এদিকে মায়ের সামনে থেকে ফোন করা হলো ছেলে আবদুল হাইকে। ছেলে বলেন, ‘আমাদের অভাবের সংসার। একটি ঘরে সবার থাকার জায়গা হয়নি। অনাহার-অর্ধাহারে দিন কাটত। কিন্তু মা আমাদের অভাব বুঝতে দেননি। নিজে উপোস থেকে আমাদের মুখে ভাত তুলে দিয়েছেন।’ তাই হয়তো অধুনার কুপনে হাই লিখেছেন, ‘মা আমার জান, মা আমার প্রাণ, মা তোমার মুখ যেন পূর্ণিমার আলো...।’