আমার জন্মদিন, নানাভাইয়ের জন্মদিন

পৃথিবীর কোনো কোনো দেশের মানুষ নাকি ২৯ ফেব্রুয়ারিকে ‘আনলাকি’ মনে করে। আবার কোনো কোনো দেশের মানুষ দিনটিকে সৌভাগ্যের মনে করে। আমার কাছে অবশ্য দিনটি সৌভাগ্যের। চার বছর পরপর জন্মদিন উদ্যাপনের আনন্দটা অন্য রকম। ২০ বছরে জন্মদিন এসেছে ৫ বার। আমার কাছে এর চেয়ে ভালো লাগা আর কী হতে পারে। এখন বরং মনে হয় প্রতিবছর জন্মদিন না হয়ে চার বছর পরপর হলেই বেশি আনন্দের।
তবে ছোটবেলায় জানতাম আমার জন্মতারিখ ২৮ ফেব্রুয়ারি। জন্মনিবন্ধনেও তা-ই ছিল! ২৮ ফেব্রুয়ারিই জন্মদিন উদ্যাপন করা হতো। যখন আমার বয়স ছয় বছর, কিছুটা বুঝতে শিখেছি, তখন জানতে পারলাম আমি ‘লিপ ইয়ার বেবি’। আম্মুর মুখ থেকে এটা জানতে পেরে খুব কষ্ট পেয়েছিলাম। অনেক কান্না করেছি এই ভেবে যে সবার প্রতিবছর জন্মদিন আসে, আমারটা কেন চার বছর পর আসবে! কিন্তু তখনো বুঝতে পারিনি চার বছর পর জন্মদিন ফিরে আসার মধ্যে কতটা আনন্দ। সেই আনন্দের শুরুটা আট বছর বয়সে। সে বছর আমার দ্বিতীয় জন্মদিন ছিল!
কেন এত ভালো লেগেছিল, কেন এত আনন্দময় হয়েছিল? বেশ ঘটা করে আয়োজনের কারণে। আব্বু-আম্মু তাঁদের কথামতো বড় আয়োজন করলেন। আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া হলো। আমন্ত্রিত অতিথিদের সামনে কেক আনা হলো। আমি দাঁড়ালাম কেক কাটতে। আমার ডান পাশে নানাভাইয়া আর বাঁয়ে আব্বু-আম্মু! কেক বাক্স থেকে বের করার সঙ্গে সঙ্গেই আমার চোখ আটকে যায় কেকের ওপরের লেখায়। দেখলাম, আমার নামের পাশে আমার নানাভাইয়ের নাম। তারপর আব্বু আমাকে বুঝিয়ে বললেন, আজকে তোমার নানাভাইয়েরও জন্মদিন।
এরপর থেকেই জন্মদিনের প্রতি আমার নতুন করে ভালো লাগার সৃষ্টি হয়। দুজনের জন্মদিন একই দিনে হবে—এটা আমি কল্পনাও করতে পারিনি। অনেক খুশি হয়েছিলাম সেদিন। সে বছর দুজনের জন্মদিন উদ্যাপন করা হয়েছিল। তারপর থেকে আর একসঙ্গে জন্মদিন উদ্যাপন করার সৌভাগ্য হয়নি। তার তিন বছর পরই নানাভাইয়া না-ফেরার দেশে চলে যান। খুব মনে পড়ে সেই দিনটির কথা।
নানাভাইয়ের কারণেই জন্মদিন নিয়ে আমার এত আগ্রহ-উদ্দীপনা।