আমার টোকাই

আমি তখন চিত্রকলার ওপর পড়াশোনা শেষে দেশে ফিরেছি। সেটা ১৯৭৬ সালের শেষ দিকের কথা। দেশে ফিরে শুনলাম, ঢাকা আর্ট স্কুলের আমার চাকরিটা চলে গেছে। রাজনৈতিক পালাবদলে দেশ সে সময় টালমাটাল। সরকারি সিদ্ধান্তে বেআইনিভাবে আমার পদে অন্যজনকে নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি চলে যাওয়ায় বেশ একটা হোঁচট খেলাম। তখন আর্থিক সংকটে পড়ে যাই। নানা কাজে জড়িয়ে পড়ি। বই প্রচ্ছদ, লেখালেখি থেকে শুরু করে পণ্যের বিজ্ঞাপন তৈরি—এ রকম অনেক কাজই করেছি।
বিদেশে পড়তে যাওয়ার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম, আর কার্টুন আঁকব না। যেহেতু পড়াশোনা করতে যাচ্ছি পেইন্টিংয়ে, তাই ভেবেছি, এটাতেই বেশি সময় দেব। কিন্তু সে সিদ্ধান্ত বদল করতে হলো দেশে ফেরার পর দৈনিক বাংলার আহমেদ হুমায়ূন ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক শাহাদাত চৌধুরীর জন্য। তাঁরা কার্টুন আঁকার জন্য বারবার তাগাদা দিতে লাগলেন। সময়ের পরিপ্রেক্ষিতে আমিও রাজি হয়ে গেলাম। তখন পত্রিকা দুটোয় নিয়মিত আঁকতে শুরু করলাম।
১৯৭৭ সালে সাপ্তাহিক বিচিত্রার বর্ষপূর্তি সংখ্যা বের হবে বিশেষ কলেবরে। সে সংখ্যার জন্য সম্পাদক শাহাদাত চৌধুরী আমাকে নতুন কিছু করার জন্য ভাবতে বললেন। সমাজ-সংসারের নানা বিষয় নিয়ে, স্ট্রিপ কার্টুনের ভাবনা নিয়ে তাঁর সঙ্গে আমার কথা হয়েছিল তারও বছর দশেক আগে। শাহাদাত চৌধুরী সেই কথাও মনে করিয়ে দিলেন। শাহাদাত চৌধুরী আমার ঘনিষ্ঠ বন্ধু। ছোটবেলার বন্ধু।
সে সময় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক—নানা ক্ষেত্রে টানাপোড়েন চলছিল। সে চিন্তা মাথায় রেখেই কিছু করতে চেয়েছিলাম, যাতে মজা করার মধ্যে দিয়ে কিছু বলা যায় আর সমস্যাগুলো প্রতিফলিত হবে মাঝপথ দিয়ে। আমি স্ট্রিপ কার্টুন করার চিন্তা নিয়েই সামনে এগোলাম। তখন কার্টুনের চরিত্র নিয়ে ভাবতে শুরু করি। স্ট্রিপ কার্টুনে যেহেতু বারবার একই চেহারা রাখতে হবে, তাই সহজ করে আঁকতে চেষ্টা করলাম। চরিত্রটি কী হবে? শিশু, যুবক নাকি বৃদ্ধ। আমি নিজে নিজে নানা চরিত্র আঁকতে থাকি, চরিত্রগুলো নিয়ে ভাবতে থাকি। তবে শিশু চরিত্রটি আমার মনে ধরে। ৮ থেকে ১০ বছরের শিশুকে বেছে নিলাম। নির্মল চেহারার একটি ছেলে, পেটটা ফোলা—দেখলে মনে হয় অপুষ্টিতে ভুগছে। তাদের আবাস আমাদের চারপাশে। আস্তাকুঁড়ের কাছাকাছি কিংবা ফুটপাতে। পোশাক ঠিক করা হলো লুঙ্গি। কিন্তু কার্টুনের নাম কী হবে?
নতুন শিশু জন্মের পর যেমন নাম নিয়ে সবাই ভাবতে থাকে, আমিও সে রকম ভাবতে থাকি কার্টুনের নাম নিয়ে। টোকন, টোকা মিয়া, টোকাইনা—এ রকম অনেক নাম মাথায় আসে। প্রায় ২০টি নাম খাতায় লিখি। কিন্তু সব নাম ছাপিয়ে ‘ট’-বর্গের নামগুলোর বাইরে আমার চোখ সরাতে পারিনি। শেষ অবধি একটি নাম ঠিক হলো—‘টোকাইনা’। কিন্তু সে নামও আমার চাওয়ার সঙ্গে মিলছে না। তখন আচমকা ‘টোকাইনা’ শব্দটি থেকে ‘না’ শব্দটি বাদ দিলাম। দেখি বেশ ভালো লাগছে। শ্রুতিমধুরও বটে। আমার স্ত্রীকে নামটা বললাম। সেও পছন্দ করল। তার পর থেকেই টোকাই।
প্রথম যে টোকাই এঁকেছিলাম, তা আমলাতন্ত্রকে মাথায় নিয়ে। সে সময় আমলাতন্ত্র প্রকট আকার ধারণ করেছিল। প্রথম কার্টুনের গল্প অনেকটা এ রকম ছিল—টোকাই দেয়ালে ঠেস দিয়ে ইটের ওপর বসানো তক্তায় বসে আছে আর একটা লোক ওকে প্রশ্ন করছে, ‘তুই এখানে কী করছিস?’ টোকাই উত্তরে বলেছিল, ‘বড় সাহেব বড় সাহেব, খেলছি।’
প্রথম সংখ্যা থেকেই সাড়া পড়ে গেল। পাঠকের অসংখ্য চিঠি চলে এল। টোকাই নিয়ে অনেকের শুভেচ্ছা, ভালো লাগা, ভাবনা বা অনুরোধ আসতে থাকল। বিভিন্ন সংখ্যায় পাঠকের চাওয়ার প্রতিফলন রেখেছিলাম টোকাইতে, যাতে পাঠককে সম্পৃক্ত করা যায়।
অনেকে বলে, একটি ছোট শিশু কীভাবে সমাজ-সংসারের বিষয়গুলো নিয়ে কথা বলবে! আসলে টোকাইয়ের বিশেষত্ব এখানেই। কারণ, প্রতিটি শিশু তার চোখে, তার মতো করে সমাজকে দেখে। আর আমার টোকাই ছোট মুখে অনেক বড় কথা বলে, কখনো জ্ঞানীদের মতো কথা বলে। মশা-মাছি থেকে সবার সঙ্গেই ওর কথা হয়। আমার টোকাই কাগজের টোকাই। অনেকে টোকাইকে নেতিবাচক অর্থে ব্যবহার করে। কেউ যখন বলে, ‘এই বেটা টোকাই!’, তখন ব্যাপারটা খারাপ লাগে। সে তো কারও ক্ষতি করছে না, তার চরিত্রে দুষ্টুমির লেশমাত্র নেই।
কয়েক বছর ধরে টোকাই আঁকছি না। অনেকে জানতে চায়, কেন আঁকছি না। এই না আঁকার পেছনে একটা কারণ নিশ্চয় আছে। আরও খোলাসা করে বললে, একটা চাপা ক্ষোভ নিশ্চয় আছে। তবে সেই ক্ষোভের মাত্রা অনেকটাই ম্লান হয়, যখন আমার বর্তমান কাজের মূল্যায়ন দেখি। আমি এখন পেইন্টিংয়ে অনেক বেশি সময় দিতে পারছি। আগে তো টোকাই সব সময় মাথার মধ্যে থাকত। টোকাইয়ের নতুন বিষয় নিয়ে ভাবতাম। এখন যে নেই, এমনটা নয়। এখনো সমাজ-সংসারের নানা দিক টোকাই সৃষ্টিতে ভাবায়। পথ চলতে অসংগতি দেখলে বা মনে দাগ কাটলে টোকাইকে মনে পড়ে। নতুনভাবে টোকাই করারও ইচ্ছা আছে। তবে সেটা কোনো পত্রিকায় প্রকাশের জন্য নয়। বই আকারে প্রকাশ করতে চাই।
(অনুলিখিত)