‘ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার-ওপার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।’ নচিকেতার এই গানের বাস্তব দৃশ্য আমাদের সমাজে হরহামেশাই দেখা মেলে। যে মা-বাবা তাঁদের সর্বস্ব দিয়ে সন্তানদের একটু একটু করে বড় করে তোলেন, মানুষের মতো মানুষ করার চেষ্টায় সারা দিন-রাত কাটিয়ে দেন, সেই মা-বাবাকে কোনো কোনো সন্তান বোঝা মনে করে। কখনো বৃদ্ধাশ্রমই হয়ে ওঠে কারও কারও আপন ঠিকানা। বৃদ্ধাশ্রমে একটি আসন জুটিয়ে দিয়ে সন্তানের দায়িত্ব যেন শেষ! কিন্তু বৃদ্ধাশ্রমে কোনো মতে টেনে টেনে দিন কাটানো মা কিংবা বাবার কি কোনো অধিকারই নেই তাঁর সন্তানের কাছে? সন্তান চাইলেই কি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে মা-বাবাকে?
আইন কী বলে?
পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ নামের একটি আইন রয়েছে দেশে। এই আইন অনুযায়ী বৃদ্ধ ও কর্মহীন বাবা-মা তাঁর সন্তানের কাছ থেকে অধিকার আদায় করতে পারেন। এই আইনে প্রত্যেক কর্মক্ষম সন্তানকে তার মা-বাবার ভরণ-পোষণের নিশ্চয়তা দিতে হবে বলে বাধ্যবাধকতা নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতা-মাতার একই সঙ্গে বসবাস নিশ্চিত করতে হবে। কোনো সন্তান তার পিতা বা মাতাকে বা উভয়কে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধনিবাস কিংবা অন্য কোথাও একত্রে বা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করবে না। পিতা-মাতা স্বেচ্ছায় অন্যত্র বাস করলে সন্তানদের তাঁদের মাসিক বা বার্ষিক আয়ের যুক্তিসংগত অর্থ নিয়মিত প্রদান করতে হবে। এই আইন অনুযায়ী প্রত্যেক সন্তান তার পিতা ও মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার বাধ্যবাধকতা আছে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করার বিধান আছে। পিতা বা মাতা কিংবা উভয়ে সন্তানের কাছ থেকে পৃথকভাবে বসবাস করলে প্রত্যেক সন্তানকে নিয়মিতভাবে বাবা-মায়ের সঙ্গে দেখা-সাক্ষাৎ করারও বাধ্যবাধকতা রয়েছে।
পিতা-মাতাকে ভরণ-পোষণ প্রদান না করলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। বলা হয়েছে, কোনো সন্তান বাবা-মাকে ভরণ-পোষণ না করলে বা এই আইনের বিধান লঙ্ঘন করলে অনূর্ধ্ব ১ লাখÿটাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। উক্ত অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবে।
কীভাবে আইনের আশ্রয় নিতে হবে
কোনো বৃদ্ধ বাবা, মা কিংবা উভয়ে সন্তানেরা যদি ভরণ-পোষণ না করে, আইন অনুযায়ী সেবা-যত্ন ও দেখা-সাক্ষাৎ না করে, তাহলে চাইলেই এই আইনের আশ্রয় নিতে পারেন। যদি বাবা বা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় কিংবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, তাহলেও এই আইনের আশ্রয় নিতে পারেন। বাবা বা মা কিংবা উভয়ে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে লিখিত আবেদন দাখিল করতে পারেন। আবেদন পাওয়ার পর বিচারক অভিযোগ আমলে নেবেন এবং প্রথমে আপস-মীমাংসার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবেন। বিচারক অভিযোগটি আপস-নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর বা অন্য যেকোনো উপযুক্ত ব্যক্তির কাছে প্রেরণ করতে পারেন। আপস-নিষ্পত্তির জন্য আদালত বিষয়টি প্রেরণ করলে সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেয়র, মেম্বার বা কাউন্সিলর বাবা-মা এবং সন্তানদের শুনানির সুযোগ প্রদান ও নিষ্পত্তি করবেন। এভাবে নিষ্পত্তি হলে সেটি উপযুক্ত আদালত কর্তৃক নিষ্পত্তিকৃত বলেই গণ্য হবে। আর যদি নিষ্পত্তি না হয়, তাহলে বিচারক বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি প্রদান করতে পারেন।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট