আমার দিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই তো গেলাম, যখন দিদি আর কথা বলবেন না—আকর্ণ বিস্তৃত হাসি হেসে দরজা থেকে হাত ধরে টেনে তাঁর বিছানায় বসাবেন না। দিদি আর কোনো দিন বলবেন না, ‘ফেরদৌসী, কদ্দিন পরে এলে বলো তো? কী খাবে বলো। সঞ্চিতাকে (বড় ছেলে বাপুনের স্ত্রী) বলি লুচি বা আলুর দম করে দিতে। আমি তো জানি এগুলো খেতে কী ভালোবাসো তুমি!’ আমার আপ্যায়নে দিদির সে কী আকুলতা, অস্থিরতা! কোথায় গেল সে অস্থিরতা, ব্যস্ততা? অবধারিত মৃত্যু স্থির, নিথর, নীরব, অসাড়, অচল করে দিয়ে গেল আমার দিদিকে।কত দিন ভেবেছি, একটু অবসর হয়ে বেশি সময় নিয়ে দিদির সঙ্গে সুখ-দুঃখের আলাপ করব। অল্প কথা বলে হাসিঠাট্টা করে আশা মিটবে না বলে দিদির সঙ্গে ফোনেও সব সময় কথা বলতাম না। যখন বলতাম—লম্বা কথা হতো। দেখা-সাক্ষাৎ আলাপ-আলোচনায় লম্বা বিরতি পড়ে গেলে দিদিই আমাকে ফোন করতেন—কী মিষ্টি করে বলতেন ‘তুমি কেমন আছ ফেরদৌসী? কত দিন তোমাকে দেখি না!’ আমিও তাঁর কুশল, এটা-সেটা জেনে সংক্ষেপে কথা সেরে দিদির কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে বলতাম, ‘দিদি তোমাকে পরে করি? অনেকক্ষণ কথা বলব, হাতে সময় নিয়ে।’ কিন্তু দিদিই তো আমায় সময় দিলেন না, আর দেবেনও না। বলতেন, ‘আমার তো অফুরন্ত সময়, একা একা এ সময় আর কাটতে চায় না, তুমি তোমার সুবিধামতো সময়ে আমাকে ফোন কোরো।’ হলো না, তড়িঘড়ি করে আমার দিদি চলে গেলেন না ফেরার দেশে। দিদির প্রাণহীন দেহটা শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছিল (৩ মে, ২০১১) বেলা ১২টার দিকে। গালে হাত নিয়ে দেখি, কী ঠান্ডা, হিমশীতল!ইলাদি আমার প্রাণের মানুষ ছিলেন। অত ভালো মানুষ আমি কমই দেখেছি। বড় কাছ থেকে দেখেছি তো। সত্যি বড় সুন্দর করে নরম করে, নিরুত্তাপ কণ্ঠে কড়া কথাটাও মিষ্টি করে বলতে পারতেন। আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ২০ বছর তাঁর সঙ্গে কাজ করেছি। অত অত লোকের মধ্যে বন্ধু হিসেবে নিখাদ ভালো মানুষটিকে বেছে নিতে আমার ভুল হয়নি। ছোট্ট মানুষটা, কিন্তু মনটা অনেক বড়। কী চমৎকার ভাষা ছিল তাঁর। একবার এক অভিভাবক দিদিকে বললেন, ‘আমার ছেলেকে এত কম নম্বর দিলেন কেন আপনি?’ দিদি ঠোঁটের কোণে শ্লেষের হাসি টেনে বললেন, ‘কত দেব? আপনি বলে দিন।’দিদি পাখির ভীরু ছানার মতো ছিলেন। অনেক ব্যাপারেই আমাকে বলতেন, ‘ফেরদৌসী, তুমি আমাকে সাহস দাও।’ আমার ওপর বড্ড নির্ভর করতেন। সাংসারিক, পারিবারিক—যেকোনো সমস্যায় আমার পরামর্শ বিনা বাক্যব্যয়ে মেনে নিতেন। নিজে যে কম বুঝতেন, তা কিন্তু নয়। অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন দৃঢ়চেতা মানুষ ছিলেন। আসলে খুবই স্বামী সোহাগী ছিলেন তো। দাদাবাবু, প্রখ্যাত সংগীতজ্ঞ বারীন মজুমদার তাঁকে বড় অসহায় ও একা করে দিয়ে চলে গেলেন। দাদাবাবু দিদির ঠিক উল্টো ছিলেন, ততখানি সাহসী এবং স্পষ্টভাষী ছিলেন। এমনি একজন আগলে রাখার মানুষ প্রয়াত হওয়ার পর দিদি যেন মুখ থুুবড়ে পড়ে গেলেন। এ সময় আমি তাঁর পাশে গিয়ে দাঁড়ালাম, নানা কথা বলে নিষ্ঠুর বাস্তবতাকে সহজভাবে নিতে সাহায্য করতাম, সাহস জোগাতাম, এটা-সেটা বলে হাসাতাম। আমার কথায় হাসতে হাসতে বলতেন, ‘ইস্ ফেরদৌসী, তুমি পারও বটে! কত দিন পর মন খুলে হাসলাম বলো।’লিটল ফ্লাওয়ারে দিদির পরে আমি ঢুকেছিলাম। অনেকেই ভাবতেন দিদি আমার আত্মীয়। ত্রপাকে বেশ কয়েকজন জিজ্ঞাসাও করেছে বাপ্পা মজুমদার ওর ভাই কিনা। আসলে নামের শেষে মজুমদারটাই মানুষকে বিভ্রান্ত করে। দিদি তো আমার আত্মার আত্মীয় ছিলেন সন্দেহ নেই। দিদির সঙ্গে আমার পরিচয় পর্বটা বড় মধুর। কত বছর আগের কথা! স্কুলের প্রথম দিকে, স্কুলে কী যেন একটা অনুষ্ঠান হচ্ছিল। অনেক ছাত্র-শিক্ষকের মধ্যে হঠাৎ আমার চোখে পড়ল ছোটখাটো একটা মানুষ, পরিষ্কার শাড়ি পরা, ঝকঝকে গোল মিষ্টি উজ্জ্বল একটা প্রশান্ত মুখ, চেহারাটার মধ্যেই একটা আভিজাত্যের ছাপ ছিল, নতুন যে কাউকেই ওই মুখ একবার আকর্ষণ করবেই। আমি কী যেন করছিলাম আর বারবার তাঁর দিকে তাকাচ্ছিলাম। আমি তখন তাঁকে চিনতাম না। জানতাম না তিনি অত বড় মানুষের অত গুণী স্ত্রী। দেখলাম, মহিলাটির যেন শীত-শীত করছিল। তা না হলে খুব ভালো করে শাড়ির আঁচল দিয়ে শরীরটাকে আবৃত করে অমন করে দাঁড়িয়ে থাকবেন কেন? তখন শীত যাই-যাই করছিল। আমার গায়ে পাতলা একটা তসরের চাদর ছিল। প্রথম দেখাতেই আমার এত ভালো লাগল এবং শ্রদ্ধা জাগল যে আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ‘আপনার ঠান্ডা লাগছে? আমার কিন্তু লাগছে না।’ বলে আমার চাদরটা তাঁর গায়ে লেপ্টে দিলাম। একটু মিষ্টি করে অপ্রস্তুতের হাসি হাসলেন কিন্তু কোন আপত্তি করলেন না। আর সেই থেকেই দিদি এবং তার পরিবারের সঙ্গে ওই চাদরের মতোই আষ্টেপৃষ্ঠে লেপ্টে রইলাম আমি। শুরু হলো তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা, আলাপ-পরিচয়, তাঁর স্নেহ-ভালোবাসা পাওয়া, তাঁদের বাড়ি যাওয়া, ওখানেই তাঁর অসামান্য ব্যক্তিত্বসম্পন্ন স্বামী বারীন মজুমদারের সঙ্গে পরিচয়। দেখলাম অত্যন্ত সভ্যভব্য মা-ভক্ত, বাবা-বাধ্য দুই ছেলে পার্থ মজুমদার ও বাপ্পা মজুমদারকে। বাপ্পা তখনো এখনকার বাপ্পা মজুমদার হয়ে ওঠেনি। আর বাপুন (পার্থ), দিদির বড় ছেলে, ভারি সুন্দর একটা ছেলে, শান্ত-সৌম্য, মার বড় ন্যাওটা। আসলে দুই ছেলেই মাকে বড় ভালোবাসত। দেখেছি তো, দিদির অসুখ-বিসুখে কেমন অস্থির হয়ে যেত ওরা। তখন ওরা থাকত কাকরাইলে একটা তেতলা ফ্ল্যাটে। সিঁড়িটা খুব খাড়া ছিল, লিফট ছিল না। সে অবস্থায় দিদির শরীর খারাপ হলে দিদিকে ওরা অনায়াসে কোলে তুলে তরতর করে সিঁড়ি ভেঙে নিচে চলে যেত। সেদিন ওই দৃশ্য দেখে দিদির সন্তানভাগ্য আঁচ করে বড় শান্তি হয়েছিল আমার। কিন্তু প্রকৃতির নিয়মে মানুষের সারাটা জীবন এক রকম যায় না। দিদির বেলাতেও এর ব্যত্যয় ঘটেনি। দাদাবাবু দিদিকে ছেড়ে পরপারে চলে গেলেন। জগৎসংসারের নানা ঘটনা থেকে আমি বুঝেছি, স্বামী চলে গেলে স্ত্রীরা বন্ধুবিহীন, একা, নিঃস্ব এবং বড় অসহায় হয়ে পড়ে। দাদাবাবুর প্রয়াণে দিদির বিপর্যয় শুরু হলো। এ সময়ে আমি যত দূর পেরেছি দিদির পাশে থেকে, তাঁর সুখ-দুঃখের কথা শুনে তাঁকে প্রবোধ দেওয়ার, শান্তি দেওয়ার চেষ্টা করেছি। সব কথা, সব সমস্যার কথা দিদি আমায় বলতেন। বড় বিশ্বাস করতেন আমাকে, আমিও তাঁর বিশ্বাস কখনো ভঙ্গ করিনি। পৃথিবীতে অনেক রকম সম্পর্ক আছে। প্রতিটি সম্পর্ক থেকে প্রতিটি ভিন্ন। আমার উপলব্ধিতে বলে, মা-বাবা, ভাইবোন, স্বামী-স্ত্রী, যত সম্পর্কই থাকুক, একটা লোকের একটা বন্ধু থাকা অপরিহার্য। বন্ধুর মতো বন্ধু, যথার্থ অর্থে বন্ধু, যার কাছে সব কথা বলা যায়, যেগুলো অন্যকে বলা যায় না। আমি আর দিদি তেমনি দুই বন্ধু ছিলাম, দিদি যে আমাকে কত সুখ-দুঃখের কথা বলেছেন! কত জীবনদর্শনের কথা বলেছেন! এসব বলে আমরা দুজনই সুখ-দুঃখ পেয়েছি এবং একমতে, এক প্রশান্তিতে পৌঁছেছি। সেসব কথা আমার মধ্যেই থাক, দিদি যখন নেই দিদির কথাগুলো আমারই জানা থাকুক! ‘দম্ভ’ শব্দটা দিদির অভিধানে ছিল না। অথচ মহাগুণের অধিকারী ছিলেন তিনি। বারীন মজুমদারের যোগ্য শিষ্য, যোগ্য স্ত্রী ছিলেন। টেলিভিশনে কি কঠিন কঠিন ধ্রুপদি সংগীত তিনি পরিবেশন করতেন, আমরা দেখেছি। ছেলেদের ব্যাপারে যথার্থ মায়ের মতোই দুর্বল ছিলেন। এ কথা সত্যি শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অশান্তি অনেক বেশি বেদনাদায়ক। মানুষকে একেবারে ক্লান্ত-শ্রান্ত করে ছেড়ে দেয়। দিদি মুখ ফুটে কিছু বলতেন না কিন্তু মাঝেমধ্যে মুখ থেকে কিছু কথা, কিছু অভিযোগ বেরিয়ে যেত, যা থেকে বুঝতাম কোনো কোনো ক্ষেত্রে তাঁর ন্যায্য পাওনাটা তিনি পাননি। ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলেন। পরিশেষে সইতে না পেরে নানা ব্যাধিতে আক্রান্ত হলেন। আমি বিশ্বাস করি, মন খুলে নিজেকে প্রকাশ করতে পারলে অনেকটা হালকা এবং ভালো থাকা যায়। দিদির ইনসমনিয়া ছিল। একা একা রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে না জানি কত কথা ভেবে কত কষ্ট পেয়েছেন। দীর্ঘশ্বাস ফেলেছেন! কত চোখের জল গড়িয়েছে!মানুষটার দুঃখই ছিল বেশি। তরতাজা সন্তান হারানোর বেদনা তাঁকে সব সময় ব্যথিত করে রাখত। দিদির মেয়ে ‘মিতু’ বেঁচে থাকলে এত দিনে ৪৬-৪৭ বছরের হতো। ১৯৭১ সালে ওপারে যাওয়ার সময় কারও একজনের হাত থেকে ছুটে গিয়েছিল, আর পাওয়া যায়নি মেয়েটাকে। কী মর্মান্তিক এক করুণ অধ্যায়! মানুষ তো সহজে আশা ছাড়ে না, দিদিও স্বাধীনতার পরও বহু বছর বহুদিন নানাভাবে, নানাজনের নানা কথায় সারা রাত মেয়ের প্রতীক্ষা করেছেন, কিন্তু পাননি।এমনি আরও কত বেদনাময় মুহূর্ত তাঁর গেছে যে শুধু আমি আর দিদিই জানতাম। সেগুলো আজ আর বলব না। দিদিকে আমি যখনই বলতাম, ‘আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। আমার আর কিছু চাওয়া-পাওয়ার নেই। দিদি রাগ করে বলতেন, ‘খবরদার অমন কথা বলবে না। আমাকে পার করে তারপর অন্য কথা। আমার আগে তুমি কিছুতেই যেতে পারো না।’ তাই তো হলো, দিদি। দিদি শান্তিতে থাকুক, দিদির মতো ভালো মানুষটা ভালো থাকুক, তাঁর আত্মা শান্তি পাক—মন থেকে এই কামনা করি।