আমার দুই আম্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদজননী জাহানারা ইমাম
শহীদজননী জাহানারা ইমাম

আমরা সাত ভাই, তিন বোন। গর্ভধারিণীকে ‘আম্মা’ সম্বোধন করাটাই আমাদের পরিবারের চল।
১৯৯২ সালের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আর পেশাদারি সাংবাদিকতা করি। অধুনালুপ্ত সাপ্তাহিক প্রিয় প্রজন্মর রিপোর্টার তখন আমি। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশে আন্দোলন তখন তুঙ্গে। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন শহীদজননী জাহানারা ইমাম। তিনিই দাবিটির পক্ষে সারা দেশে অভূতপূর্ব নবজাগরণ সৃষ্টি করেছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে প্রাণোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ রুমীর মা তিনি।
’৯২ সালের ২৬ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নজিরবিহীন গণ-আদালতে যুদ্ধাপরাধীদের শিরোমণি গোলাম আযমের প্রতীকী বিচার হলো। এরপর জাহানারা ইমামের আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ল সারা দেশে। সেই উত্তুঙ্গ সময়ে অকল্পনীয় এক কাজের প্রস্তাব আসে আমার কাছে।
যতদূর মনে পড়ে, বর্তমানে আমেরিকাপ্রবাসী সাংবাদিক আমান-উদ্-দৌলার মাধ্যমে জাহানারা ইমামের ব্যক্তিগত সহযোগী হওয়ার জন্য প্রিয় প্রজন্ম থেকে একজন তরুণ ‘বিশ্বস্ত’ সাংবাদিক চাওয়া হয়। কাজটির জন্য আমার আগ্রহ আছে কি না, জানতে চাওয়া হয়। এটা ছিল আমার জন্য কল্পনাতীত এক প্রস্তাব। বিস্ময়াভিভূত হলাম আমি। স্বাভাবিকভাবেই আগ্রহ প্রকাশ করলাম।

আমার মা বেগম ফজিলাতুন্নেচ্ছা
আমার মা বেগম ফজিলাতুন্নেচ্ছা

গণ-আদালতের কয়েক দিন পরেই এক সকালে তৎকালীন এলিফ্যান্ট রোডে (বর্তমানে শহীদজননী জাহানারা ইমাম সড়ক) তাঁর বাসা ‘কণিকা’য় গেলাম। তিনি আমাকে নিয়োজিত করার সিদ্ধান্ত নিলেন। কাজ মূলত তাঁর বাসায় বসে করতে হতো প্রতিদিন সকাল থেকে রাত অবধি। মাঝেমধ্যে লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির কাজ দেখিয়ে দিতেন।
কাজের জন্য যখন আমাকেই নিযুক্ত করলেন, তখন আমায় কী বলে ডাকবেন, তা নিয়ে ভাবলেন জাহানারা ইমাম। কেননা, আমাকে সবাই ‘মাণিক’ নামে ডাকে, এটা জানার পর তিনি বলেছিলেন, তাঁর বাসায় ইতিমধ্যেই একজন ‘মানিক’ আছেন। বিড়ম্বনা এড়াতে আমার নামের প্রথম অংশ ‘জুলফিকার’ থেকে তিনি শুধু ‘জুলফি’ বেছে নিলেন। জাহানারা ইমামের কাছে আমি হয়ে গেলাম জুলফি।
কিন্তু আমি তাঁকে কী বলে সম্বোধন করব? তিনি তো সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতীকী জননী, সবাই তাঁকে ‘আম্মা’ বলে ডাকেন। গর্ভধারিণীকেই কেবল ‘আম্মা’ বলে ডাকি আমি, সেখানে উনাকে কী করে ডাকব? তবে, ইতস্তত ভাবটা মোটেই স্থায়ী হলো না, জাহানারা ইমাম গর্ভধারিণী মায়ের মতোই আমাকে স্নেহ, মমতা, শাসন, আদেশ, উপদেশ দিয়ে আপন করে নিলেন এমনভাবে, যেন আমিও তাঁর সন্তান। আমি অবলীলায় জাহানারা ইমামকে আম্মা বলে ডাকতে শুরু করে দিলাম।
পাঠক, মূলত যে ভাবনা থেকে এই লেখাটি তা হলো, আমি আজ অবধি দুজন মানুষকেই ‘আম্মা’ হিসেবে সম্বোধন করেছি, একজন আমার গর্ভধারিণী মা বেগম ফজিলাতুন্নেছা, আরেকজন মহীয়সী জাহানারা ইমাম। আর কাকতালীয়ভাবে তাঁদের দুজনেরই জন্মদিন একই দিনে—৩ মে। অর্থাৎ আজকের দিনটি। আজ আমার দুই আম্মার মধ্যে জাহানারা ইমামের ৮৫তম আর বেগম ফজিলাতুন্নেছার ৭৮তম জন্মবার্ষিকী।
কোটি মানুষের মতো জাহানারা ইমামের খুব কাছ থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার যে শিক্ষা, সাহস আর অনুপ্রেরণা আমি পেয়েছি, তার প্রাথমিক ভিতটা আমাদের ভাইবোনদের মধ্যে গড়ে দিয়েছেন আমার গর্ভধারিণী আম্মা। আব্বা এ এম আতাউল হক একাত্তরে মুক্তিযুদ্ধে যাওয়ার পর আমাদের ছোট ভাইবোনদের নিরাপদে রাখার সংগ্রাম শুরু হয় আম্মার। যুদ্ধের পর বাংলাদেশ নৌবাহিনী গড়ার ব্যস্ততার মধ্যেই ১৯৭৭ সালে দেহত্যাগ করেন আব্বা। তারপর নিজের সব শখ-ইচ্ছা, ভালো লাগা, মন্দ লাগা বিসর্জন দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে তোলার ক্লান্তিহীন সংগ্রাম করেন আম্মা। শেখান, কীভাবে নিজের মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসতে হয়।
আজ জন্মদিনে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা।
জন্মদিনের শুভেচ্ছা আমার দুই আম্মাকে।
লেখক: সাংবাদিক