ফজল মিয়া। বিখ্যাত ফলবিক্রেতা। টাইম নাই ম্যাগাজিনের চোখে ২০১৫ সালের প্রভাবশালী ফলবিক্রেতার তালিকায় তিনি ছিলেন সবার ওপরে। তার দোকানের প্রতিটি ফলই হয় কেমিক্যালে ভরপুর। ফলে মানুষ ১০০ দিনের পুরোনো ফলও খায় একদম তাজা মনে করে। ২০১৫ সালে ক্যালিফোর্নিয়া এগ্রিকালচারাল ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তব্য দেন তিনি।

বন্ধুরা, প্রথমত ধন্যবাদ জানাই আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সমাবর্তন বক্তাদের কাছে সবাই ‘সফল হওয়ার সহজ উপায়’ জাতীয় বক্তব্য আশা করে। কিন্তু তার বদলে আমি আজ বলব ‘স্বফল হওয়ার সহজ উপায়’। মানুষ আজ মহাকাশে বিচরণ করছে। চাঁদে গেছে, কদিন পর সূর্যেও যাবে। তবে আমি মহাকাশবিদ নই, আমি ফলবিক্রেতা। মঙ্গলে পর্যাপ্ত পানি আছে কি না, তা ভেবে আমার কাজ নেই। আমার দোকানের ফল তাজা রাখতে বিশেষ পানিতে চোবানো হয়েছে কি না, সেটাই জরুরি।
অনেকের মতো আমিও শৈশব-কৈশোরে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি। মনে পড়ে, ছেলেবেলায় আমাদের বাড়ির পাশে একটা ফজলি আমের গাছ ছিল। সে গাছের আম ছিল ভারি সুস্বাদু। দেখতেও ছিল টসটসে। কিন্তু গাছ থেকে চুরি করে আম পাড়তে না পাড়তেই সেগুলো যেত পচে। আর আমার কোমল হৃদয় হতো ক্ষতবিক্ষত। স্বপ্ন দেখতাম, এই আমকে চিরযৌবনা রাখার কৌশল আবিষ্কার করতে হবে আমাকে।
ছোটবেলার সেই ভাবনা আমাকে প্রতিনিয়ত তাড়া করে ফিরত। কী করে আম বা যেকোনো ফল চিরযৌবনা থাকবে, এই ভাবনায় আমার মাথার চুলও অকালে পাকতে শুরু করল। তারপরও আমি থেমে থাকিনি। এর মধ্যেই একটি ফলের দোকানের গর্বিত মালিক হয়ে গেলাম। কিন্তু সেখানেও ফিরে এল ছেলেবেলার কষ্ট! ফল কিনে দোকানে আনতে না আনতেই পচে যেতে লাগল দিনের পর দিন। আমার স্বপ্ন যেন এবার আরও বেগবান হলো। যে করেই হোক লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবেই।
অবশেষে একদিন স্বপ্নে পেয়ে গেলাম সেই অমৃতের খোঁজ। যার মধ্যে চুবিয়ে রাখলে ফল হবে চিরযৌবনা। তোমরা জানো, পাছে লোকে কিছু বলে। এই সমাজে ভদ্র মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় অনেকে। তারা বলতে লাগল, আমার স্বপ্নে পাওয়া অমৃত দ্রবণটি আসলে কার্বাইড। কিন্তু আমি সেসব গায়ে মাখিনি। আমি বরং ফলেই মেখে গেছি অমৃত দ্রবণ। এতে করে আমার দোকানের ফল হয়েছে আরও টসটসে, আরও আকর্ষণীয়। মানুষ আমার দোকান থেকে ফল কিনে নিয়ে খাবে না শোকেসে সাজিয়ে রাখবে, এটা নিয়েই শুরু হলো দ্বিধাদ্বন্দ্ব। এমনও হয়েছে, দাদা হয়তো ফল কিনে রেখেছিলেন, সেই ফলটি আজও ঐতিহ্যের স্মারণ হিসেবে টিকে আছে নাতির ঘরে। এখানেই আমি স্বফল। আমি সুন্দর ও স্থায়িত্বকে এক সুতায় গাঁথতে পেরেছি।
যা-ই হোক, এত কিছুর পরও অনেক বাধা এসেছে। কতবার যে ভ্রাম্যমাণ আদালত হানা দিয়েছে আমার দোকানে, তার হিসাব নেই! আমি সেসব পেছনে ফেলে সামনে তাকিয়েছি। আমি জানতাম, স্বফল হতে হলে কী করতে হয়। তাই আজ এই মহতী আয়োজনে আমি বলতে পারি, পরিশ্রম নয়, কৌশলই সৌভাগ্যের প্রসূতি।
আরেকটা কথা মনে রাখা জরুরি, সুন্দরের পেছনে ছোট, স্বফল তুমি হবেই। ভুলে গেলে চলবে না, মানুষ সৌন্দর্যপিপাসু। মানুষ সুন্দর ভালোবাসে, যা কিছু সুন্দর তা-ই সত্যি। তোমাদের সবার জীবন সুন্দর ফলের মতো হোক।
ফ্রুটফুল ডটকম অবলম্বনে দুঃস্বপ্ন নিয়ে প্রতিবেদক