আমাদের বাড়ির পাশেই নদী। ইছামতী নদী। আমি যখন ছোট তখন এ নদীতে বাবাও সঁাতরাতে ভয় পেতেন। এপার থেকে ওপার যেতে ভয় পেতেন। নদীর এপারেই দাউদপুর বাজার।
বাবার ছিল মুদি দোকান। খেয়া নৌকায় পার হয়ে দোকানে যেতেন বাবা। মাঝেমধ্যে আমি তাঁর সঙ্গে যেতাম। নৌকায় চড়ার পরই বাবা বলতেন, ‘সাবধান! মাঝখানে বসে থাক। কি ভীষণ কাটালরে বাবা!’
বাবা নদীর স্রোতকে বলতেন কাটাল। অবশ্য আমাদের গ্রামের সবাই বলত কাটাল।
আমাদের গ্রামের নাম কান্দাবারিল্যা। পুরো গ্রামটাই নদী-েঘঁষা। আমাদের উঠান থেকে পালের নৌকার পাল দেখা যেত। এখন আর পালের নৌকা নেই। নদীতে কাটাল নেই। শুধু বর্ষার মৌসুমে আমাদের ইছামতী দিয়ে ইঞ্জিনচালিত নৌকা চলে।
অনেক দিন পরে ঢাকা শহর থেকে বাড়িতে গেছি। বিকেলে নদীর পারে বসতেই আমার এসব স্মৃতি হানা দিচ্ছে। নদীতে এখন হঁাটু পানি। ময়লা দুর্গন্ধযুক্ত পানি। এখন এখানে কেউ সঁাতার কাটে না। কেউ মাছ ধরে না। মাছ ধরবে কীভাবে। কোনো কাটাল নেই পানিতে।
বাবা মারা গেছেন অনেক দিন। বাবার চেহারা আমার চোখে ভাসছে। হঠাৎ পেছনে কারও পায়ের শব্দ পেলাম। মনে হচ্ছে বাবা। বাবা মারা গেছেন ১৩ বছর আগে। মনে হচ্ছে, তিনি আমার পেছনে। আমার ঘুরে দেখতে ইচ্ছে করল না। আমি পেছনে ঘুরে তাকালাম না। তাকালেই তো আমার ভাবনা মিথ্যে হয়ে যাবে।
‘চল, আজ তোকে সঁাতার শেখাই।’ বাবা কথা বলে উঠলেন। হ্যাঁ, বাবাই তো। (আমি ফিরে গেলাম আমার শৈশবে। বাবা আমাকে সঁাতার শেখাচ্ছেন। তাঁর দুই হাতের ওপর আমার পেট। আমি দুই পা দুই হাতে দাপাদাপি করছি। বাবার চোখে মুখে পানি ছিটে যাচ্ছে।
হঠাৎ সাইকেলের টিং টিং শব্দ।
‘অ্যাই, কে রে এখানে? প্রদীপ নাকি। কখন এলে ঢাকা থেকে?’
আমি ঘুরে দঁাড়াই। বাবা নেই। আউয়াল স্যার।
‘ভালো আছিস?’
‘জ্বি স্যার ভালো। আপনি ভালো আছেন?’
‘এখানে বসে বসে কী করছিস?’
‘নদী দেখছি স্যার।’
‘কী বলিস। নদী কোথায়? নদী কী আর নদী আছে!’
স্যারের কথা শুনে খুব কষ্ট হয় আমার। স্যার এমন করে না বললেও পারতেন। স্যারের জন্যই যেন বাবা আমার সামনে থেকে নাই হয়ে গেলেন।
নদীর বুকে হাটুপানি। কচুরিপানা। পানায় ফুল ফুটেছে। একটি ফড়িং এসে বসল সে ফুলে। আমি তাকিয়ে আছি সেদিকে।