আমার নদী দুধকুমার
১৯৭১ সাল। শহরের অবস্থা ভালো না। বাবা সবাইকে নিয়ে উঠলেন শহর থেকে তিন কিলোমিটার দূরের ঢডোগাছ গ্রামে। পরদিন সকালে বাতেন ভাইয়ের সঙ্গে হাঁটাপথে রওনা দিই পাটেশ্বরীর পথে। ছোট বাসুরিয়া ঘাট দিয়ে ধরলা নদী পার হয়ে যখন গন্তব্যে এসে স্থিত হই, তখন রাত প্রায় ১০টা। একটানা হাঁটার ক্লান্তিতে শরীর প্রায় অচল। বাড়িতে কোনো কুয়া বা চাপকল নেই। পানির উর্যাস বলতে আছে এক নদী। সকালে ঘুম ভাঙার পর হাত-মুখ ধুতে ছুটতে হয় অনতিদূরে নদীর পাড়ে। সকালের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে হাজির হই নদীর ঘাটে। ঘাটের কাছে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে উপভোগ করতে থাকি নদী ও তার চারপাশের অপার সৌন্দর্য। যত দূর চোখ যায়, দেখা যায় মৃদু কাঁপন তোলা ঢেউয়ের নাচন আর দুই ধারের সাদা কাশফুল। প্রবহমান জলের ধারা নূপুরের ধ্বনি তুলে ধেয়ে চলছে ভাটির দিকে। এই বিপুল জলরাশির গন্তব্য ব্রহ্মপুত্র পর্যন্ত। এ নদীর জন্ম সিকিম রাজ্যে। তারপর রায়ডাক নাম নিয়ে ভারতে কিছুটা পথ চলার পর, কোনো এক দিগিবজয়ী রাজকুমারের মতো ছুটতে ছুটতে কুড়িগ্রাম জেলার পাটেশ্বরী উপজেলার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কথিত আছে যে দুধের মতো ধবল জলরাশির কারণে নাকি এ জলধারার নাম রাখা হয়েছে ‘দুধকুমার’। সকালে তখন সূর্য তার বিছানা ছেড়ে উঠি উঠি করছে। মানুষের সঙ্গে দুধকুমার নদের পানি পান করতে এসেছে গরু, মহিষ আর ছাগলের পাল। পাখিরাও এসেছে দলে দলে। স্বচ্ছ জলের প্রবহমান ধারায় শুধু হাত-মুখ ধুয়ে তৃপ্ত হতে না পেরে উচ্ছ্বসিত হয়েই নেমে পড়ি নদে। দুধকুমারে ঢেউয়ের সঙ্গে ছুটে চলে শুশুকের দল। আকারে ছোট হলেও এ নদের তেজ কম না। স্রোতের ক্রোধে ধুমধড়াম করে ভেঙে পড়ে কাশফুলে ছাওয়া পাড়। দুরন্ত কৈশোরে তা নিয়েই আমাদের উর্যাসব আর দাপাদাপি। গোসলের সঙ্গেই চলে নদের নিসর্গের আকণ্ঠ সুধা পান। কখনো টিপটিপ বৃষ্টিতে, কখনো কালো মেঘের নিচে, কখনো রুদ্র রোদের তলে দুধকুমারের সঙ্গে একাত্ম হয় চঞ্চল মন। দুধকুমার এখনো আমার জীবনে সেরা নদী হয়েই বেঁচে আছে। খুব জানতে ইচ্ছে করে এখনো কি আগের মতোই আছে আমার সেই দুধকুমার নদ?