জিমি, সানি, বিন্দু ওদের সবারই একটি ছোট্ট বোন রয়েছে। ওরা যখন খায়, ঘুমায়, পড়তে বসে বোনটি ছায়ার মতো ওদের সঙ্গে লেপ্টে থাকে। খেলনা আর চকলেটে ভাগ বসায় মারামারিও হয়। বোনটি গালফুলিয়ে কাঁদে। যখন ওরা খেলার মাঠে আসে বোনটিও গুটি গুটি পায়ে হাত ধরে চলে আসে। আর হিংসেয় আমার ভেতরটা জ্বলে। আমার কেন ছোট বোন নেই? বাবার কাছে আমার রোজকার আবদার, আজ অফিস থেকে ফেরার পথে দোকান থেকে আমার জন্য ছোট্ট একটি বোন কিনে আনতে হবে। বাবা মুচকি হেসে বেরিয়ে যান, আবার মুচকি হাসি নিয়েই ঘরে ফেরেন। আমার জন্য বোন আনেন না। সেদিন কী একটা ব্যাপারে অভিমান করে অনেক কেঁদেছিলাম, হয়তো বাবার মন গলেছিল। অফিস থেকে ফেরার পথে আমার জন্য বড় সাইজের একটি মেয়ে পুতুল নিয়ে এলেন। ‘এই হচ্ছে তোমার ছোট্ট বোন।’ আমার মনে আর আনন্দ ধরে না। পুতুলটিকে কোলে নিয়ে সারা বাড়িময় ঘুরে বেড়ালাম। কিন্তু ও এমন কেন? নড়ে না, চড়ে না, আর ওর শরীরটাই যেন কেমন শক্ত, খসখসে। বাবা বললেন, ছোট্ট বেলায় তো সবাই এমনই থাকে। ওকে ঠিকমতো খাওয়াও পড়াও, যখন সে বড় হবে, অন্যদের মতো হয়ে যাবে। বাবার কথামতো আমি ওর অনেক যত্ন নেই। খেতে, বসতে, শুতে সব সময় ওকে পাশে রাখি। আমার চকলেট আর দুধভাতের ভাগ দিই ওকে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে চাদর সরিয়ে দেখি ও কাঁদছে নাতো? ওকে মশা কামড়াচ্ছে নাতো? আমি ওর নাম দিই শান্তা। অপেক্ষায় থাকি ও কবে বড় হবে, হাসবে, কথা বলবে। জিমি সানিদের মতো আমার হাত ধরে খেলার মাঠে এসে দাঁড়াবে। একদিন বাবার কাছে অনুযোগ করেই বসলাম, ‘ও বড় হচ্ছে না কেন?’ বাবা পাল্টা অনুযোগের স্বরে বললেন নিশ্চয় তুমি ওকে ঠিকমতো খাওয়াও না তাই বড় হচ্ছে না। আমি আদর যত্ন আরও বাড়িয়ে দিই। কমাস পর সুমন ভাইয়ের বাসায় বেড়াতে গিয়ে আলমারীর ভেতর ঠিক একই রকম একটি পুতুল আবিষ্কার করি। সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে জানলাম এটা স্রেফ পুতুলই, আর কিছু না। বাবার উপর ভীষণ রাগ হলো। সবাই মিলে কী বোকাটাই না বানিয়েছে আমাকে। আস্তে আস্তে পেরিয়ে যায় অনেকগুলো বছর। সেই ছোট্ট বেলার পুতুলটি খেলনার ট্রাঙ্কে করে স্টোরে ঠাই নিয়েছে। কিন্তু শান্তা নামের ছোট্ট বোনটি হূদয়াসনে ছিল সবসময়। একসময় কর্মসূত্রে চট্টগ্রাম চলে আসি। একদিন খেয়াল ছলে হিন্দুদের এক উৎসব অনুষ্ঠানে ঢুকে পড়ি। সেখানে ছোট্ট একটি মেয়েকে দেখে অবাক হয়ে যাই। পরনে জিন্সের প্যান্ট আর ফতুয়া। মায়াভরা দুটি চোখ, মাথার দুপাশে লম্বা চুলে দুটি জুটি বাঁধা। চমকে উঠি। আমার ছোট্ট বেলার পুতুল বোনটি খেয়ে পড়ে বড় হলে ঠিক এরকম হতো। ধীরে ধীরে ওর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। তারপর অনেক মান অভিমানকে কেন্দ্র করে ও আমার আরও বেশি আপন হয়ে যায়। কবে যে ও শান্তার আসন দখল করে নিল টেরই পাইনি। সবাই জানতো ও আমার আপন ছোট বোন শান্তা। একসময় ঢাকায় চলে আসি। পেরিয়ে যায় কয়েকটি বছর। কিন্তু ফোনে ওর সঙ্গে আমার সবসময় যোগাযোগ ছিল। হঠাৎ খবর এলো ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আমি চলে আসার সময় ওর বাবাকে বলে এসেছিলাম ওকে যেন লেখাপড়া করায়। ওর বাবা রাজাও ছিলেন। তবে হঠাৎ এই তড়িঘড়ি আয়োজন কেন? পাড়ার পরিচিতজনদের কাছে খবর নিলাম, একেক জন একেক কথা বললো। কে একজন বললো, ‘মেয়েটা একটু বখে যাচ্ছিল, এজন্যই হয়তো...। আমি ওকে ছোট বেলা থেকেই চিনি। ওই পারার মধ্যে ওই সবচেয়ে ভদ্র আর লাজুক মেয়ে। ওর তো বখে যাওয়ার কথা নয়। বিয়ের দুদিন আগে ও ফোন করল। আমি উত্তেজিত হয়ে পড়লাম। ওর নামে নানান রটনার কৈফিয়ৎ চাইলাম। ও বিরক্ত হয়ে ফোন রেখে দিল। বাড়ি ফিরে স্টোরের তালা ভাঙ্গি। বহু বছরের জঞ্জাল সব এলোমেলো করতে থাকি। আরশোলা, মাকড়সা, শুয়োপোকা সব হন্তদন্ত হয়ে ছুটে পালায়। টিকটিকিটা ছুটে পালাবার সময় অনেক জঞ্জালের নিচ থেকে ছোট্ট বেলার খেলার ট্রাঙ্কটা বের করে আনি। সাত রাজার ধন নয়, সাত আসমানের তারা নয়, এর ভেতর ঘুমিয়ে আছে আমার অনেক আদরের ছোট্ট বোন শান্তা। আরশোলা ওর চুল কেটে নিয়েছে, মাকড়সা ওর সারা শরীরে জাল বুনে রেখেছে, ধূলো আস্তরণে বিবর্ণ হয়ে আছে ও। তাতে কী? সাবান পানিতে ভিজিয়ে ব্রাশ আর শ্যাম্পু ডলে ওকে আবার আনকোরা করে তুলি। তারপর চুল আঁচড়ে নতুন জামা পরিয়ে সযত্নে বসিয়ে দেই আমার পড়ার টেবিলের মাঝখানে। হঠাৎ মনে হলো পুতুলের চোখ দুটো কেমন পিটপিট করে উঠল। ছোট দুটোও কেমন যেন নড়ে উঠল একটু। যেন কোমল কণ্ঠে ডেকে উঠল ‘ভাইয়া’। জামান আহমেদ [email protected]