আমার পেশা, আমার স্বপ্ন
‘অমলকান্তি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষক হতে চায়নি। হতে চেয়েছিল রোদ্দুর। কবিতার সেই অমলকান্তির মতো আমাদের কি আর রোদ্দুর হওয়ার উপায় আছে রে!’ এই বলে আরিফকে থামিয়ে দিলেন মারুফ। শেষ বিকেলের রোদ্দুর তখন ঝিকিমিকি খেলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ চত্বরে।মারুফ, আরিফ, রুপু, মৌসুমীদের রোজ বিকেলের আড্ডাস্থল এই সবুজ চত্বর। ওদের প্রায় সবাই তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ছাত্রজীবনের এ সময়টায় এসে সবাই নিজের ক্যারিয়ার ও পেশা নিয়েই ভাবছেন। সেদিনের আড্ডার মূল বিষয়ও ছিল কিছুটা সে রকমই। আরিফ পড়ছেন বুয়েটে। ছোটবেলায় ‘আমার জীবনের লক্ষ্য’ রচনায় কতবার লিখেছেন বড় হয়ে তিনি ইঞ্জিনিয়ার হতে চান। এখন অবশ্য লক্ষ্যটা একটু বদলে গেছে। বিএসসি শেষ করে কিছুদিন কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করে তারপর নিজেই একটি ছোটখাটো ফার্ম খুলে বসবেন। আর তাই এমএসসি না পড়ে এমবিএ করে ফেলার কথা ভাবছেন।আরে ডাক্তার সাহেব যে! হাসানকে এগিয়ে আসতে দেখে রুপু বেশ মজা করে বলে উঠলেন। হাসান ঢাকা মেডিকেলে পড়েন। তিনি ডাক্তার হতে পেরেই খুশি। ওঁদের আরেক বন্ধু শ্যামল পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে। ওর ইচ্ছে ব্যাংকে চাকরি করার। কারণ তাঁর অভিমত, বর্তমানে ব্যাংকে চাকরির শুরুতেই বেশ ভালো বেতন পাওয়া যায়।লিটনের সঙ্গে ওঁদের দেখা হয় না বেশ কয়েক দিন। সামনে বিসিএস পরীক্ষা বলে তিনি একদম গৃহবন্দী হয়ে শুরু করে দিয়েছেন পড়ালেখা। ওঁদের বন্ধুদের মধ্যে রুপু আবার একটু আলাদা। ছোটবেলা থেকেই খুব সৃজনশীল মেয়ে রুপু। তিনি পড়ছেন ফ্যাশন ডিজাইন নিয়ে। রুপুর বন্ধু মৌসুমী ও রাব্বি পড়ছেন তাঁর সঙ্গেই। মিতু কিছুটা ওঁদের মতোই। ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়ছেন। ওঁদের মতে, এখনকার সময়ে চাকরি করার চেয়ে নিজে নিজে কিছু করাটা বেশি ভালো। স্বাধীনমতো কাজ করা যায়। তা ছাড়া চাকরি নামের সোনার হরিণের পেছনেও ছুটতে হয় না। এভাবেই বলছিলেন মিতু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শোভন চলে এসেছেন ততক্ষণে। তাঁর চোখেমুখে বিরক্তি। বিরক্তির কারণ ভয়াবহ ট্রাফিক জ্যাম। এরই মধ্যে মারুফ নিয়ে এসেছেন ধোঁয়া তোলা ভাপাপিঠা। পিঠা দেখে অবশ্য সবারই মন ভালো হয়ে গেল। পিঠা খেতে খেতেই শোনা হলো শোভনের কথা। ‘পদার্থবিজ্ঞানের মহা অপদার্থ আমি। না রে, বিষয়-সম্পর্কিত কোনো চাকরি নেই আমাদের দেশে। চিন্তা করছি বিসিএস দিয়ে দেব। শিক্ষা থাকবে প্রথম পছন্দ। মারুফ সাহেব, আপনার শেয়ার ব্যবসার খবর কী?’বেচারা মারুফ। মুখ ভার করে বললেন, ‘না রে, “সূচক সাহেব” ইদানীং নেমে পড়ছেন। সুবিধা হচ্ছে না তেমন একটা।’ মারুফ পড়ছেন অ্যাকাউন্টিংয়ে। ছাত্রজীবন থেকেই তাই টুকটাক শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত তিনি। ওদের পাশেই আড্ডা দিচ্ছিলেন রানা, নাছির, জলিরা। রানা পড়েন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। আমাদের দেশ পোশাকশিল্প যেভাবে এগিয়ে গেছে, তাই রানার ধারণা, পাস করার সঙ্গে সঙ্গেই চাকরি পেয়ে যাবেন তিনি। তাঁর ছোট ভাইকেও এবার ভর্তি করিয়ে দিয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। নাছির পড়ছেন লেদার টেকনোলজিতে। ওঁদের চাকরির বাজার এখন নাকি খুব একটা ভালো নয়। তাই একটু চিন্তিত তিনি।জলি অবশ্য শিল্পী মানুষ। চারুকলায় পড়েন। ছবিটবি আঁকাআঁকি ছাড়াও তাঁর কত কাজ! বিয়ে, জন্মদিনের অনুষ্ঠানের মঞ্চ সাজিয়ে ছাত্রজীবনেই বেশ ভালো আয় তাঁর। ওঁদের বন্ধু আশিক আর রাকা পড়েন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আশিক পড়েন ফার্মেসিতে, ফার্মাসিস্টই হবেন তিনি। আর রাকা পড়েন বিবিএতে। এখনকার সময় খুব চাহিদা এ বিষয়ের। বিশেষ করে রাকার মতো যাঁরা ব্যাংকে চাকরি করতে চান, তাঁদের বিবিএ পড়াই ভালো। বললেন আশিক।মারুফদের পিঠা খাওয়া ততক্ষণে শেষ। এবার গরম গরম চা। চা খেতে সবাই ছুটলেন ‘কণার চায়ের দোকানে’র দিকে। ছাত্রজীবন শেষ হওয়ার পর হয়তো বন্ধুরা মিলে এভাবে আর হইচই করতে করতে চা খাওয়া হবে না কখনো। কে কোথায় চাকরি করবেন, কার কোথায় পোস্টিং হবে কে জানে! তাতে কি, কাছে থাকুন আর দূরেই থাকুন, বন্ধুত্ব তো আজীবনেরই। ওঁদের চা-পর্ব শেষ হতে হতে শেষ বিকেলের রোদ্দুরটা মিলিয়ে গেছে ওদের অজান্তেই।এম জুলফিকার হোসেনপ্রধান নির্বাহী কর্মকর্তা ও মুখ্য পরামর্শকগ্রো এন এক্সেলবদলে যাচ্ছে পেশার জগৎ। যুগের সঙ্গে তাল মিলিয়ে পেশাতেও এসেছে নানা বৈচিত্র্য। আমাদের তরুণেরাও এখন খুব সচেতন তাদের পেশার বিষয়ে। যে যে বিষয় নিয়েই পড়া শুরু করুক না কেন, একটি নির্দিষ্ট সময় পর তারা বাজারে যে পেশার বেশি চাহিদা রয়েছে, সেদিকেই ঝুঁকছে। অনেক তরুণ ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেও এমবিএ করছে। একই চিত্র দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে যারা পড়ছে তাদের মধ্যেও। আমাদের দেশে আসলে বিষয়-সম্পর্কিত চাকরির খুব অভাব, তাই বেশির ভাগ মানুষকেই বিকল্প পথ নিয়ে ভাবতে হয়। সার্বিক অবস্থা বিবেচনায় বলতে হয়, আগামী ১০ বছর পরও আমাদের দেশে বিবিএ ও এমবিএর চাহিদা থাকবে বিভিন্ন চাকরিতে। চাকরি বাজারে ভালো করতে হলে সবারই উচিত হবে আইটি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করা। আমাদের তরুণেরা অনেক বেশি সৃজনশীল। তারা চাইলে তাদের এ সৃজনশীলতাকে কাজে লাগাতে পারে বিভিন্ন পেশার মাধ্যমে। ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, চারুকলা, এমনকি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে সৃজনশীলতার প্রকাশ ঘটানোর সুযোগ পাওয়া যাবে বেশি। এতে নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। আজকাল অনেক তরুণকেই দেখা যাচ্ছে স্ব-উদ্যোক্তা হতে। তবে বুদ্ধিমানের কাজ হবে পড়াশোনার সময়টাতেই পেশা নিয়ে পরিকল্পনা শুরু করা।