
আমাদের এবারের পাঠক ফিচারের বিষয় ছিল ‘আমার প্রিয় বই’৷ আমরা পাঠকদের কাছ থেকে অনেক লেখা পেয়েছি৷ আজ ছাপা হলো আমার প্রিয় বইয়ের বাকি অংশ৷
একাত্তরের দিনগুলি
কঙ্কন সরকার

মুক্তিযুদ্ধ-স্বাধীনতার যুদ্ধ কী গর্বের! কী অহংকারের! পৃথিবীর সব জাতির ভাগ্যে কি আসে? কিন্তু আমরা বাঙালিরা গৌরবান্বিত জাতি যে, ভাষার জন্য গর্ব করতে পারি। আর তারই পথ ধরে আসে মুক্তিযুদ্ধ।
হাতে পাই একাত্তরের দিনগুলি। লেখক শহীদজননী জাহানারা ইমাম। এটি একটি ডায়েরি। কিন্তু লেখক কী এক আকর্ষণে সাজিয়েছেন পাতাগুলো, যেন পরের পাতাটি না পড়ে দম দিয়ে রাখা যায় না নিজেকে! তবে রাত্রিতে যখন পড়ি, শরীর যেন শিউরে ওঠে, কেঁপে ওঠে বুক। আবার কখনো যেন চোয়াল শক্ত হয়ে ওঠে। দাঁতে দাঁত কটমট করে ওঠে। কান দুটিতে গরম ভাব অনুভূত হয়। কখনো হয়ে উঠি রুমী, কখনো চৈতন্যের ভাস্তে, কখনো আনয়ারুল আজিম, কখনো খালেদ মোশাররফ, কখনো লেখিকা! পড়তে পড়তে নিজের অজান্তেই চলে যাই নৌকায় করে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের খোঁজ নিতে। আবার যেন কল্পনার জগতে মেলাঘরে ট্রেনিং নিচ্ছি! কখনো হয়ে উঠি শরীফ সাহেব, যিনি রাশভারী আত্মসচেতন ও আত্মসম্মানবোধসম্পন্ন এক মুক্তিকামী ব্যক্তি। যিনি মনেপ্রাণে খাঁটি বাঙালি দেশপ্রেমিক।
পরতে পরতে সাজিয়ে সাজিয়ে সমগ্র দেশের যুদ্ধ পরিস্থিতিটাকে এঁকেছেন তিনি। ডায়েরির লেখা ঢাকাকেন্দ্রিক যদিও কিন্তু সমগ্র দেশের পরিস্থিতিটা যেন উঠে এসেছে তাতে।
ছাইতানতলা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
আদর্শলিপি
সায়র আলমগীর আহমেদ
যে বই আমার আত্মশক্তির জোগানদাতা, আমার মানবিক শক্তি কিংবা সত্তার সহায়ক, আমার পথদ্রষ্টা, সে আমার ‘আদর্শলিপি’।
ছেলেবেলায় মায়ের কাছে পাঠ নিয়েছি ‘সদা সত্য কথা বলবে, গুরুজনকে মান্য করবে’ সঙ্গে ‘আলস্য দোষের আকর’ কিংবা ‘মিথ্যা বলা মহাপাপ’-এর মতো নানা মানবিক বাক্য, যা আমাকে পরবর্তীকালে পথ চলতে সাহস দিয়েছে, শক্তি জুগিয়েছে।
বুঝতে শিখিয়েছে আমি আসলে কে এবং কেন! ছোটবেলায় মা যখন পড়া ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি/ সারাদিন আমি যেন ভাল হয়ে চলি/ আদেশ করেন যাহা মোর গুরুজনে/ আমি যেন সেই কাজ করি ভালো মনে’। কথাগুলো পড়ার সময় তার মাহাত্ম্য হয়তো বুঝিনি কিন্তু পড়েছি। এখন জীবন নদীর নানা মোহনা কিংবা স্রোতে পড়ে সেই চিরন্তন কথাগুলোকেই মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ পড়া।
মাঝে মাঝে নস্টালজিকের মতো এখনো আমি আমার ‘আদর্শলিপি’র বর্ণগুলোর ডাক শুনতে পাই। ছাপার অক্ষরগুলো প্রায়শ আমার মানবিক বন্ধু হয়ে পাশে দাঁড়ায়।
কখনো কল্পনায় ছবি হয়ে ভেসে ওঠে, কখনো বা হাতছানি দিয়ে ডাকে আমার অতীত ও শৈশব পাঠশালার কোন বেঞ্চে, ব্ল্যাকবোর্ডে, কিংবা সহপাঠীদের কণ্ঠস্বরে।