আমাদের এবারের পাঠক ফিচারের বিষয় ছিল ‘আমার প্রিয় বই’৷ আমরা পাঠকদের কাছ থেকে অনেক লেখা পেয়েছি৷ সে লেখা থেকে কিছু আজ ছাপা হলো৷ আগামী সংখ্যায়ও কিছু লেখা ছাপা হবে৷

বিষবৃক্ষের প্রেমছায়ায়
মো. সেলিম আল দীন
বই পড়া আমার প্রিয় শখ। এ পর্যন্ত যতগুলো বই পড়েছি তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ বইটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রায় দেড় শ বছর আগে লেখা এ বইটির কাহিনি আজকের সমাজজীবনের অনেকের সঙ্গে মিলে যাবে। আর লেখকের কিছু কিছু কথা যা প্রত্যেকের জন্য খুবই শিক্ষণীয়। বইটি থেকে হুবহু তুলে দেওয়া এই লেখাটুকু পড়লেই বুঝতে পারবেন, ‘কেহই এমন মনুষ্য নাই যে, তাহার চিত্তে রাগদ্বেষকাম-ক্রোধাদির অস্পৃশ্য।
জ্ঞানী ব্যক্তিরাও ঘটনাধীনে সেই সকল রিপুকর্ত্তৃক বিচলিত হইয়া থাকেন। কিন্তু মনুষ্যে মনুষ্যে প্রভেদ এই যে, কেহ আপন উচ্ছলিত মনোবৃত্তি সকল সংযত করিতে পারেন এবং করিয়া থাকেন, সেই মহাত্মা; কেহ বা আপন চিত্ত সংযত করে না, তাহার জন্যই বিষবৃক্ষের বীজ উপ্ত হয়। চিত্তসংযমের অভাবই ইহার অঙ্কুর, তাহাতেই এ বৃক্ষের বৃদ্ধি।
এই বৃক্ষ মহাতেজস্বী; একবার ইহার পুষ্টি হইলে, আর নাশ নাই এবং ইহার শোভা অতিশয় নয়নপ্রীতিকর; দূর হইতে ইহার বিবিধবর্ণ পল্লব ও সমুৎফুল্ল মুকুলদাম দেখিতে অতি রমণীয়। কিন্তু ইহার ফল বিষময়, যে খায়, সেই মরে।’
আজকের বাংলাদেশের জাতীয় জীবনের পরিপ্রেক্ষিতে যে কথাগুলো সবচেয়ে প্রয়োজন সেটাও লেখক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
‘ভালবাসায় কখনো অযত্ন করিবে না; কেননা, ভালবাসাতেই মানুষের একমাত্র নির্মল এবং অবিনশ্বর সুখ। ভালবাসাই মনুষ্য জাতির উন্নতির শেষ উপায়-মনুষ্যমাত্র পরস্পরে ভালবাসিলে আর মনুষ্যকৃত অনিষ্ট পৃথিবীতে থাকিবে না।’
এমন সুন্দর সুন্দর কথার সঙ্গে আরও আছে খুবই ভালো একটি প্রেমকাহিনি, যা বইয়ের পাঠককে আকৃষ্ট করবেই।

অপূর্ব অভিজ্ঞতা
মাশায়েখ হাসান
এমন কিছু বই আছে, যেগুলো পড়লে মনের মধ্যে ‘দোল’-এর অনুভূতি একটু বেশি অনুভূত হয়। আর সেটা দোলায়মান থাকে বহুদিনের জন্য। এ বইটা সে রকম দীর্ঘস্থায়ী দোল দিতে পেরেছে কি না জানি না, তার বিচারেও আমি যাইনি। যেহেতু বইটি আমি অতিসম্প্রতি পড়েছি, তাই বই পড়ার পর যে সাধারণ দোদুল্যমানতা থাকে, তা এখনো কমেনি।
বইটির নাম নক্সী কাঁথার মাঠ, লিখেছেন কবি জসীমউদ্দীন।
‘মানুষের বাহির দেখে বিচার না করে, ভিতর দেখে বিচার করো।’ এমন এক প্রবাদের অস্তিত্ব আছে মানবসমাজে। যেহেতু এ রকম কোনো প্রবাদ বইয়ের ক্ষেত্রে নেই, সেহেতু আমি বইয়ের বাহির তথা প্রচ্ছদ এবং নাম দেখেই আগে বিচার করি। আর বিচারকার্যই একটা ঘটনায় রূপ নেয়।
ঘটনাটা এ রকম—বইটির নাম আমি অনেকবারই শুনেছি। নাম শুনে আমি ধারণা করেছিলাম, এটি এমন একটি বই হবে, যা গ্রামবাংলার আবহমান সৌন্দর্যের বর্ণনা করবে আর সেই সৌন্দর্যের উদাহরণ হিসেবে ব্যবহার করা হবে এই নকশিকাঁথা।
বইয়ের প্রচ্ছদের মাধ্যমে আমার ধারণা আরও বদ্ধমূল হলো। তবে এই নামের পেছনে যে রুপা-সাজুর অনবদ্য প্রেমকাহিনি লুকিয়ে থাকবে, তা আমি কল্পনা ও করিনি।
মূলত, কাহিনিকাব্যের রস অনুভব করার জন্যই আমি এ বইটি পড়া শুরু করেছিলাম। আর শেষ করলাম এক অপূর্ব অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে।
অসাধারণ এক বিষয়কে তখনই উপলব্ধি করা যায়, যখন তার উপস্থাপনও সমপরিমাণে অসাধারণ হয়। আর সেই উপলব্ধি আমাদের উপভোগের সুযোগ করে দেয়। যার প্রতিফলন আমি নক্সী কাঁথার মাঠ বইটি পড়ে পেয়েছি।

মগজাস্ত্রের নায়ক
আহাদ আদনান
দেশের সীমানা ছাড়াইনি আজও। তবু চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে একের পর এক দৃশ্য। দার্জিলিং, শিমলা পাহাড়ের ওপর বরফপড়া দেখতে পাই। বরফ পড়ায় কোনো শব্দ হয় না, সেটাও জানি। বানারসে গলিতে গলিতে নানা রূপ, ঘ্রাণ। প্রাচীন ভারতের রূপ চোখের সামনে। ভুলভুলাইয়ার খুপরির ভেতর লুকিয়ে রাখা বাদশাহি আংটি খুঁজে বেড়াই। জয়সালমির সেই কেল্লা আজও জ্বলজ্বল করে। ‘বোম্বাইয়ে’ অট্টালিকার মাঝে কালোটাকার গন্ধ শুকতে পাই। কাঠমান্ডুতে নানা রঙের মন্দির সগৌরবে মাথা উঁচু করে আছে। লন্ডন, হংকংও ঘুরে এসেছি মন পিনিসে চড়ে।
আমার প্রিয় বই, বলা ভালো সমগ্র। তাতে একজন নায়ক থাকেন। মগজাস্ত্র দিয়ে ঘায়েল করেন একের পর এক দুষ্ট লোক। আংটির লোভে ছোঁক ছোঁক করা চোর, ভেজাল ওষুধের ব্যবসায়ী, ভণ্ড সন্ন্যাসী, খুনি, ছেলেধরা তার সামনে নস্যি। তার বন্দুকের টিপ অব্যর্থ। যেকোনো হেঁয়ালি সমাধানে সিদ্ধহস্ত। তিনি মার্শাল আর্ট জানেন, সারেগামা জানেন, ইতিহাস, ভূগোলের পণ্ডিত।
তার সঙ্গে স্যাটেলাইটের মতো ঘুরঘুর করে খুড়তুত ভাই। গল্প এগিয়ে চলে তার জবানিতে। প্রচণ্ড চটপটে, বুদ্ধিমান, তবে একটু ভিতুভাব আছে বোধ হয়। প্রায়ই তার বুক ‘ছাঁৎ’ করে ওঠে, ‘ঢিপঢিপ’ করে।
অধিকাংশ গল্পে আরেকজন থাকেন। আমার দেখা সাহিত্যের ভুবনে সবচেয়ে আমুদে, অমায়িক, নিরহংকারী, মজার একজন মানুষ। তিনি কখনো রাগেন না, মন খারাপ করেন না, হিংসা করেন না। গোয়েন্দাদের আপনারা কী বলেন? টিকটিকি, শার্লক হোমসের চেলা, ধুরন্ধর নাকি উটকো ঝামেলা? আমি বলি নায়ক। আমার এই নায়কের যে স্রষ্টা, তার ‘নায়ক’ নামের একটি ছবি আছে। বলছিলাম সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র-এর কথা।

দস্যি কজন
প্রমি তাসফিয়া
কাজল, কাসেম, ইবু, জয়ন্ত আর ট্যাড়েক (তারেক)। অষ্টম শ্রেণিপড়ুয়া পাঁচ বন্ধুকে নিয়ে, তাদের দস্যিপনা নিয়ে গড়ে ওঠা গল্প দস্যি কজন। মুহম্মদ জাফর ইকবালের লেখা আমার পড়া প্রিয় বইগুলোর একটি, অনেক প্রিয় বইয়ের মধ্যে থেকে একটাকে বেছে নেওয়া আন্দাজে বহুনির্বাচনি পরীক্ষা দেওয়ার মতো কঠিন। বৈজ্ঞানিক ইবু, বডি-বিল্ডার কাসেম, কবি-শিল্পী জয়ন্ত আর খবিস টাইপের কাজলদের ক্লাসে হঠাৎই আগমন বিদেশ ফেরত তারেকের, যে সদা চুপচাপ থাকে, তার নীরবতার কারণ তার বাংলা ভাষা না জানা।
একটি ঘটনার মধ্যে দিয়ে এই পাঁচজন বন্ধু হয়ে যায়, তা হলো তারেককে দিয়ে জোর করে কথা বলানোর চেষ্টা করতে গিয়ে এক রাজাকার টাইপ শিক্ষক নিজেই ফাঁদে পড়ে যান। তারপর চলতে থাকে তাদের বন্ধুত্ব, জানা যায়, তারেকের বাবার স্বপ্নপূরণের জন্য তারেক আজ আমেরিকা ছেড়ে বাংলাদেশে।
কিছুদিন পর ক্লাস শেষে ফেরার পথে ওরা দেখে এক বাচ্চা মেয়েকে কিডন্যাপ হতে, মেয়েটিকে বাঁচাতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে আমাদের এই দস্যি বন্ধুগুলো, কারণ মেয়েটার ঘাড়ে মোটেই বন্দুক ধরা ছিল না, ওটা ছিল মেয়েটির বেণি আর কিডন্যাপকারী? আরে, সে তো ওই মেয়ের বাবা!
ধরা খেয়ে ওরা ট্রেন থেকে লাফিয়ে পড়ে আর ওদের সেই দুর্ধর্ষ (!) অভিযান ওদের সুযোগ করে দেয় সুন্দরবন ভ্রমণের।
মূল কাহিনি ঘটে এখানেই, মূল দল থেকে হঠাৎই বিচ্ছিন্ন হয়ে পড়ে পাঁচ বন্ধু, তাদের নিজেদের ব্যাকপ্যাক ছাড়া আর কোনো সম্বল ছিল না, খাবার বলতে সামান্য বিস্কুট-জুস ছাড়া কিছু ছিল না।