আমার প্রিয় জাহাঙ্গীরনগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এক অসাধারণ অভিজ্ঞতা।এটি ছিল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন। এই সমাবর্তনেই আমি নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে সম্মান ডিগ্রি অর্জন করেছি। আমার বাবা-মা, আত্মীয়স্বজন সবাই আমার এই কৃতিত্বে ভীষণ খুশি। সত্যিই আজ আমার শিক্ষাজীবনের অনেক বড় একটি স্বপ্ন পূরণ হলো। তবে খুব তাড়াতাড়ি সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে যে আমি এই সম্মান ডিগ্রি অর্জন করব, তা ভাবিনি। কারণ, নানা কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত মাত্র চারবার সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। তাই ভাবনার মধ্যে ছিল, যখনই হোক না কেন, আমি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবই। ৩০ জানুয়ারি ছিল সেই স্বপ্নের দিন। ২৮ জানুয়ারি থেকেই ছিল উত্তেজনা। সেদিনই চলে যাই বিশ্ববিদ্যালয়ে। আমার হাতে চলে আসে বহু প্রতীক্ষিত গাউন। ২৯ জানুয়ারি রাতে সবকিছু গুছিয়ে নিই। পরদিন সকাল সাতটায় চোখ মেলি। আমি আর আমার ছোট ভাই বিপুল সকাল পৌনে নয়টায় পৌঁছে যাই বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তখন সেজেছে উত্সবের রঙে। আমাদের মনে প্রশ্ন, সাধারণ পোশাকেই ঢুকে পড়ব, নাকি গাউন পরে ঢুকব। ভাবনা থাকল মাথায়, সামনে নতুন-পুরোনো শিক্ষার্থীদের দেখে পেরিয়ে যাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। গর্বে ভরে যায় বুক। এটা আমার বিশ্ববিদ্যালয়। এটা আমার ক্যাম্পাস। অথচ কেন যেন নিজ শিক্ষাঙ্গনে নিজেকেই অতিথি মনে হচ্ছে। কারণ, একেকজনের সঙ্গে এমনভাবে কুশল বিনিময় করতে হচ্ছিল যেন আমি নতুন এসেছি! কুশল বিনিময়ের পাশাপাশি চলতে থাকে ছবি তোলা। অনেকের সঙ্গেই ছবি তুলতে হচ্ছিল। কাউকেই না করিনি।সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উপস্থিতিতে শুরু হয় সমাবর্তনের মূল অনুষ্ঠান। দুপুর প্রায় দুইটা পর্যন্ত চলে সে অনুষ্ঠান। আর তার পরপরই ভোজ। শুরু হয় খাওয়াদাওয়ার পর্ব। বিপুল আর আমার বন্ধু লুবনা, সীমা, দোলা, মিন্টুসহ আরও কয়েকজনের সঙ্গে খাওয়াদাওয়া করি। খাওয়াদাওয়া মানে তো প্লেটের দিকে তাকিয়ে একমনে খেয়ে চলা নয়, সে সময়ও চলে হইচই, আনন্দ-আড্ডা! সে আড্ডার রেশ থাকে বিকেল পর্যন্ত। শিক্ষাঙ্গনের সবখানেই ছড়িয়ে-ছিটিয়ে চলে এই আড্ডা। এরই মধ্যে দেখা হয় বিভাগের শিক্ষকদের সঙ্গে। তাঁরা আমার বর্তমান কাজের খোঁজখবর নেন। আমিও তাঁদের কাছ থেকে ভবিষ্যত্ সুন্দর পথে চলার জন্য মাথা পেতে দোয়া চেয়ে নিলাম। সারা দিনের ক্লান্ত আমরা যখন ফজিলাতুন্নেসা হলের দিকে এগিয়ে গেলাম, তখন হঠাত্ শুনি আমার আরেক বান্ধবী আবিদা তার স্বামীকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে এসেছে। আমাদের আনন্দ তাতে বেড়ে যায়। আবিদা শরীরে জড়িয়ে নিল আমাদের গাউন আর ক্যাপ। সেও আমাদের সবার সঙ্গে ছবি তুলল। রুমে ফিরে আমাদের আরেক বান্ধবী মৌয়ের মেয়ে প্রকৃতির (বয়স মাত্র তিন) কণ্ঠে আমার অভিনীত মনপুরা ছবির গান শুনলাম। সবাই তো ওর কণ্ঠে গান শুনে রীতিমতো অবাক। ভাই বিপুল চলে যায় অন্য হলে। আমি তখন ফজিলাতুন্নেসায়। সিদ্ধান্ত নিই, আজ রাতে এখানেই থাকব। আবার কবে এভাবে সবার সঙ্গে দেখা হবে, কে জানে! হলের ঘরে আনা হলো কেক। সবাই সেই কেক খেয়ে আবার মেতে উঠি আড্ডায়। সময় কেটে যায়, আর আনন্দের জায়গায় আমাদের মনে জমা হয় কষ্টের পরত। ভাবি, হয়তো এ জীবনে আর কোনো দিন প্রিয় এই মুখগুলোকে একসঙ্গে দেখতে পাব না। একসময় ভাবনা আর গল্পের মধ্যেই ঘুমিয়ে পড়ি। জেগে উঠে দেখি আমার সেই শান্ত প্রিয় ক্যাম্পাস। বুকের ভেতর জমা হওয়া কষ্টগুলো তখন গলার কাছে দলা পাকিয়েছে। এই তো আর একটু পরই ফিরতে হবে ঢাকায়। কারণ, পড়াশোনার বাইরে আমার সময় যে এখন নির্মাতাদের নির্দেশনায় চলে। কাজে যথাযথ সময়ে পৌঁছানোর দায়িত্ববোধটুকুই শিখিয়েছেন আমার প্রিয় শিক্ষক আর ক্যাম্পাস। আমি কৃতজ্ঞ আমার ক্যাম্পাস, শিক্ষক আর সহপাঠীদের কাছে। হয়তো আর এমন করে ফেরা হবে না এই প্রিয় ক্যাম্পাসে উল্লাসে মেতে উঠতে, আড্ডায় ডুবে যেতে। তবুও স্মৃতির পাতায় বারবার ফিরে আসবে বিশ্ববিদ্যালয়ের দিনগুলো, সমাবর্তনের দিনটি।