দোতলার মুখোমুখি ফ্ল্যাটে থাকে আমার সবচেয়ে বড় শত্রু—রুদ্র ভাইয়া। এই বাসায় ওঠার পর প্রথম যেদিন তাদের বাসায় গিয়েছিলাম, তাকে দেখেছিলাম হাফপ্যান্ট পরনে। এত বড় ছেলে হাফপ্যান্ট পরে বসে থাকে! কথায় আছে না, ‘প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারী’। গুণ তো অনেক দূরের কথা, দর্শনেই ফেল মেরে গেল সে। শত্রুতার দ্বিতীয় কারণ আরও গুরুতর। এক দিন জ্যামে আটকে রিকশায় বসে আছি, কোথা থেকে এসে হুঁশ করে উঠে পড়ল আমার পাশে। আমি অবাক হয়ে তাকানোয় বলে কি, ‘ওভাবে তাকাচ্ছিস কেন, আমি কি ভূত নাকি? তুই তো বাসাতেই যাচ্ছিস, তাই না?’ উত্তর না দিয়ে মুখ শক্ত করে বসে রইলাম। একটু পরপর শুধু ওপাশে চাপি। চাপতে চাপতে রিকশার একদম কিনারে। ফলে রিকশা যখন মোড় ঘুরল, নিজেকে রাস্তায় চিৎপটাং অবস্থায় আবিষ্কার করলাম। তাড়াতাড়ি রিকশা থেকে নেমে আমাকে টেনে তুলল সে এবং পুরোটা রাস্তা শক্ত করে আমার কনুই ধরে রাখল। একটা কথাও বলল না। বাসার সামনে রিকশা থেকে নেমেই তার সে কী হাসি! হাসির চোটে রিকশা ভাড়া পর্যন্ত দিতে পারছে না। হাসে আর বলে, ‘তোর চেহারাটা দেখার মতো ছিল রে।’ ঘটনা এখানেই শেষ নয়, আমার মানসম্মান সব চুলোয় দিয়ে বাসার সবাইকে ঘটনার বিশদ বর্ণনা দিল। মনে ক্ষীণ আশা ছিল, আমার সঙ্গে ওভাবে রিকশায় ওঠার কারণে অন্তত কিছু ঝাড়ি তো সে খাবে। কিসের কি, আম্মু বরং তাকে বড়সড় একটা ধন্যবাদ দিয়ে বললেন, সে না থাকলে নাকি আমি রাস্তাতেই পড়ে থাকতাম!মিস্টার হাফপ্যান্টের খবরদারির শেষ নেই। প্রায়ই আমাকে রিকশা করে দেওয়ার চেষ্টা করে। আমি অবশ্য পাত্তা দিই না। দেখলেই সেদিনের পড়ে যাওয়া নিয়ে খ্যাপায় আমাকে। বলে, ‘বড়লোকের ছেলে দেখে বিয়ে করিস, যেন গাড়িটাড়ি থাকে। রিকশায় উঠলে তো আবার...’ বলেই হাসি। আমার কলেজের নিয়ম খুব কড়া। কয়েক দিন পরপরই পরীক্ষা হয়। আর আমার পরীক্ষা মানেই তার ঈদ। খবরদারি করার অফুরন্ত সুযোগ। মুখে মাস্টার মাস্টার ভাব ফুটিয়ে পরীক্ষার খোঁজখবর নেয়। এতই যখন মাস্টারির শখ, বিপদে ফেলার জন্যই একবার বললাম, মাঝেমধ্যে অঙ্কটা একটু দেখিয়ে দিতে। মোটামুটি নিশ্চিত ছিলাম, রাজি হবে না। ওমা, আমাকে বুড়ো আঙুল দেখিয়ে সে রাজি হয়ে গেল! তাকে আর কী জ্বালাব, পেনসিলের বাড়ি খেতে খেতে আমি নিজেই অতিষ্ঠ হয়ে গেলাম। লাভের মধ্যে লাভ হলো একটাই—গাধা উপাধি পেয়ে গেলাম।পাড়ায় তার বিশাল প্রতিপত্তি। সবকিছুর মধ্যে এটুকুই আমার লাভ যে আমাকে কেউ রাস্তায় বাজে কথা বলার সাহস করে না। সেটা নিয়েও আবার তার কলার টানাটানির শেষ নেই। কোনো কিছু নিয়ে শঙ্কা প্রকাশ করলেই খুব ভাব নিয়ে কলার টেনে বলবে, ‘কিছু হবে না, আমি আছি না?’এত শত্রুতার পরও শেষ রক্ষা হলো না। রীতিমতো ঝাঁপ দিয়েই মিস্টার হাফপ্যান্টের প্রেমে পড়লাম। কেন যে পড়লাম, নিজেও জানি না। কিন্তু আমার প্রেমে পড়াই সার, তার কোনো পাত্তা নেই। নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু মিস্টার হাফপ্যান্ট উদাসীন!এক দিন হঠাৎ করেই শুনলাম, বাবার অফিস থেকে বেশি দূরে হওয়ায় বাসা বদলানো হবে আমাদের। সামনের মাস থেকে নতুন বাসায় উঠব আমরা। আমার মোটামুটি মাথা খারাপের মতো হয়ে গেল। বাসাবদল হওয়াটা কিছুতেই মানতে পারছিলাম না। আর সে তো আছে তার ভাব নিয়ে। তার কোনো খেয়ালই নেই এদিকে। মনোযোগ ফেরানোর শেষ চেষ্টা হিসেবে এক দিন করুণ মুখ করে বললাম, আমরা অন্য বাসায় চলে যাচ্ছি। কিছু তো বুঝলই না, উল্টো আমার গাল টেনে দিয়ে বলল, ‘অন্য এলাকায় যাচ্ছিস, সাবধানে চলিস। সব জায়গায় তো আর আমি নাই।’বাসা ছেড়ে যাওয়ার দুই দিন আগে ছাদের রেলিংয়ে বসে আছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, ‘সব জায়গায় তো আর আমি নাই।’ কোনোদিকে কোনো খেয়াল নেই আমার। হঠাৎ শুনি পেছন থেকে বলছে, ‘তুই আবার বৃষ্টিতে ভিজছিস? রেলিংয়ে বসেছিস কেন? পড়লে তো আর দেখতে হবে না। নেমে আয়।’আমি উত্তর না দিয়ে চুপচাপ বসেই রইলাম। কিছু না বলে সে নিজেও বৃষ্টিতে নেমে এল। কাছে এসে হাতটা বাড়িয়ে বলল, ‘চল।’ আমি হঠাৎ খুব সাহসিকতার একটি কাজ করে ফেললাম। হাত বাড়িয়েও মাঝপথে থেমে গেলাম। বললাম, ‘কিন্তু হাত একবার ধরলে যে সারা জীবনের জন্য ধরতে হবে।’ সে একটু হেসে আমার হাতটা ধরে বলল, ‘তোর জন্য গাড়ি কিনতে হবে, তাই না? তুই তো আবার রিকশা থেকে পড়ে যাস।’রিয়াসাত, ময়মনসিংহ।