আমার ফেসবুক আসক্তির ফলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনার শুরু গত বছরের এক কালো দুপুরে। আমি অফিসে বসে লাঞ্চের পর মোটামুটি ঝিমাচ্ছি। বস তার রুমে বসে প্রতিদিন এই টাইমে টিভি দেখে। সে আমাকে নিজ মুখে জানিয়েছে, প্রতি সপ্তাহে সে কমপক্ষে ৩০ ঘণ্টা টিভি দেখে। টিভি তার নেশা। আমি ভাবলাম, মিয়া, তুমি যদি অফিসের কাজ ফাঁকি দিয়ে টিভি দেখতে পারো, তাইলে আমিও কাজ ফাঁকি দিয়ে ফেসবুকাইতে পারি। যেই ভাবা, সেই কাজ। অফিসে এমনিতে ফেসবুক খোলা কিন্তু ইউটিউব বন্ধ। বেশ কিছুদিন আগে একটা ইন্ডিয়ান মেয়ে ইউটিউবে হিন্দি সিরিয়াল দেখতে গিয়ে বসের হাতে ‘হাতেনাতে’ ধরা পড়েছে, এর পর থেকে ইউটিউব বন্ধ! আমার অবশ্য ইউটিউবের প্রয়োজন নেই, ফেসবুক খোলা থাকলেই চলে। যেই না লগইন করলাম, অমনি কী কাজে বস আমার পাশে এসে বলল, আর ইউ ফ্রি নাউ? বস দেখল, আমি ফেসবুকে। তাই আর তার প্রশ্নের উত্তর দিলাম না। তার দিকে তাকিয়ে রইলাম, সে শুধু যে কাজে এসেছিল, সে কাজ দিয়ে চলে গেল। অস্ট্রেলিয়ানদের এই এক বদভ্যাস, মুখে এমন ভাব করবে, যেন কিছুই হয়নি, অথচ তলে তলে খবর নিয়ে ছেড়ে দেবে। আমি প্রায় নিশ্চিত হয়ে গেলাম, কাল থেকে ফেসবুকও বন্ধ হয়ে যাবে।পরদিন অফিসে এসেই ফেসবুকে লগইন করার চেষ্টা করে দেখলাম, যা ভেবেছি তা-ই, ফেসবুক ব্লকড। আমি মনে মনে বললাম, তোমার ব্লকের নিকুচি করি। প্রক্সি সাইটগুলো আছে কি মাছি মারতে? আমি মনের সুখে প্রক্সি দিয়ে ফেসবুকাইতে লাগলাম। কিছুদিন পর আবারও একই কায়দায় বসের হাতে ধরা। এবারও সে এমন ভাব করল, যেন কিছুই হয়নি। অথচ আমি বাজি ধরে বলতে পারি, সে ভীষণ অবাক হয়েছে। মনে মনে ভাবি, এবার না হয় বড়জোর ইন্টারনেটের লাইনই কেটে দেবে, এর বেশি তুমি আর কী করতে পারবে, বাপু? সেটাও সহজ হবে না। কারণ, ইন্টারনেট সংযোগ না থাকলে অফিসের কাজই করা যাবে না। আমি মনের সুখে ফেসবুকাই আর ব্যবহার শেষে সব হিস্টরি ডিলিট করে দিই। কিছুদিন যাওয়ার পরও দেখি, সবকিছু ঠিকঠাকমতো চলছে। বস আর কোনো কট্টর পন্থা অবলম্বন করেনি। তার মানে, এ যাত্রায় জিতে গেলাম। আমি নিয়মিত প্রক্সি দিয়ে ফেসবুকাইতে লাগলাম। এভাবে ভালোই চলছিল। হঠাৎ একদিন বাসার লেটার বক্সে চিঠি। এসেছে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে। এই রকম জাংক মেইল প্রায়ই পাই, তাই ফেলে দেওয়ার আগে ভাবলাম একটু পড়ে দেখি। চিঠি খুলে তো আমার আক্কেল গুড়ুম। আমার নামে অ্যাপয়েনমেন্টের কনফারমেশন। সময় এবং ঠিকানা দেওয়া, কাউন্সেলিংয়ের জন্য হাজিরা দিতে বলা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞের চেম্বারে ফোন দিলাম। কোনো ভুল হয়েছে কি না জানতে চাইলাম। তারা যা জানাল, সেটা শুনে ভিরমি খাবার জোগাড়! আমার বস আমার জন্য অ্যাপয়েনমেন্ট নিয়েছে, ম্যাসিভ ফেসবুক অ্যাডিকশনের প্রতিকার চেয়ে। আমি বসকে ফোন দিয়ে ঘটনার সত্যতা জানতে চাইলাম। বস বলল, ঘটনা সত্য। সে নাকি প্রতিদিন সিসি ক্যামেরায় আমার কার্যবিধি পর্যবেক্ষণ করেছে এবং সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমি ফেসবুকে মাত্রাতিরিক্ত আসক্ত। শুধু আমি নই, আরও তিনজন সহকর্মীকেও সে শনাক্ত করেছে এই রোগের রোগী হিসেবে। এভাবে আর কয়টা সাইট সে ব্লক করবে, তাই স্থায়ী ও যৌক্তিক প্রতিকার হিসেবে সে স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে চেয়েছে। সে আজকালের ভেতরই ব্যাপারটা আমাদের অফিশিয়ালি জানাত, কিন্তু তার আগেই সবার কাছে চিঠি পাঠানো হয়ে গেছে।ফোন রেখে একটা গালি দিয়ে বল্লাম, শ্লা, তুমি নিজে যে টিভিতে অ্যাডিক্ট, সেটা বুঝি চোখে পড়ে না, তাই না? আগে নিজের চিকিৎসা করা শ্লা!আমি পরদিন অফিসে এসে কলিগদের জিজ্ঞেস করে জানলাম ঘটনা সত্য। বাকি তিনজনের ভেতর একজন ওই ভারতীয় মেয়েটি, সে মৃদুস্বরে বারবার বলছে, ‘ইটস নট ফেয়ার! ইটস নট ফেয়ার!’ আর বাকি দুজন চায়নিজ। তাদের মনে হলো তারা ব্যাপারটাতে খুবই আমোদিত। বিনা খরচে কাউন্সেলিং নেওয়া যাচ্ছে, আপাতত এ কারণেই তারা বেজায় খুশি। কিন্তু আমি নিজের ভেতরে কৌতূহলবোধ করছি। জীবনে কখনো মানসিক ডাক্তারের শরণাপন্ন হতে হয়নি। এবার একটা অভিজ্ঞতা হবে। আর আমি তো জানিই, ওই ডাক্তারের বাপের সাধ্য নাই আমার নেট অ্যাডিকশন কমায়। মাঝখান দিয়ে বসের বেশ কিছু ডলার খসবে!আমার ডেস্কে এসে দেখি, দেয়ালের কোনায় ঝোলানো সিসি ক্যামটা যেন আমার দিকে তাকিয়ে হাসছে। মেজাজ বিগড়ে গেল। শালার কপাল! এটার কথা ভুলেই গিয়েছিলাম। তা ছাড়া আমি জানতাম, এটা মনিটর করে অফিসের সিকিউরিটি গার্ডরা! বসের রুমেও যে একটা লাইন গেছে, এইটা তো জানতাম না! তার মানে, আমি কম্পুতে বসে যা যা করেছি, ওই শালা তার সবকিছুই দেখেছে। আমি বসে বসে মনে করার চেষ্টা করতে লাগলাম, ফেসবুক ছাড়াও আর কোন কোন ওয়েবসাইট আমি সম্প্রতি ভিজিট করেছি। হিস্টরিও তো মুছে ফেলেছি, না হলে সেটা দিয়েই কাজ চলে যেত। নিজের ওপর খুব বিরক্তি এল।পরের সপ্তাহে সময়মতো হাজির হয়ে গেলাম চেম্বারে। দেখলাম, মেয়েটি ছাড়া সবাই এসেছে। চায়নিজ দুটো হাসি হাসি মুখ করে ওয়েটিং রুমে বসে আছে। আমার ডাক পড়ল, ভেতরে গিয়ে দেখি হোঁতকা মতো একটা লালচুল আর লালমুখো নারী টেবিলের ওপাশে বসে আছে। অসম্ভব সুন্দর করে গোছানো একটা কক্ষ! পরবর্তী আধা ঘণ্টায় নেট ইউসেজ নিয়ে আমাকে রাজ্যের প্রশ্ন করা হলো। উদ্ভট উদ্ভট সব প্রশ্ন! প্রশ্নের ধরন শুনে মনে হলো, সে ধরেই নিয়েছে ফেসবুকই আমার একমাত্র ধ্যানজ্ঞান, ফেসবুকানো ছাড়া আমার আর খেয়েদেয়ে কোনো কাজকাম নেই। পরের সপ্তাহে আবার যেতে বলে আমাকে ছেড়ে দিল লালমুখো।এর পরের সপ্তাহে আবার গেলাম। এবার দেখি, সেই ইন্ডিয়ান মেয়েটাও এসেছে, বিরস মুখে বসে আছে। মনে হয় সেবার না যাওয়াতে বস ঝাড়ি দিয়েছে!এবার লালমুখো আমাকে এমন সব কথা বলল, এই প্রথমবার নিজের কাজে নিজেকে অসহায় মনে হতে লাগল। কিন্তু তার কোনো ভাবান্তর নেই, যেন আমার ভালো বা খারাপ লাগাতে তার কিছু যায়-আসে না।আমার চিকিৎসার ব্যবস্থা যা করা হলো, তা মোটামুটি নির্যাতনের পর্যায়ে পড়ে। কারণ, সে শুধু ফেসবুক নয়, পুরো ইন্টারনেট ব্যবহারের ওপর সেন্সরশিপের আয়োজন করেছে। আমি যতক্ষণ বাসায় থাকি, ওই নারীর কর্মচারীরা তার হয়ে আমার নেট ইউজেস ততক্ষণ মনিটর করে। প্রথম দিকে ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হলো, (এবং এই সময় ধীরে ধীরে কমছে) এই নির্দিষ্ট সময় পার হওয়া মাত্র একটা করে স্বয়ংক্রিয় বার্তা আমার ই-মেইল, ফেসবুকে, এমনকি আমার মুঠোফোনেও চলে আসে। সে ফেসবুক, জি-মেইলসহ দুনিয়ার সব নেটওয়ার্কে আমাকে অ্যাড করে নিয়েছে, আমি যেখানেই লগ ইন করি না কেন, এই নারী সঙ্গে সঙ্গে টের পেয়ে যায়। তার কাছে নাকি একটা বিশেষায়িত সফটওয়্যারও আছে, যেটা তার ক্লায়েন্টরা প্রতিদিন কোথায় কতক্ষণ সময় কাটাচ্ছে, সে ব্যাপারে তাকে নিয়মিত তথ্য এবং পরিসংখ্যান প্রদান করে থাকে। এখন পর্যন্ত দিনে মাত্র ৭০-৯০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে আমার জন্য। এর মধ্যেই মেইল চেক করা থেকে শুরু করে অনলাইন ব্যাংকিংসহ যাবতীয় কাজ সারতে হয়। এক ঘণ্টা পার হওয়ার পর থেকে একটার পর একটা অটোমেটেড মেসেজ আসতে থাকে। ৯০ মিনিট পার হওয়ার সঙ্গে সঙ্গে মেসেজ: মি. হাসান, ইউর টাইম ইজ আপ ফর টুডে!! মি. হাসান, ইউর টাইম ইজ আপ ফর টুডে!!তৎক্ষণাৎ সব কটি নেটওয়ার্ক থেকে লগ আউট না করলে সে হিসাব করতে শুরু করে, ওই দিন আমি বরাদ্দকৃত সময়ের চেয়ে কতটুকু সময় বেশি ব্যবহার করেছি এবং সপ্তাহ শেষে বাসায় চিঠি পাঠিয়ে সেটার পরিসংখ্যান ও লালমুখো নারীর মূল্যায়ন আমাকে জানানো হয়। তার ওপর কয়েক দিন পর পর মানসিক উন্নয়ন, আত্মোন্নয়ন, ধ্যান—এই টাইপ অসহ্য কিছু বিষয়ের ওপর বই, ম্যাগাজিন আর রিলাক্সেশন মিউজিকের সিডি-ডিভিডি ইত্যাদি পাঠানো তো আছেই। সে এক যন্ত্রণা বটে! শুধু যন্ত্রণা নয়, মহা যন্ত্রণা!!সাইকোথেরাপি নিয়ে আমার কৌতূহল চিরতরে মিটে গেছে। সেদিন বিকেলে আমাকে ফোন করে ওই নারী জিজ্ঞেস করল, কাল রাতে আমি বরাদ্দকৃত সময়ের চেয়ে দেড় ঘণ্টা বেশি নেটে ছিলাম। এতক্ষণ কী করেছি, সেটা তাকে বলতে সমস্যা আছে কি না। মহিলাকে বললাম, আমি মানসিক উন্নয়নের ওপর কিছু ওয়েবসাইট পেয়েছি, ওগুলো পড়েছি। সে বলল, ‘ওগুলো তুমি পড়বে অফলাইনে, মানে বইয়ের পাতায়, ইন্টারনেটে নয়। আমি যে বইগুলো তোমাকে পাঠিয়েছি, সেগুলো পড়ে শেষ করেছ তো? আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। বুঝলাম, একে ধোঁকা দেওয়া সহজ হবে না।একদিন তার চেম্বারে ফলের জুস খাওয়ার ফাঁকে আমাকে জানাল, তার স্কুলপড়ুয়া মেয়েও নাকি ফেসবুকে অ্যাডিক্ট! সেই মেয়ের ওপর নাকি এর চেয়েও ভয়াবহ নজরদারি করা হয়। সেটা কী রকম? মেয়ের ঘরে সে গোপনে একটা ক্যামেরা তাক করে রেখেছে, যেটা শুধু মেয়ের কম্পু স্ক্রিন মনিটর করে। মেয়ে যখন বাসায় থাকে না, তখন সে ব্রাউজার হিস্টরি চেক করে! সব শুনে মনে হলো, চিকিৎসার নামে এই নারীর গোয়েন্দা নজরদারির বাতিক রয়েছে। যদি তা-ই হয়, তাহলে এই নারীরই সবার আগে চিকিৎসা হওয়া প্রয়োজন। তার মেয়েটার জন্য মায়া লাগছে! আহারে, বেচারি, কী কুক্ষণে সাইকোথেরাপিস্টের ঘরে জন্মেছিল!আমি সেদিনের মতো কাউন্সেলিং নিয়ে বাসায় এসেই একটা স্ট্যাটাস দিলাম ফেসবুকে: সাইকোথেরাপিস্ট, তোমায় আমি অভিশাপ দিচ্ছি, অতি শিগগির তুমি নিজেই ফেসবুকে আসক্ত হবে এবং তোমাকে তার চিকিৎসার জন্য অন্য আরেকজন সাইকোথেরাপিস্টের কাছে যেতে হবে। গরিবের দোয়া নাকি কবুল হয়, কিন্তু এক বছর হয়ে যাচ্ছে প্রায়, এখন পর্যন্ত দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনাও দেখছি না!