আমার বউয়ের এভারেস্ট জয়
নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের এভারেস্ট বিজয়ে আমরা আনন্দিত ও গর্বিত। তাঁরাসহ অন্য সবার কাছে ক্ষমাপ্রার্থনাপূর্বক এভারেস্ট জয় নিয়ে এই প্যারোডি—নিশাত মজুমদার নোয়াখালীর মেয়ে। নিল আর্মস্ট্রং চাঁদে পা রাখতেই আগে থেকে চাঁদে বসে থাকা এক নোয়াখাইল্যা বলে উঠল, ‘ভাইসা, ভালা আছেননি?’ এটা কৌতুক। কিন্তু নিশাত মজুমদারের এভারেস্ট জয় কৌতুক নয়। নোয়াখাইল্যারা সব পারে। একজন নোয়াখাইল্যা হিসেবে আঁই গর্বিত।প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের এভারেস্ট জয়ের পর ফেসবুকে আমার এই আঞ্চলিকতাপূর্ণ স্ট্যাটাস দেখে এক সিলেটি বন্ধু মন্তব্য করলেন, ‘নিশাত এভারেস্টে গেছেন ওইখানে লুকিয়ে থাকা আরেক নোয়াখাইল্যার কাছ থেকে ধারের টাকা ফেরত আনতে। নইলে এত দূর যাওয়ার কষ্ট করতেন না।’কিতা মাত মাতে এই সিলেটি! এভারেস্ট জয়ের মতো একটা ব্যাপারকে এভাবে অবমূল্যায়ন? একটা জিদ চেপে গেল আমার ও আমার স্ত্রীর ভেতরে। বোঝাতে হবে—শুধু ধারের টাকা ফিরিয়ে আনতে নোয়াখাইল্যারা এভারেস্টে যায় না। আমাদের জিদের ব্যাপারটা বুঝতে পেরেছেন আরেক নোয়াখাইল্যা ওয়াসফিয়া নাজরীন। এক সপ্তাহের মাথায় তিনিও জয় করলেন এভারেস্ট। কিন্তু অন্যের জিদে কাজ কি? নিজেদের জিদকেই কাজে লাগাতে হবে। আমার স্ত্রী ঠিক করল সেও এবার এভারেস্টে উঠবে। এ জন্য সে প্রাথমিক কিছু কাজ করে রাখল। শুরুতে আমাদের বাসার পাশে যে গোলাকৃতি পাহাড়টা আছে তার নাম রাখল রাউন্ড এভারেস্ট (নাম পাল্টাতে কোনো সমস্যা হয়নি। এটা এ দেশে অতিসাধারণ একটা ব্যাপার)। তারপর সে সেই এভারেস্ট অভিযানের জন্য শাড়ি, হিল জুতা ইত্যাদি প্রয়োজনীয় সরঞ্জাম কিনে ফেলল।অবশেষে গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটা ৩২ মিনিটে আমার বউ তৃতীয় বাংলাদেশি (এবং নোয়াখাইল্যা) নারী হিসেবে এভারেস্ট জয় করেছেন। রাউন্ড এভারেস্টের পাহাড়তলি অংশের পশ্চিম দিক (ওয়েস্ট ফেস) ভূমিদস্যুদের হাতে কাটা পড়ে এবড়োখেবড়ো হয়ে যাওয়ায় খুলশী অংশের দক্ষিণ দিক (সাউথ ফেস) দিয়ে পাঁচটা ২৯ মিনিটে তিনি অভিযান শুরু করেন। তখন তাঁর হাতে ছিল এক বোতল ওয়াসার পানি, কাঁধে ছিল ব্যাগ। প্রচণ্ড গরম, পেঁচিয়ে যাওয়া শাড়ি, হিলের গায়ে জুতার হিল গেঁথে যাওয়া ইত্যাদি প্রতিকূলতার জন্য চূড়ান্ত বিজয় কিছুটা বিলম্বিত হয়। এভারেস্টচূড়ায় আঁচল উড়িয়ে পাঁচটা ৩৭ মিনিট ৩০ সেকেন্ডে তিনি বেস ক্যাম্পে ফিরে আসেন। আঁচল ওড়ানোর সময় নকিয়া ফোনে তাঁর সঙ্গে আমার সরাসরি কথা হয়। তখন তাঁকে খুব উত্তেজিত মনে হচ্ছিল। কারণ, এভারেস্টচূড়ায় এর আগে কেউ আঁচল ওড়ায়নি। পরে ফয়’স লেকে ফুচকা খেয়ে বাসায় ফিরলে আমি তাকে উষ্ণ শুভেচ্ছা জানাই।এভারেস্ট বিজয়ের অভিজ্ঞতা ও অনুভূতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এর আগে আমি রাঙামাটি-কাপ্তাইয়ের পাহাড়, বান্দরবানের নীলগিরি সালোয়ার-কামিজ পরে জয় করেছি। এবার আমিই প্রথমবারের মতো শাড়ি পরে এভারেস্ট জয় করলাম। তাই ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘মাঝপথে ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। অতিরিক্ত গরমে আমার লিপস্টিক গলে যাচ্ছিল। মুখ খুলতে পারছিলাম না। ভাগ্যিস টিস্যু পেপার ছিল। নইলে আমার নতুন কেনা শাড়ি দিয়ে মুছতে হতো।’ সবশেষে তাঁর এই বিজয় তিনি দেশের সব নির্যাতিত গৃহবধূকে উৎসর্গ করার ঘোষণা দিলে আমি খটকায় পড়ে যাই। জানতে ইচ্ছে করে—তিনিও নির্যাতিত কি না! কিন্তু বেফাঁস কথা শোনার ভয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকি। তবে তাঁকে দেওয়া উষ্ণ শুভেচ্ছা আমি গোপনে প্রত্যাহার করে নেব কি না, সে বিষয়ে ভাবতে থাকি। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।