আমার বন্ধু আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

সেবার গ্রামে গিয়েছি সাঁতার শিখব এই প্রতিজ্ঞা করে। চাচাতো ভাইবোনেরা মহা উৎসাহে সাঁতার শেখাতে লেগে গেল। কিন্তু এক সপ্তাহেও কোনো উন্নতি না দেখে হাল ছেড়ে দিল তারা। এরপর থেকে গোসলের সময় তারা সাঁতরে দূরে চলে যেত আর আমি অল্প পানিতে নেমে উদাস হয়ে তাদের দেখতাম। আমার অবস্থা দেখে প্রায় আমারই বয়সী এক গ্রাম্য মেয়ের করুণা হলো হয়তো। আমাকে বলল, ‘আমার হাত ধইরা পানিতে নামনমাত্রই “হেলতে” শিখা যাবা।’ আমি ‘হেলা’ শেখার জন্য তার হাত ধরে গভীর পানির দিকে নামতে লাগলাম।
একপর্যায়ে হঠাৎ পায়ের নিচে তল পাচ্ছিলাম না কোনো। সে দমবন্ধ করা অনুভূতি সারা জীবন মনে থাকবে। শুরু হলো আমার মরণ দাপাদাপি। অবিশ্বাস্য হলেও সত্য, আমি ওই দিনই সাঁতার শিখেছিলাম। আশা নামের সেই মেয়েটার সঙ্গে আমার বন্ধুত্বও জমে গেল। কত মজাই না করেছি আমরা গ্রামে! শহুরে আমি গ্রাম চিনেছি তার কাছেই। ঢেঁকিতে ধান ভানা, জাঁতায় আটা তৈরি, ভরদুপুরে আমবাগানে আম কুড়ানো, নৌকায় চড়ে শাপলা ফুল তোলা আরও কত কি! বন্ধু দিবস কী তা হয়তো আমার এই বান্ধবী জানে না। আমার কাছে বন্ধুত্বের এক নাম আশা।
বর্ষা আহমেদ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।