তোর সঙ্গে আমার কত দিনের পরিচয়! এই হবে হয়তো সাত-আট মাসের। দেখা হলেই তুই দূর থেকে সালাম দিতি। আর বলতি, ‘দোস্ত, কেমন আছিস?’ ইসমাইল তোর মনে আছে, আমি প্রথম যেদিন বিতর্ক ক্লাবে যাই, সেদিন ছিল বারোয়ারি বিতর্ক। আর তুই তো জানিস, বিতর্ক সম্পর্কে আমার জ্ঞান ছিল একেবারেই শূন্য। যখন তুই ঘণ্টি না দেওয়া পর্যন্ত টানা বলে গেলি, তখন আমার মনে হয়েছিল, তুই তৃতীয় কিংবা চতুর্থ বর্ষের কোনো বড় ভাই হবি। কিন্তু আমার ভুল ভাঙল বিতর্ক শেষ হওয়ার পর, যখন তুই এসে বললি, ‘দোস্ত, বিতর্ক কেমন লাগল?’ তখন আমিও বললাম, ‘হ্যাঁ, দোস্ত ফাটাফাটি।’ সেদিন থেকে মূলত পরিচয়। তারপর প্রায় প্রতিদিনই তোর সঙ্গে আমার দেখা হতো। কথা হতো, মূলত বিতর্ককেন্দ্রিক কথাবার্তা! তোর একটা স্বপ্ন ছিল, প্রথম বর্ষ থেকে দুটি শক্তিশালী দল তৈরি করা, যারা বিতর্কে অনেক ভালো করবে।যেদিন তুই তোর ডিপার্টমেন্টের ভলিবলের মেডেলটা আমাকে দেখালি, সেদিন আমার খুব লোভ হয়েছিল ওই মেডেলের ওপর। কী সুন্দর! ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোসংবলিত সেই মেডেলটি! আচ্ছা দোস্ত, তোর মেডেলটা এখন কোথায় রে?তোর সঙ্গে আমার শেষ দেখা টিএসসিতে। আমি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ‘নিরাপদ সড়ক চাই’-এর গণসাক্ষরতা অভিযান সম্পর্কে কথা বলছিলাম। হঠাৎ তোর দেখা। তুই প্রথম ইলিয়াস ভাইকে চিনতেই পারিসনি। যখন আমি বললাম, তখন তুই অবাক হয়ে গিয়েছিলি। কী আশ্চর্য বল তো—যেই ইলিয়াস ভাই নিরাপদ সড়কের জন্য অনবরত সংগ্রাম করে যাচ্ছেন, সেই ইলিয়াস ভাইয়ের সঙ্গে হ্যান্ডশেক করার কয়েক দিন পরই তুই সড়ক দুর্ঘটনায়...!দোস্ত দেখ, আজ রাতের আকাশজুড়ে তারা আর মেঘের লুকোচুরি খেলা চলছে। এই সুবিশাল আকাশে কোথাও তারাগুলো মিটমিট করে জ্বলে উঠছে। আবার কোথাও মেঘের আড়ালে চলে যাচ্ছে। আমাদের জীবনটা বোধ হয় এমনি রে! কোথাও ফুটছে আবার কোথাও নিভে যাচ্ছে। দোস্ত, তুই এখন কোথায় আছিস, কেমন আছিস আমি জানি না। তবে যেখানেই থাকিস ভালো থাকিস রে, অনেক ভালো...।রকিবুল ইসলামসলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।