আমার বন্ধুর অলৌকিক ভবিষ্যদ্বাণী এবং ভাগ্য বদলের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। আমি আবিষ্কার করছি নওরোজ ইমতিয়াজকে। নওরোজ বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি ১৩ বছর ধরে আমার বন্ধু। এই দীর্ঘ ১৩ বছরে আমার একটিবারের জন্যও মনে হয়নি, তিনি এতখানি প্রতিভাধর। দিন গড়িয়েছে, আর্থিক ও সামাজিক মানদণ্ডে আমাদের বন্ধুত্বের বন্ধনটি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। এর প্রধানতম কারণ, নওরোজ দিনে দিনে বড় থেকে আরও বড় হয়েছে। আর আমি অজপাড়াগাঁয়ের ডাকবাক্সের মতো একই জায়গায় দাঁড়িয়ে আছি। জীবনটা বাংলা সিনেমার মতো নয় যে চৌধুরী সাহেবের ছেলে রাজ্জাকের সঙ্গে কমলাপুরের কুলি ইলিয়াস কাঞ্চনের বন্ধুত্ব হবে। বাস্তবতা অন্য রকম। কাজেই আমাদের পারস্পরিক সম্পর্ক এখন সয়াবিন তেল আর পানির মতোই ঘনিষ্ঠ। এক বোতলে রেখে দীর্ঘক্ষণ ঝাঁকাঝাঁকি করলে ক্ষণিকের তরে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই বটে, কিন্তু আলাদা হতে সময় লাগে না। সেদিন চায়ের দোকানে বসে আড্ডা হচ্ছিল নওরোজের সঙ্গে। এমন সময় নওরোজের একজন পুরোনো ক্লায়েন্ট কাম ভক্ত এসে নওরোজকে বলল, ‘আমার হাতটা দেখে দ্যান তো।’ নওরোজ গভীর মনোযোগের সঙ্গে হাত দেখে তার ভক্ত কাম কাস্টমারকে বিদায় করল। এরপর ভক্তি সহকারে আমি নিজের হাতখানা বাড়িয়ে দিলাম নওরোজের দিকে।নওরোজ দীর্ঘক্ষণ আমার হাত দেখে আমার সম্পর্কে চারটি ভবিষ্যদ্বাণী করল:ভবিষ্যদ্বাণী নম্বর ১আমার চিন্তাভাবনা দারুণ রকমের গভীর কিন্তু সেই চিন্তাভাবনা গন্তব্যহীন, নিষ্ফল এবং লক্ষ্যচ্যুত।আমার বক্তব্যনওরোজের এই কথাটি শতকরা ১০০ ভাগ সত্যি। আজকের কথাই ধরা যাক, সকালে অফিসে বসে গভীরভাবে চিন্তা করে দেখলাম, এই রকম আবহাওয়ায় অফিসে বসে না থেকে এখনই বাসায় গিয়ে ঘুম দেওয়া হবে বুদ্ধিমানের কাজ। তাতে এক ঢিলে চারটি পাখি মারা সম্ভব হবে। ১. শরীর বিশ্রাম পাবে, ২. স্ত্রীকে বোঝানো যাবে, তাকে আমি সময় দিচ্ছি এবং এক টানে তার সব বকেয়া অভিযোগ শোনা যাবে, ৩. বাচ্চারা কোন ক্লাসে পড়ছে, কবে তাদের পরীক্ষা, তারা নতুন কী ছবি আঁকল—সব খোঁজ নেওয়া যাবে, এবং ৪. আমার জ্বর-আক্রান্ত জননীর শিয়রে খানিকক্ষণ বসে থেকে তাঁকে বোঝানো যাবে, এখনো তাঁকে আমি আগের মতোই ভালোবাসি, তাঁকে নিয়ে গভীর টেনশন করি। তাই অফিস বাদ দিয়ে ভরদুপুরে একজন সুনাগরিক তথা সুসন্তান হিসেবে তাঁর বিছানার পাশে গিয়ে বসেছি।এই সুগভীর পরিকল্পনা থেকে আমি ঝড়ের বেগে অফিস থেকে বের হয়ে বাসে চড়ে বসলাম। পাশের যাত্রীকে বললাম, ‘ভাই, মিরপুর আসলে ডাক দিয়েন।’ তারপর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। ফোনের শব্দে কারওয়ান বাজারের কাছাকাছি এসে ঘুম ভাঙল এবং আমি বিনা প্ররোচনায় বাস থেকে নেমে কুকার্স সেভেনে ঢুকে লাঞ্চ করলাম এবং এবিসি রেডিওর নিচের চায়ের দোকানে আড্ডায় বসে পড়লাম। সেখান থেকে গেলাম ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট থেকে গেলাম মিরপুর রূপনগর। কোথায় গেল বিশ্রাম, কোথায় গেল স্ত্রী-কন্যা-পরিবারকে সময় দেওয়া।ভবিষ্যদ্বাণী নম্বর ২অতীতের মতো আমার ভবিষ্যৎজীবনও হবে সমস্যাসংকুল এবং বেদনাদায়ক।আমার বক্তব্যনওরোজের এ কথাটিও হাড়ে-মাংসে ঠিক। আমার মনে পড়ে গেল শৈশবের কথা। তখন ক্লাস ফোর কি ফাইভে পড়ি। সবে জীবন সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে। কী রকম ধারণা? ছোট্ট একটা উদাহরণ দিই। ঈদ যে অত্যন্ত আনন্দময় একটি উৎসব, নতুন কাপড় কেনার বাইরেও যে এই দিনে অনেক কিছু উদ্যাপন করার থাকে, তা সেই বছরই বুঝলাম। কাজেই, ঈদ আসার মাস দুয়েক আগেই স্কুলের বন্ধুদের সঙ্গে বিশদ পরিকল্পনা করলাম, এবারের ঈদে কী কী মজা করব। যথাসময়ে ঈদ এল। ঠিক ঈদের আগের দিন আমার নানি মারা গেলেন। তিনি মারা যান ঢাকা মেডিকেল কলেজে। আমরা লাশ নিয়ে ঈদের দিন ছুটলাম মানিকগঞ্জে। ঈদ কাটল লাশের ট্রাকে। ঈদের আনন্দ জীবন থেকে স্থায়ীভাবে মুছে গেল, কেননা ঠিক তার পরের ঈদেই, ঠিক ঈদের দিন সকালে নানা মারা গেলেন। অভাগা যেদিকে তাকায়, সমুদ্র সেখানে শুকিয়ে যায়। আমি তাকালে সমুদ্রে আরও ভয়ংকর কাণ্ড ঘটে, সমুদ্রে সুনামি হয়। মাঝেমধ্যে নিজেকে পাঁচ টনি ট্রাকের ফুয়েল ট্যাংকের মতো মনে হয়, যেখানে লেখা আছে, ‘জন্ম থেকে জ্বলছি’। আশা করি, আমার বাকি জীবনটা আর ব্যাখ্যা করতে হবে না।ভবিষ্যদ্বাণী নম্বর ৩আমার আয়ু খুব অল্প। ৪৫ বছর বয়সে আমি রোগে ভুগে মারা যাব। ভাগ্য অনুকূলে থাকলে আমি আরও পাঁচ বছর অসুস্থ অবস্থায় বেঁচে থাকব, ৫০-এ এসে মরব।আমার বক্তব্যআমি খুব ভীতু ধরনের মানুষ। তদুপরি হূদেরাগ থেকে শুরু করে নানা রোগে আক্রান্ত। হয়তো আরও একটু বেশি বাঁচতাম। এই ভবিষ্যদ্বাণীর পর বেঁচে থাকার জন্য ন্যূনতম যে মানসিক জোর দরকার, সেটি সম্পূর্ণ শূন্যের কোঠায় নেমে এসেছে। আমি ঠিক সময়ে মরে নওরোজের জ্যোতিষ ক্যারিয়ার উজ্জ্বল করতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস।ভবিষ্যদ্বাণী নম্বর ৪এটিই হচ্ছে সবচেয়ে ভয়ংকর ভবিষ্যদ্বাণী। মিতুই আমার জীবনের সর্বশেষ নারী। এরপর আমার কোনো নারীযোগ নেই।আমার বক্তব্যআমি ৪৫ বছরও বাঁচতে চাই না। আয়ু আরও কমুক। এত আয়ু দিয়ে আমি কি ঘাস কাটব?নওরোজের এই ভবিষ্যদ্বাণীর পর আমি খুব মুষড়ে পড়লাম। শুধু আমি না, আসরে উপস্থিত অন্যরাও বেশ গম্ভীর হয়ে গেলেন। সবচেয়ে বেশি ভেঙে পড়ল নওরোজ নিজে। বলল, ‘স্যরি, দোস্ত। তোর ভাগ্যের ওপর আমার কোনো হাত নাই। হাতে যা লেখা ছিল, আমি শুধু তা-ই বলেছি।’আমি বললাম, ‘৪৫ বছরে যদি মৃত্যু হয়, তাহলে তো সময় বেশি নাই। এখনই সব গুছিয়ে ফেলা উচিত।’নওরোজ খানিকক্ষণ মাথা নেড়ে বলল, ‘আসলেই গুছিয়ে ফেলা দরকার। মানে, আমি বলছি না তুই ৪৫ বছরেই মরবি, তার পরও একটা প্রিপারেশন নিয়ে রাখা ভালো। বলা তো যায় না...মানে...তোর ভালোর জন্য বলছি।’আমি আবারও বললাম, ‘মিতুই আমার জীবনের শেষ নারী? আর কোনো মেয়ে আসবে না?’নওরোজ দৃপ্ত ভঙ্গিতে বলল, ‘এটা তো বোঝার জন্য হাত দেখার দরকার নেই। এমনিই বলা যায়। তোর কাছে মেয়েরা আসবে কেন? মানে আমি বলছি না, তুই খারাপ বা তোর চেহারা খারাপ। কিন্তু আসলে দোস্ত, কোনো মেয়ে তোর প্রেমে পড়বে—এমন কোনো গ্রাউন্ড তো নেই আসলে।’আমি থ মেরে খানিকক্ষণ বসে রইলাম। নওরোজও ঝিম ধরে বসে রইল। এমন সময় আড্ডার উপস্থিত এক দয়ালু লোক বলল, ‘আচ্ছা নওরোজ ভাই, উনার কি আর কোনো উপায় নাই? মানে, দেখেন না, কোনোভাবে যদি ভাগ্যটা একটু চেঞ্জ করা যায়।’নওরোজ তখন জানাল, ‘হ্যাঁ। ভাগ্য বদলানোর একটা বৈজ্ঞানিক উপায় আছে। ধরেন, রবি যদি এখন থেকে আগামী পাঁচ বছর ইট ভাঙার কাজ করে, তাহলে ওর হাতের রেখা বদলে যাবে। হাতের রেখা বদলানো মানে ভাগ্য বদলানো। কাজেই তখন অটোমেটিক হাতের রেখার সঙ্গে সঙ্গে ভাগ্য বদলে যাবে। অবশ্য ভাগ্য বদলানো মানে যে ভাগ্য ভালো হওয়া, তা নয়। আরও খারাপও হতে পারে।’এতক্ষণে আমি আশার আলো দেখতে পেলাম। আমি ঠিক করেছি, আমি ঝুঁকি নেব। যে করেই হোক, হাতের রেখা বদলাব, ভাগ্য বদলাব। তাতে আমার দুর্গতি বাড়ে বাড়ুক; কিন্তু আমি রিস্ক নেবই। নো রিস্ক, নো গেইন। তবে ইট ভাঙার কাজ আমি করব না। শারীরিক পরিশ্রমের কারণে এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। আমি অন্য উপায় ইতিমধ্যে চিন্তা করে বের করেছি। (লক্ষ করুন, নওরোজ বলেছে, আমার চিন্তাধারা মারাত্মক রকমের গভীর)। আমি হাত কচলাব। হাত কচলে কচলে ভাগ্যরেখা বদলে ফেলব।