আমার বলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওর নাম রাইদ। আমার নাতি। আমাদের জুনিয়র বাবু। আমার ছেলে বাবু তার নামের আধিপত্য কাউকে দিতে রাজি নয়, কিন্তু ওকে দিয়েছে। জুনিয়র বাবুটা প্রচণ্ড প্রতিযোগিতা করে এসেছে আমার ছেলের সঙ্গে। ও যখন পৃথিবীতে আসে, আমার ছেলে তখন হাসপাতালে। আর ওই দিনই ছিল ওর অপারেশন আর এদিকে রাইদের পৃথিবীতে আগমনের দিন কিন্তু জুনিয়র বাবুর জিত হলো, আমি হাসপাতালে ওর কাছেই রইলাম। কয়েক দিন পর ওকে নিয়ে বাড়ি এলাম। এর পরের দিনগুলো ভালোই কাটছিল। মায়ের মাতৃত্বকালীন ছুটি শেষ হয়ে গেল। এবার ওদের ময়মনসিংহ যেতে হবে। এবারও জুনিয়রেরই জিত। আমি কারও দিকে তাকালাম না। ওর সঙ্গে ময়মনসিংহে চলে গেলাম। আমার দিন বদলে গেল। আমি এখন ওকে খাওয়াই, ঘুম পাড়াই, গোসল করাই। ও আমার খেলার সাথি। এখন ও একটু বড় হয়েছে। এঁড়ে বাছুরের মতো তিড়িংবিড়িং করে হাত-পা নাড়ে। আমি ওই নাড়ানোর তালে তালেই খাওয়াই। ওকে ঘুম পাড়াতে আমার বারোটার ওপর চৌদ্দটা বেজে যায়। তখন ওকে কোলে করে কাঁধে মাথা চেপে ধরে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নামি। শুধু তা-ই নয়, ওকে কবিতা অথবা গান শোনাতে হয় তালে তালে। ও কিন্তু এমনি এমনি আমার কাছে শোবে না, হাতে একটা কিছু দিতে হবেই। এই যেমন পাউডারের কেস, কৌটা, ঝুনঝুনি কিংবা যেকোনো খেলনা। আর আমি তো আছিই প্রতিযোগিতায়। ঘেমে নেয়ে একাকার আমি। একসময় আমার কোলে গলে পড়ত, তারও কিছুক্ষণ পর ওর হাতের জিনিসটা পরে যেত টুস করে। এই হলো তার ঘুম। ও যখন আর একটু বড় হলো ওকে খাওয়াতে খেলা আবিষ্কার করতে হতো। এই যেমন টিকটিকিকে খোঁচা মারা, কাঁঠালগাছের পাতা পাড়া, কলে পানি ছেড়ে বোতলে ভরে ২০ টাকা দরে দুধ বিক্রি, আরও কত কী। প্রতিদিন নিত্যনতুন খেলা। কারণ পুরোনো খেলায় খাওয়ানো যেত না।জুনিয়র বাবু একটু একটু কথা বলা শিখছে। ওর মায়ের সহকর্মী রোজী। ওকে ভীষণ ভালোবাসত। ও শাসিয়ে বলল, ‘তুই যদি আমার নামের আগে অন্য কারও নাম শিখিস তা হলে তোর একদিন কি আমার একদিন।’ সত্যি সত্যি ও সবার আগে রোজীর নামটাই শিখল, দোজী। ধীরে ধীরে সব কথাই ওর আয়ত্তে চলে এল। আমি ওকে গান শেখাই, কবিতা শেখাই। কঠিন কঠিন গানের কথাগুলো ও অনায়াসেই বলতে পারে। আমি অবাক হই। কেউ গান গাইতে বললে দ্বিধা করে না, দুলে দুলে গায়।এরই মধ্যে আড়াই বছর পেরিয়ে গেছে, ওর মা বদলি হয়ে আবার ঢাকায় চলে এল। ওরা আমার কাছেই রইল আর রাইদ আমার কাছেই বড় হতে লাগল। ও এখন গাড়ি গাড়ি খেলে, যুদ্ধ যুদ্ধ খেলে, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স খেলে। কম্পিউটারে কত গেম! এখন ও নিজেই নতুন নতুন খেলা আবিষ্কার করে। আর খেলার সাথি হতে হয় আমাকে। আমার দিনকাল প্রচণ্ড ভালো কাটছে। সময় কোথা দিয়ে যায়, টেরই পাই না। আমি ওকে গল্প শোনাই, যুদ্ধের গল্প, ডালিমকুমারের গল্প, ফটিক- বলাই-গয়ারামের গল্প, যুদ্ধের গল্প ওর অনেক পছন্দের। আমাকে বলে, নান, জোছনা নানের সেই গল্পটা বলো, ‘এখানে গুলি পড়ছে, ওখানে একটা গুলি পড়ছে, একটা গুলি তোমার বাবার পকেট ছিঁড়ে নিয়ে গেল, দুরুম দুরুম। জোছনা নানের গুলি লাগছে। রক্ত বের হচ্ছে। তোমরা দৌড়াচ্ছ।’ আমি ওকে মুক্তিযুদ্ধের গল্প শোনাই। তবে কম্পিউটারে বেশিক্ষণ থাকতে দিই না, একটু কঠিন হতে হয়। ওর যখন কম্পিউটারে খেলতে ইচ্ছে করে তখন এসে আমাকে চুমু দেবে আর যুদ্ধের খেলা বের করতে করতে বলবে, ‘তোমাদের সময় এ রকম যুদ্ধ হয়েছিল?’ মানে আমাকে ভুলিয়ে সে কম্পিউটারে বসে যুদ্ধ খেলবে। গাড়ি নিয়ে আমরা কত জায়গায় বেড়াতে যাই। সেন্টমার্টিন, কক্সবাজার, সিলেট, আরও কত কত জায়গায়। রাইদ এখন আর আমার সঙ্গে থাকে না। আমার এত বড় বাড়িতে একলা দিন কাটে। আমি ওর পায়ের শব্দ পাই, চমকে উঠি। ফিরে তাকাই, রাইদ নেই। হঠাৎ হঠাৎ দৌড়ে এসে আমার পায়ে আর সুড়সুড়ি দেয় না। মাঝরাতে মায়ের সঙ্গে ঝগড়া করে আমার ঘুম ভাঙিয়ে আর বলে না, ‘নান, আমাকে কোলে নিয়ে হাঁটো।’ হয়তো রাতে ঘুম থেকে লাফিয়ে উঠেই দৌড়ে যাচ্ছি, ওর নানা জিজ্ঞেস করে, ‘কোথায় যাও?’ আমি বলছি, রাইদ পানি খাবে, পানি আনতে যাই। ‘কোথায় রাইদ?’ ও, তাই তো, রাইদ তো দাদুর বাসায়। ওর কথা মনে হতেই দুচোখে অন্ধকার কালো মেঘে ভরে ঢল নেমে আসে। কত সময় এই শূন্য ঘরটায় বুক ফাটিয়ে কাঁদি। আমার কান্না চার দেয়ালে প্রতিধ্বনিত হয়ে আবার আমার কাছেই ফিরে আসে। কেউ শুনতে পায় না।রাইদ আমার বলাই। রাইফ আমার গয়ারাম। আগামী ২৮ অক্টোবর রাইদের জন্মদিন। শুভ জন্মদিন বাবু। বেঁচে থাকো বাবু হাজার বছরের পরমায়ু নিয়ে, বেঁচে থাকো ভালো মানুষ হয়ে। বেঁচে থাকো মা-বাবার বুকভরা ভালোবাসা নিয়ে। সেহেলী হকগ্রিন রোড, ঢাকা