সকালে ঘুম থেকে উঠেই ইউনিভার্সিটিতে যাওয়ার তাড়া। খুব দ্রুত নাশতা সেরে লাঞ্চটা ব্যাগে নিয়ে একছুটে বাস ধরার জন্য দৌড় দিই। এই বাস ধরতে না পারলে ১৫ মিনিট মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে বাসস্টপে দাঁড়িয়ে থাকতে হবে পরের বাসটার জন্য। কানাডার এই এডমন্টন শহরে দেড় বছর ধরে বাস করার কারণে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বেশ স্বাভাবিক মনে হয়। বরং এই শীতকালে কোনো দিন বরফ না পড়লে মনে হয়, ‘আজ কী যেন নেই।’বাস থেকে নেমেই আবার পাতাল ট্রেনের জন্য দৌড়। বাংলাদেশে থাকার সময় পাতাল ট্রেনের প্রতি যে অসীম আগ্রহ ছিল, সেটা আর নেই। এখন মনে হয়, ট্রেন তো মাটির নিচ দিয়েই যাবে, এতে অবাক হওয়ার কী আছে? ট্রেনের সিটে বসে ব্যাগ থেকে আমার ছোট ক্যালেন্ডার বের করি এই সপ্তাহের রুটিন দেখার জন্য। ক্যালেন্ডারের পাতা দেখে মনে পড়ে, আজ পঁচিশে মার্চ। কেমন একটা অপরাধবোধ অনুভব করি নিজের মধ্যে! অত্যন্ত লজ্জাজনক হলেও সত্য, বাংলাদেশে থাকার সময় নিজের মাতৃভূমির কথা কখনো ভাবিনি। শুধু পড়াশোনা আর ক্যারিয়ার—এ দুটোর চিন্তা নিয়েই কেটেছে পুরো সময়। মাতৃভূমির অনুভূতি প্রথম বুঝতে পেরেছিলাম কানাডার উদ্দেশে রওনা হওয়ার সময়। প্লেনে ওঠার সময় আমার পাশের কয়েকজন বাংলাদেশি খুব কাঁদছিল। হঠাৎ লক্ষ করলাম, আমার নিজের চোখটাও ভিজে উঠছে। অনুভব করলাম, গলার কাছে যে কান্নাটা জমে আছে, সেটা শুধু ফেলে আসা পরিবার-পরিজন আর বন্ধুবান্ধবের জন্য নয়। সেই প্রথমবার বাংলাদেশকে এমন হূদয় দিয়ে অনুভব করেছিলাম।কানাডার এই বিলাসবহুল আর যান্ত্রিক জীবনের মধ্যে থেকে মাঝেমধ্যেই ভুলে যাই সেই দেশটার কথা। কতটা স্বার্থপর আমি। যে দেশে আমার জন্ম, যে দেশমাতৃকার কোলে বড় হয়েছি, সেই দেশকেই ভুলে যাই! দেশকে আমি কখনো কিছুই দিইনি, শুধু নিয়েই গেছি। আফসোস, দেশের প্রতি আমার ভালোবাসা শুধু আবেগতাড়িত কিছু লেখনীতে আর ইউটিউবে দেশের কিছু গান শোনার মধ্যেই সীমিত। ‘জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো’ গানটি শুনলে নিজের অজান্তেই এখন চোখটা ভিজে ওঠে। সত্যিই আমার জন্ম ধন্য হয়েছে বাংলা মায়ের কোলে জন্ম নিয়ে।জানি, শুধু এই আবেগ দিয়ে কোনো কাজ হবে না। আমার মতো নরম বিছানায় শুয়ে সুন্দর আর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেও কোনো লাভ নেই। তবুও বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, সুন্দর আর স্বর্ণালি ভবিষ্যতের স্বপ্ন। যে দেশে সূর্যসন্তানদের হত্যা করা হয়েছিল এই পঁচিশে মার্চের কালরাতে, যে দেশে স্বাধীনতা আনতে গিয়ে লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছেন, আর মা-বোনের উপর নেমে এসেছিল অকথ্য নির্যাতন—সে দেশের মাটিতে আজও নির্লজ্জের মতো মাথা উঁচু করে ঘুরে বেড়ায় কিছু শকুন। যে শকুনগুলোর প্রত্যক্ষ সহায়তায় হানাদার বাহিনী আমার দেশের নিরপরাধ মানুষদের নৃশংসভাবে খুন করেছে।আমার বাবা এই শকুনগুলোর বিচার দেখে যেতে পারেননি। আমি পারব কি না জানি না। তবে আমার প্রত্যাশা, আমার সন্তানকে যেন এই শকুনগুলোর চেহারা দেখতে না হয়!মো. জিয়াউর রহমানইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডা