আমার বাচ্চার কী দোষ ছিল?
>সম্প্রতি হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চারজন শিশুকে হত্যা করা হয়। মায়েদের বুক খালি হয়ে গেছে। এই মায়েরা জানেন না, কেন তাঁদের সন্তানকে মেরে ফেলা হয়েছে? কী দোষ ছিল ওদের?

তাজেল নেই, মায়ের স্বপ্নও এখন নেই
গ্রামের শিশুদের মধ্যে সবার প্রিয় ছিল তাজেল মিয়া (১১)। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় সে। সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল পড়াশোনায় বেশ ভালো ছিল। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা—দিনের কর্মসূচির সবই ছিল তার নিয়মের মধ্যেই। বিকেল হলে কোনোভাবেই তাকে বেঁধে রাখা যেত না। বাড়ির অন্যান্য ছেলেকে সঙ্গে নিয়ে ছুটত বাড়ির পাশে খেলার মাঠটিতে। ক্রিকেট ও ব্যাডমিন্টন ছিল তাজেলের প্রিয়। যে কারণে সব সময়ই ক্রিকেট বল-ব্যাট থাকত তাঁর হাতে। তাজেল খেলতে না গেলে কারোই যেন মন ভরত না। যেমন ছিল ছোটরা, তেমনি গ্রামের বড়দের কাছেও তাজেল ছিল বড় আদরের। আমিনা খাতুন ছেলের কথা বলছিলেন এভাবেই।
আমিনা খাতুন বলেন, ও স্কুল থেকে এসে ছোট বোনকে নিয়ে খেলত। তখন আমি সংসারের কাজ করতাম। কত স্বপ্ন ছিল ওকে নিয়ে। প্রথম সন্তান আমাদের। এতটুকু ছেলেকে কেমনে মারছে। বুক কাঁপল না তাদের। এখন কাকে নিয়ে স্বপ্ন দেখব? তাজেল নেই মায়ের স্বপ্নও যেন নেই। জীবনের এখন সব শেষ হয়ে গেছে।
কী করেছিল মনির
মনির (৭) ছিল চুপচাপ শান্ত। এ জন্য সবাই তাঁকে ডাকত ‘মাস্টার সাব’। ভেবেচিন্তে বড়দের মতো কথা বলত। অন্য বাচ্চারা বাড়ির উঠানে হইচই করলেও সে করত না। মনিরের মা সোলেমা খাতুন জানালেন খাওয়াদাওয়ার প্রতি তেমন পছন্দ-অপছন্দ না থাকলেও ঝাল ছিল মনিরের প্রিয়। কোনো সময় কোনো খাবারে ঝাল না হলে সে তা মুখেই নিত না। আর এখন তো এই মা কোনো খাবার মুখে নিতে পারেন না।

মনিরেরা তিন ভাই এক বোন। সে তৃতীয়। সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মনির সন্ধ্যা হলেই খেলাধুলা ফেলে বাড়িতে ছুটে আসত। হাত-পা ধুয়ে পড়তে বসত সন্ধ্যায়। নিজেও পড়ত, আবার ছোট ভাই রাফুকেও পড়াত। স্কুলের ছুটি বা বন্ধ থাকলে সেই সময়টিতে মনির বাবার সঙ্গে থাকতেই বেশি পছন্দ করত। যে কারণে বাবা তাঁর কৃষিকাজে মাঠে গেলে সে-ও হতো বাবার সঙ্গী। এ ছোট মানুষটি বাবার কৃষিকাজে কষ্ট দেখে নিজেও কষ্ট পেত। তাই সব সময়ই চাইত বাবাকে সহযোগিতা করতে। দেখা গেছে, বাবার সঙ্গে ধানি জমিতে কাদামাটি মেখে সে-ও বাড়িতে ফিরত। সুন্দর এই ছেলেটিকে এভাবে হারাতে হবে, তা কখনো ভাবেননি মা সোলেমা খাতুন। আক্ষেপ করে বললেন, কী করেছিল মনির, কী করেছিলাম আমরা?
কেন মারল ঘাতকেরা?
ছেলের সুন্দর হাতের লেখা দেখিয়ে চোখের জল আর ধরে রাখতে পারছিলেন না জাকারিয়া শুভর মা পারুল আক্তার। ছেলে তাঁর খুবই ভালো ছিল পড়াশোনায়। সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভর (৯) রোল নম্বর ছিল ২। এ জন্য স্কুলের শিক্ষকেরা তাঁকে বেশ পছন্দ করতেন। তেমনি শিক্ষার্থীরাও।
পারুল বলেন, সকাল হলেই পরিষ্কার পোশাক পরে স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে যেত শুভ। ছেলে সব সময় বলত, বড় হয়ে সে তাঁর মামার মতো হবে। শুভর মামা মুহিদ একটি

মেডিকেল কলেজে পড়েন। মামাকেই সে বেশি অনুসরণ করত। মায়ের চোখের জল মুখ গড়িয়ে মাটিতে পড়ছে আর বলছিলেন শুভর একমাত্র ছোট ভাই সোয়েব ভাইকে হারিয়ে নির্বাক হয়ে গেছে। ভাইকে দেখে না কত দিন হলো, তাই ভাইকে ছাড়া স্কুলেও যায় না সোয়েব।
ছেলেকে হারিয়ে তাঁদের পুরো পরিবার এখন অন্ধকারে। কত স্বপ্ন ছিল ছেলেকে ঘিরে। দুঃখ করে পারুল বলেন, বড়দের সঙ্গে বড়দের সমস্যা। শিশু শুভকে কেন মারল ঘাতকেরা? আমার বুক যারা খালি করেছে, আমার শোকে তারা যেন ভাসে।
অপূর্ণতা নিয়ে মরে গেল ছেলেটা
ইসমাইলের (৭) মৃত্যুর এক সপ্তাহ আগে তার মামা তরিকুল্লাহ ঢাকা থেকে ভাগনের পাঞ্জাবি-পায়জমা তৈরির জন্য কাপড় পাঠিয়েছিলেন। এ কাপড়

খুবই পছন্দ হয় ইসমাইলের। সে বাড়ির পাশে এক দরজির দোকানে কাপড়গুলো নিয়ে গেলে দরজি বলেছিল, এ পোশাক তৈরিতে ৩২০ টাকা লাগবে। টাকার পরিমাণ শুনে এ কাপড় বাড়িতে ফিরিয়ে আনে ইসমাইল। তার বিছানার বালিশের নিচে রেখে দেয় এ কাপড়। দুই দিন পর মাকে বলে ৩২০ টাকা দিলে সে দরজির দোকানে যাবে। মা বলেছিলেন, এখন টাকা নেই তোমার বাবার কাছে। পরে বানাইও।
আশা পূরণ হওয়ার আগেই মরে গেলে ছেলেটা। এ কথা বলে কাঁদতে থাকেন ইসমাইলের মা মিনারা বেগম।
ইসমাইল সুন্দ্রাটিকি আনওয়ারুল উলূম ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ত। তারা দুই ভাই এক বোন। ইসমাইল সবসময় মাকে বলত বড় হয়ে গরিব শিশুদের সে পড়াবে।
বাকি যে তিন শিশুকে মেরে ফেলা হয়েছে, তাদের পছন্দ করত ইসমাইল। চারজন একসঙ্গে ঘুরত। পৃথিবী থেকে বিদায়ও নিল একসঙ্গে।সাক্ষাৎকার নিয়েছেন হাফিজুর রহমান, হবিগঞ্জ