
পুত্র হিমুকে ‘মহাপুরুষ’ বানানোর লক্ষ্যে তার বাবা উদ্ভট সব কাজ করেছেন। পুত্রের উদ্দেশে দিয়েছেন বেশ কিছু মহান বাণী। হিমুর বাবার কথামালা নামে সেসব বাণী মলাটবদ্ধও হয়েছে। পুত্রকে ‘সফল ও সচেতন পুরুষ’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমার কিংবা আমাদের বাবারাও নিত্য অনেক বাণী দেন। কেমন সেগুলো? জানাচ্ছেন শরীফ মজুমদার
প্রিয় পুত্র, জীবনে সফল হইতে গেলে তোমাকে গোল্ডেন এ প্লাস পাইতে হইবে। তোমাকে অবশ্যই মেডিকেল কিংবা বুয়েটে অধ্যয়ন করিতে হইবে। স্মরণ রাখিয়ো, ডাক্তার-ইঞ্জিনিয়ার না বনিতে পারিলে জীবন বৃথা। সমাজে তোমাকে কেহই মূল্যায়ন করিবে না। তুমি বেশি বুঝিয়া নিজের ইচ্ছামতো কিছু হওয়ার কথা চিন্তাও করিয়ো না। কারণ, তুমি বাস্তব জ্ঞান রাখো না। আমরা তোমার মঙ্গল ভিন্ন অন্য কিছু চাহি না। কাজেই তোমার জন্য আমরা যা ভালো মনে করিব তাহাই শুধু করিবে।
প্রিয় পুত্র, আমি লক্ষ করিয়াছি যে তুমি অতিশয় হ্যাবলা। পৃথিবী বড়ই কঠিন জায়গা। তোমাকে এইখানে যুদ্ধ করিয়া টিকিয়া থাকিতে হইবে। তুমি যেইরূপ সরল, লোকে তোমাকে এক হাটে ক্রয় করিয়া অনায়াসে দুই তিনবার অন্য হাটে বিক্রয় করিয়া দিবে। কাজেই তুমি নিজের হ্যাবলামি ঝাড়িয়া চালাক হইয়া ওঠো। লোকের সঙ্গে চলিতে গেলে তোমাকে অতিশয় ধূর্ত ও হিসাবি হইতে হইবে।
শিক্ষালয়ে তুমি পলিটিকস দেখিবে। তুমি অনেককেই দেখিবে উহাতে জড়াইয়াছে। মিটিং-মিছিল করিতেছে। খবরদার, নিজেকে কক্ষনো ওই সব ঝামেলায় জড়াইবে না। কারণ, উহা তোমার কর্ম নহে। তুমি আদর্শ ছাত্র হইয়া পড়াশোনা করিবে। সকল প্রকার ঝামেলা হইতে তুমি অতি অবশ্যই এক শ হাত দূরে থাকিবে। কোথাও বিপদ দেখিলে মানে মানে কাটিয়া পড়িতে সচেষ্ট হইবে।
জগতে বাঁচিতে হইলে বন্ধুবান্ধবের প্রয়োজন আছে, ইহা অস্বীকার করি না। কিন্তু তুমি যেইরূপ বন্ধুবৎসল উহা আশঙ্কাজনক! এত বন্ধু কেন তোমার? কই, আর তো কারও দেখি না। মনে রাখিবে, বন্ধুবান্ধব হইল দুধের মাছি। তোমার সুখের সময় উহারা তোমার কাছেই থাকিবে। কিন্তু বিপদের সময় তুমি কাহাকেও পাইবে না। দুই বন্ধু আর ভল্লুকের কাহিনি নিশ্চয়ই পড়িয়াছ। জগতের ইহাই নিয়ম। কবি বলিয়াছেন, ‘সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারও নয়।’ আজীবন ইহা স্মরণ রাখিবে।
তোমার মোবাইল ফোন আসক্তি বাস্তবিকই চিন্তার বিষয়! হাঁটিতে-চলিতে, উঠিতে-বসিতে, খাইতে-শুইতে প্রায় সর্বক্ষণই তোমাকে মোবাইল ফোন লইয়া ব্যস্ত থাকিতে দেখা যায়। আমি বুঝি না একজন মানুষের কী এত কাজ থাকিতে পারে মোবাইল ফোনে! আর এই যে ফেসবুক না কী যেন ছাই, উহাতেই বা মানুষ কী এমন খুঁজিয়া পায়? জীবনের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। উহার কদর করিয়ো। পুত্র, তুমি অবনত মস্তকে সর্বদা মোবাইল ফোন টেপাটেপি করিয়ো না।
আমি লক্ষ করিয়াছি, তুমি অতি সহজেই লোকেদের বিশ্বাস করিয়া থাকো। ঘরের খাইয়া বনের মহিষ তাড়ানো তোমার অন্যতম প্রবৃত্তি হইয়া দাঁড়াইয়াছে। তুমি এতই উদারমনা যে কেহ কিছু চাহিলেই কালবিলম্ব না করিয়া দিয়া দাও। লোকেদেরকে সহজেই বিশ্বাস করিবে না। দুনিয়া ঠগ-বাটপারে ভরিয়া গিয়াছে। তুমি হাতেম তাঈ নহো। লোকের বিপদ উদ্ধারের দায়িত্ব তোমার একার নহে। এই জন্য আরও অনেকেই রহিয়াছে। মনে রাখিবে, যাচিয়া কাহারও উপকার করিতে যাইবে না। মানুষ যৎসামান্যই উপকারের কথা স্মরণ রাখে।
প্রিয় পুত্র, স্নাতক শেষ করিয়াই তুমি বিসিএস দিবে। এর অন্যথা চিন্তাও করিবে না। বিসিএস ক্যাডার না হইতে পারিলে তোমার জীবন ষোলো আনাই বৃথা। জামাল সাহেবের বড় ছেলেকে দেখো। অ্যাডমিন ক্যাডারে উত্তীর্ণ হইয়া কী সফল জীবন যাপন করিতেছে! কোনো চিন্তা নাই, ঝামেলা নাই। তোমাকেও সেরূপ হইতে হইবে। ছেলে বিসিএস ক্যাডার হইয়া সমাজে আমাদিগের মুখ উজ্জ্বল করিবে—এইটুকু কি আমরা তোমার কাছে আশা করিতে পারি না?