

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স এখন ৯৫। কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এটি কোনো বয়সই নয়—যেমন অক্সফোর্ডের বয়স ৯১০, হার্ভার্ডের ৩৮০। কিন্তু আমাদের মতো বিরল শতায়ু প্রতিষ্ঠানের দেশে ৯৫ বছর উদ্যাপনের মতোই একটি বিষয়। তবে এই উদ্যাপনটা করতে হয় আরও অনেক কারণে—এ বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই তো বাংলাদেশের সমাজ উচ্চশিক্ষার পথে হেঁটেছে; এ বিশ্ববিদ্যালয় আমাদের সাংস্কৃতিক-রাজনৈতিক-সামাজিক আন্দোলনের সূচনা করেছে, বেগবান করেছে এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের চিন্তা ও সক্রিয়তার প্রেক্ষাপটটি তৈরি করেছে। এখনো সারা দেশের সুস্থ চিন্তা বিকাশের, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধের কেন্দ্র হচ্ছে এই বিশ্ববিদ্যালয়।

এখনো প্রাথমিক শিক্ষকেরা তাঁদের সম্মান রক্ষার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমর্থন চান; পোশাকশ্রমিকেরা ভাবেন, তাঁদের ন্যায্য দাবির পক্ষে এই বিশ্ববিদ্যালয় দাঁড়ালে তাঁরা বেঁচে যাবেন। মিডিয়ার চোখ সারাক্ষণ মেলা থাকে বটতলা বা অপরাজেয় বাংলার দিকে। এ বিশ্ববিদ্যালয়ের যেদিন ১০০ বছর হবে, সেদিন নিশ্চয় দেখা যাবে একটা স্থায়ী মিডিয়া ক্যাম্প বসে গেছে ক্যাম্পাসের কোথাও। ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে এর গাছের ছায়ায় ঢাকা আর পাখির কুজনে মুখর খোলা চত্বরগুলোতে দিন কাটান পুরোনো ছাত্রছাত্রী, এমনকি যাঁরা এখানে কখনো পড়তে আসেননি তাঁরাও। বিকেল হলেই মুগদাপাড়া, না হয় শেখের টেক অথবা আরও দূরের কোনো ভূগোল থেকে প্রেমিক-প্রেমিকারা এসে এখানে জড়ো হন। মাঝেমধ্যে প্রক্টরের বাহিনীকে দেখি, একটা গাড়ি থেকে মাইকে ঘোষণা করছে, সন্ধ্যার পর ‘বহিরাগত’ সবাই যেন ক্যাম্পাস ছেড়ে চলে যায়। তবে এ বিশ্ববিদ্যালয় জন্ম থেকেই বহিরাগতে বিশ্বাস করেনি। করলে ১৯৫২-তে কোনো বহিরাগত যুবক এর ক্যাম্পাসে বুকের রক্ত ঝরাতেন না, ১৯৭১-এ বহিরাগত ব্যক্তিরা এর খোলা মাঠে অস্ত্র প্রশিক্ষণ নিতে আসতেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাত বাড়িয়ে আমন্ত্রণ জানায় সবাইকে। এর ডাকে সাড়া দেওয়ার জন্য কারও শিক্ষাসনদের প্রয়োজন হয় না।
শিক্ষার মানে আমরা বিশ্বের ৫০০ বিশ্ববিদ্যালয়ের কোথাও নেই। এ নিয়ে অনেক হাহাকার শুনি। কিন্তু আমার কোনো হাহাকার নেই। শিক্ষা জিনিসটা আপেক্ষিক। তা না হলে এখান থেকে পাস করে বেরিয়ে বিশ্বের শ্রেষ্ঠ দশটিতে পড়াশোনা করতে, ডিগ্রি নিয়ে বেরিয়ে আসতে পারত না কেউ। আমার এক দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র নরওয়ের এক বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে। সে লিখেছে, তরতর করে তরি বেয়ে এগোচ্ছে সে। তাহলে?

আমি বরং বলি, যদি মূল্যায়নের ভিত্তিটা হতো এই: কোন বিশ্ববিদ্যালয় হৃদয় ও বিবেকবান, প্রতিবাদী এবং স্বচ্ছ সামাজিক চিন্তার শিক্ষার্থী তৈরি করে; কোন বিশ্ববিদ্যালয় তার দরজা খুলে দেয় একজন গঞ্জের ভ্যানচালক অথবা গ্রামের খুদে দোকানদারের সন্তানদের জন্য; কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার সঙ্গে সংস্কৃতি শেখায়—তার অনুরণন পৌঁছে দেয় হৃদয়ের গভীর পর্যন্ত, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ দশে থাকত। আবার উল্টো-শ্রেষ্ঠ দশেও থাকত, যদি বিচারের মান হতো রাজনৈতিক মাস্তানি, গেস্টরুম সংস্কৃতি, টেন্ডারবাজি, বড়ভাইতন্ত্র, উগ্রবাদ আর নানান ঔদ্ধত্য শেখানো। তবে এই উল্টো-শ্রেষ্ঠতা ছোট মাপের। এ বিশ্ববিদ্যালয় বড় মাপে যা শেখায়, তা হচ্ছে উদার মানবিকতা।
১৯৬৮ সালে এ বিশ্ববিদ্যালয়ে প্রথম পা রেখেই মনে হলো, এখানেই আমাকে পড়তে হবে। আমার ডাক্তারি পড়ার, ইঞ্জিনিয়ার হওয়ার পারিবারিক চাপ হাওয়ায় মিলিয়ে গেল। কলাভবন আমাকে টেনে নিল। সেই যে নিল, এরপর প্রায় পঞ্চাশ বছর হতে চলল বাঁধনটা ছিঁড়তে পারিনি। বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ সময়গুলোর, ঘটনাগুলোর আমি সাক্ষী হয়ে গেলাম। আমি এ বিশ্ববিদ্যালয়ের গৌরবকাল দেখেছি, তাতে নিশ্বাস নিয়েছি, আবার এর কিছু কালো অধ্যায়েরও আমি প্রত্যক্ষদর্শী। অসাধারণ কিছু শিক্ষক, তুলনাহীন কিছু মানুষকে সামনে থেকে দেখেছি, অনেকের স্নেহ-স্পর্শ পেয়েছি। এ বিশ্ববিদ্যালয় আমাকে যা দিয়েছে, সংবাদপত্রের এক অণুকলমে তার ভগ্নাংশেরও তালিকা করা যাবে না।
২.
এ বিশ্ববিদ্যালয়ের প্রথম পানি উৎসব তথা পয়লা বৈশাখ উদ্যাপনের সাক্ষী আমি। বৈশাখের প্রথম দিনে আমরা মাথায় তোয়ালে বেঁধে তৈরি হতাম। একসময় তোয়ালে ভিজে একাকার হতো। এ বিশ্ববিদ্যালয়ের প্রথম র্যা গ ডেতে সূর্যসেন হল নেতৃত্ব দিয়েছিল। নিরীহ র্যা গিং। ধুয়ে ফেলা যায় এমন রং গায়ে-কাপড়ে মেখেছিলাম। শার্ট নষ্ট করার বাহুল্য কল্পনা করা যেত না। বিশ্ববিদ্যালয়ে থাকার সময়, বিশেষ করে স্বাধীনতার পর, ক্যামেরা কেনার কথা কেউ ভাবতে পারত না। সামর্থ্য থাকলেও লজ্জায় কেউ কিনত না। আশপাশে তখন যুদ্ধে ভেঙে পড়া দেশ উঠে দাঁড়াচ্ছে। খরচের বাহুল্য ছিল অভাবিত। এ জন্য খুঁজতে গিয়ে দেখি কোনো ছবি নেই।
ছবিগুলো সব মনের ভেতরে গেঁথে রয়ে গেছে।
৩.
অনেক সমস্যা এ বিশ্ববিদ্যালয়ের, অনেক সমালোচনাও, কিন্তু শেষ পর্যন্ত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ই। এটি জাতিকে স্বপ্ন দেখিয়েছে। এখনো দেখায়।
বিশ্বের কয়টা বিশ্ববিদ্যালয় এভাবে চোখে স্বপ্ন নিয়ে এগোতে শেখায়?