আমার বোন আর মা বললেন ডাক্তার হতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আজিজুল কাহ্হার

আমার জন্ম হয়েছিল অজপাড়াগাঁয়ে, ১৯৫৮ সালে। জামালপুরের সরিষাবাড়ীর ফুলদহের পাড়ায়। আব্বা মমতাজ আলী ছিলেন আদালতের পেশকার, চার বছর বয়সেই আমরা তাঁকে হারাই। আমাদের সাত ভাইবোনের মধ্যে বড় ছিলেন আজিজুল হক (২০০৩ সালে প্রয়াত)। তিনি তখন আহ্​ছানউল্লা ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। বড় ভাই-ই আমাদের সব ভাইবোনকে মানুষ করেছেন। তাঁর ছিল বদলির চাকরি, প্রথমে ছিলেন ওয়াপদার প্রকৌশলী, তাঁর চাকরিসূত্রে আমি ১০ বছরের স্কুলজীবনে ১২টি স্কুলে পড়েছি। ১৯৭৩ সালে জামালপুরের পিংনা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই। ডাক্তারি পড়ার কোনো ইচ্ছা ছিল না বলে এসএসসিতে জীববিজ্ঞান নিইনি, নিয়েছিলাম ভূগোল। নটর ডেম থেকে উচ্চমাধ্যমিক শেষ করি ১৯৭৫ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে ভর্তি হয়ে রীতিমতো ক্লাস করতে থাকি।

এর মধ্যে একদিন আমার বড় বোন রহিমা খাতুন বললেন, ‘আমাদের দুই ভাই ইঞ্জিনিয়ার হয়েছে। তুই ডাক্তারি পড়। পরিবারে একজন ডাক্তার তো দরকার!’

আমি বললাম, ‘না, ডাক্তারি আমার ভালো লাগে না।’

তখন আপা মাকে বললেন, ‘কাহ্হারকে ডাক্তারি পড়তে বলো।’

মা বললেন, ‘ঠিকই তো। তোর ছোট ভাইটা তো পড়াশোনায় মনোযোগী না, পরিবারে ডাক্তার হতে গেলে তোকেই হতে হবে।’

আপা আর মায়ের কথায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম। প্রথম দুই বছর ক্লাসে মন বসাতে পারিনি। তৃতীয় বর্ষে উঠে মেডিসিনের ওয়ার্ড করতে গিয়ে প্রথম ডাক্তারির প্রতি ভালো লাগা অনুভব করতে শুরু করি। অধ্যাপক এস জি এম চৌধুরীর ক্লাস মন্ত্রমুগ্ধ করে রাখত। তিনি ওয়ার্ডে রাউন্ডে আসতেন রাত সাড়ে ১০টা থেকে ১১টায়।

রোগীদের প্রতি তাঁর ভালোবাসা ও মানবিক মূল্যবোধ আমাকে চিকিৎসা পেশার প্রতি আগ্রহী করে তুলল। এখানে আরও দুজন শিক্ষকের কথা বলব, আমার ওপর যাঁদের ইতিবাচক প্রভাব অপরিসীম—অধ্যাপক এন আই খান ও অধ্যাপক এ কিউ এম নুরুল হক। এই শিক্ষকেরা তাঁদের প্রজ্ঞা, নিষ্ঠা, মানব দরদের আদর্শ দিয়ে আমার হৃদয় গড়ে তুললেন। আমি চিকিৎসা পেশার প্রতি নিষ্ঠাবান হয়ে উঠতে লাগলাম।