আমার মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার মায়ের নাম রাবেয়া খাতুন, কিন্তু ছোটবেলা বড়রা তাঁকে ‘বিলাতি’ বলেও ডাকতেন। সেই অস্বস্তিকর নামটা মায়ের জুটেছিল তাঁর দুধে আলতা রং, কটা চোখ আর ঈষৎ বাদামি হালকা চুলের জন্য। এই রং মা তাঁর বাবা-মা থেকে পেয়েছিলেন। আমার নানিরা খুব ফরসা ছিলেন। শুনেছি, তাঁরা পান খেলে নাকি গলা দিয়ে নামা সে পানের পিক দেখা যেত। এই অভিমতের সপক্ষে কোনো প্রমাণ দেখার সৌভাগ্য অবশ্য আমার হয়নি। আমার নিজের নানি তো আমার চার বছর বয়সে এবং নিজেরও অল্প বয়সে দেহ রক্ষা করেন। তিনি সুন্দর গান লিখতেন। ‘লীলাবালি লীলাবালি’ গানটি তাঁরই লেখা। মা অবশ্য লেখালেখিতে কখনো যাননি। তিনি বরং যা খুব নিষ্ঠা নিয়ে করতেন, তা হচ্ছে অন্যের লেখা পড়া। বই পড়া থেকে কোনো কিছুই তাঁকে নিবৃত্ত করতে পারত না—তা সে চোখের ছানিই হোক, বাড়িতে বিয়েশাদি অথবা কাজের লোক চলে যাওয়ার মতো জরুরি অবস্থাই হোক। আর মায়ের জন্য বইয়ের জোগান দেওয়ার গুরুদায়িত্ব কিছুটা হলেও পড়ত আমার ওপর।আমার ছেলেবেলা কেটেছে কুমিল্লা ও সিলেট শহরে। ছুটির দিনে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির মতো হাত ভর্তি বই নিয়ে আমিও বেরিয়ে পড়তাম। পাড়ার খালা-মাসিমাদের সঙ্গেই মায়ের বইয়ের আদান-প্রদানটা হতো বেশি। সপ্তাহের রসদ নিয়ে ফিরলে মা একটা চকচকে আধুলি হাতে ধরিয়ে দিতেন। এ ছিল আমার প্রথম স্বাধীন উপার্জন। আমার শিক্ষাব্রতী বাবার সঙ্গে মায়ের বিয়ে হয় ১৯৪১ সালে। বয়স যখন তাঁর আঠারো। সংসার শুরুর বছর চারেকের মধ্যে বাবার এক শক্ত অসুখ হয়। দীর্ঘস্থায়ী এক বিপন্নতা সঙ্গী হয় পরিবারটির। মা-ই তখন পরিবারের হাল ধরেন। সেই ১৯৪৫ সালে সিলেটের প্রথম মুসলিম শিক্ষিকা হিসেবে সিলেট সরকারি বালিকা বিদ্যালয়ে যোগ দেন। রক্ষণশীলতার সেই যুগে মা স্কুলে যেতেন রিকশার চারদিকে শাড়ি পেঁচিয়ে; কিন্তু মা কখনো বোরকা পরতেন না। বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের স্কুলে ভর্তি করাতে অভিভাবকদের সম্মত করাতেন, তারপর হাত ধরে মেয়েগুলোকে স্কুলে নিয়ে যেতেন। ১৯৪৭ সালে একটা গণভোটের মধ্য দিয়ে সিলেট জেলা আসাম ছেড়ে পূর্ববঙ্গের সঙ্গে গাঁটছড়া বাঁধল। সেই গণভোটে মায়ের একটা সক্রিয় ভূমিকা ছিল, কিন্তু শিলং ভারতে চলে যাওয়ায় মায়ের মনঃকষ্ট হয়েছিল। শিলং ছিল তাঁর প্রিয় শহর। ছোটবেলা কিছুদিন সেই শহরে পড়াশোনা করেছেন। বাবা সুস্থ হলেও শিক্ষকতা আর ছাড়েননি মা। জাত শিক্ষক ছিলেন; মন দিয়ে পড়া তৈরি করতেন, রাত জেগে খাতা দেখতেন। প্রতিদিন স্কুলে যেতেন। স্কুল থেকে ফিরে অল্প কিছু খেয়ে বিমল মিত্র না হয় আশাপূর্ণা দেবীর একটা উপন্যাস নিয়ে বিছানায় চলে যেতেন। প্রতিদিনের সংসার নিয়ে মা ছিলেন উদাসীন। বিষয়বিত্ত নিয়ে তাঁকে কখনো উৎসাহিত হতে দেখিনি। বাহুল্য পছন্দ করতেন না, খুবই সাদামাটা ছিল তাঁর জীবন। কাজের মানুষ না থাকলে নিজেই রান্না করতেন। কীভাবে করতেন, সে ছিল এক রহস্য! হয়তো গল্পের বই হাতেই পিঁড়িতে বসে রাঁধতেন। আধখানা দৃষ্টি হাঁড়িতে, আধখানা বইয়ের পাতায়। মামুলি আয়োজন, হেলাফেলার কাটা-ছিলা। অথচ কী সুস্বাদু হতো মায়ের প্রতিটি রান্না! ঈদের রান্নাটা মা-ই করতেন এবং কোরমা-কালিয়ার সঙ্গে এক বিশেষ ধরনের পরোটা বানাতেন, যাকে আমরা ভাইবোনেরা বলতাম পরিস্তানি পরোটা—এমনই অপরূপ আর অপার্থিব ছিল তার স্বাদ। ঈদে-পর্বে মা যে শাড়ি পেতেন, তা বাবাই কিনতেন, মা নিজে কখনো শাড়ি কিনেছেন মনে করতে পারি না। সেই শাড়ি বাবা রাতে সান্তা ক্লজের মতো চুপিচুপি মশারির ওপর রেখে দিতেন। সকালে তা আবিষ্কার করে মায়ের খুব আনন্দ হতো। কিন্তু নিজ থেকে তাঁকে কিছু চাইতে দেখিনি। অবাক, মা কিন্তু হিসাব করে মাসের সওদাপাতি করাতেন, যার দায়িত্বে ছিলেন প্রধানত আমার মেজদা—যেহেতু বাবা চাকরি করতেন খুলনা, ময়মনসিংহ অথবা ঢাকায়—এমনকি খাতায় হিসাবও লিখে রাখতেন। কিন্তু খুব মন দিয়ে যে করতেন, তা বলা যাবে না। তাঁর মন পড়ে থাকত গল্পের বইয়ে, অথবা স্কুলের কাজে অথবা সামাজিক সৌজন্য ভ্রমণে। আমার ছোটবেলা দফায় দফায় অসুখবিসুখ হতো, ফলে স্কুলে যেতে দেরি হয়েছিল। মা-ই ছিলেন আমার প্রথম শিক্ষক। শিক্ষক হিসেবে তাঁকে মনে হতো আদর্শ—কোনো জোরজারি নেই, শাসন নেই, অভিযোগ নেই। পড়াশোনার সব দায়িত্ব যেন আমার। শিখলে ভালো, না শিখলেও চলে—এ রকম একটা উদার সম্মতি ছিল মায়ের তরফ থেকে। এমন অপার আশকারায় পড়াশোনাটা যে করতে পেরেছি, সেটিই আশ্চর্য!আমার জন্মের সময় নাকি মায়ের খুব বিপদ হয়েছিল। আমাকে বলতেন, ‘চলেই যেতাম, শুধু তোর কী হবে ভেবে ফিরে এসেছি।’ মা হয়তো কৌতুক করেই বলতেন। কিন্তু যত দিন বেঁচে ছিলেন, মাথার ওপর একটা ছায়া হয়েই ছিলেন। মাকে ছেড়ে কোথাও যাওয়ার মুহূর্তটা ছিল আমাদের সবার জন্য কঠিন। তিনি মাথায় হাত রেখে দোয়া পড়তেন। ফুঁ দিতেন। অনুচ্চ স্বরে বলতেন, ‘ফি আমানিল্লাহ’। এই দোয়ার অভাবটা এখন বড় হয়ে বাজে। অনেক দিন আমার দেখভাল করে সাত বছর আগে আমার এক জন্মদিনেই মা পরপারে গেলেন। এই যোগাযোগটা আমাকে বিস্মিত করে। আগের রাতেই আমার বড় বোন গিনি আপাকে বলেছিলেন, সকালে যেন আমাকে ফোন করেন, তিনি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। গিনি আপা, যাঁকে আমি ছোটবেলা ‘আফা’ বলে ডাকতাম, সে রাতে মায়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করেছেন। মা ভোরের কাগজ-এর শব্দজটের সমাধান করেছেন। কাগজটা বালিশের পাশে রেখেছেন। একটা অর্ধেক পড়া বই পাতা মুড়ে রেখেছেন সেই কাগজের ওপর। তারপর ঘুমোতে গিয়েছেন। সকালে ফোনটা এল বটে, তবে তার অন্য প্রান্তে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মা ছিলেন না।