আমার মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই যে শুরুতেই লিখলাম ‘আমার মা’, কিন্তু আসলে কি তাই? এই আমার মা বলে যে নির্মোহ উচ্চারণ, তা আমার পাঁচ ভাইবোনের সবার মুখ থেকেই উচ্চারিত হবে—এমনি নিবিড় আর গভীর ভালোবাসা ছিল তাঁর। মনে হতো, বুঝি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন মা। মা রহিমা খানমের জন্ম ১৩২৬ সালের এক উন্মাতাল ঝড়ের রাতে। বৈরী প্রকৃতির কোনো প্রভাবই পড়েনি মায়ের ওপর। জন্মের সময় প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে যায় কোনো কোনো শিশু। কিন্তু আমার মা? তিনি ছিলেন অসম্ভব শান্ত অথচ মানসিকভাবে শক্তিশালী এক মানুষ। যে মানুষটি শুধু স্পর্শের মধ্য দিয়ে মাথায় গায়ে হাত বুলিয়ে বেগবান এক নদীর আবেগ দিয়ে আমাদের বড় করে তুলেছিলেন। শুধু কি তাঁর সন্তান? তাঁর স্বামী কবি খান মোহাম্মদ মঈনুদ্দীনের সাহিত্যিক সত্তাকে বিপুলভাবে ছড়িয়ে দিতে সাহায্য করেছিলেন স্ত্রী রহিমা খানম।মাত্র এগারো বছরের একটি মেয়েকে বিয়ে করে কলকাতার মতো এক মহানগরে নিয়ে এসেছিলেন কবি মঈনুদ্দীন। আমার মাকে নিছক ঘর গোছানোর কাজে আবদ্ধ না রেখে গৃহশিক্ষক রেখে লেখাপড়া শিখিয়ে বাইরের উন্মুক্ত পৃথিবীতে পা রাখার জন্য উপযুক্ত করে তুলেছিলেন তাঁর স্বামী মঈনুদ্দীন। একদিন স্ত্রীকে কলকাতার করপোরেশন স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগও দিয়ে দিয়েছিলেন। মা রহিমা খানম শিক্ষকতা করতে গিয়ে সেখানে পেয়েছিলেন কবি সুফিয়া কামালকে শিক্ষক হিসেবে। মা রহিমা খানম শিক্ষক হিসেবে কাজ করতে এসে পরিচিত হয়েছিলেন সে যুগের আরও অনেক স্বনামধন্য বিদুষী নারীর সঙ্গে। দীর্ঘ ১৭ বছর করপোরেশন স্কুলে শিক্ষকতা করেছিলেন মা।অনেক উচ্চাকাঙ্ক্ষী জীবন-প্রত্যাশী মানুষের সঙ্গে পরিচিত হতে হতে একজন স্বশিক্ষিত মানুষ হিসেবে মা নিজেকে গড়ে তুলতে পেরেছিলেন। নারী স্বাধীনতার প্রধান অগ্রদূত হিসেবে যে মানুষটির ছায়া সমস্ত নারীসমাজকে প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করেছিল, তিনি ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন—তাঁর স্নেহপুষ্ট ও প্রেরণায় স্নাত হয়েছিলেন মা। এ ছাড়া প্রমিলা নজরুল এবং সে যুগের বিশিষ্ট উচ্চশিক্ষিত নারী ফজিলাতুন্নেসা খানম, বেগম শামসুন্নাহার মাহ্মুদ, উমুরতুল ফজল, বেগম আকিকুন্নেসা খানম, মিসেস এম রহমান—এঁদের সাহচর্য তাঁর মধ্যে একটি সুন্দর জীবনের স্পৃহাকে তীব্র করেছিল। নারীর মুক্ত জীবনের আন্দোলনে এই সব মহীয়সী নারীর কথা ছোটবেলায় মায়ের মুখ থেকে শুনতে শুনতে বড় হয়েছি।সওগাত সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় নাসিরুদ্দীন সাহেব নারীসমাজের সার্বিক মুক্তি চিন্তায় যেসব নারী অগ্রগামী ছিলেন তাঁদের কঠিন পর্দাপ্রথা বোরকার আড়াল থেকে বেরিয়ে আসতে বোরকা হটাও স্লোগান দিয়ে বোরকা হটাও আন্দোলন শুরু করেছিলেন। সেই মিছিলে অন্য আরও নারীর সঙ্গে আমার মা রহিমা খানমকে শরিক হতে উদ্বুদ্ধ করেছিলেন স্বামী মঈনুদ্দীন। কবি মঈনুদ্দীনের সাহিত্যিক বন্ধু আবুল ফজলের লেখা বৃহৎ কলেবরের বই রেখাচিত্র-এর মধ্যে মা রহিমা খানমকে অনেকখানি খুঁজে পাওয়া যাবে। সে যুগের কোনো বৃহৎ আন্দোলনে মা ছিলেন, সে কথা ভাবলে আনন্দে উদ্বেল হয়ে উঠি আমরা তাঁর সন্তানেরা।বেগম সম্পাদিকা বেগম নূরজাহান আমার মায়ের কাছে ছিলেন স্নেহের নূরী। অপরূপ এই সুন্দরী নারীর (বেগম নূরজাহান) কথা তাঁর মুখে শুনতে শুনতে বড় হয়ে সেই লাবণ্যময়ী অপরূপাকে একদিন দেখেছি এবং বুঝেছি কত নিখুঁত ছিল সেই সৌন্দর্যের বর্ণনা। নানা রকম পত্রপত্রিকা পড়ায় অভ্যস্ত ছিলেন মা। তবে সবচেয়ে ভালোবাসতেন সাপ্তাহিক বেগমকে। আজ মা নেই। সব দিক পূর্ণ আমাদের, কিন্তু মনের একটা দিক বড় ফাঁকা। ১৯৭৯ সালের ২ এপ্রিল পক্ষাঘাতে দীর্ঘদিন শয্যাশায়ী থেকে আমাদের ছেড়ে চলে গেছেন মা।খুরশীদ জাহান