আমার মা সুলতানার স্বপ্ন

সুলতানা জামান ছিলেন মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ ও জনহিতৈষী। বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। নানা কাজের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে বাংলাদেশ সরকার তাঁকে বেগম রোকেয়া পদকে ভূষিত করে। আজ তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। প্রয়াণদিবসে গুণী এই মানুষকে স্মরণ করেছেন তাঁর মেয়ে বিশিষ্ট নৃত্যশিল্পী লুবনা মারিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিন্তু মহাকাশের সন্তানরা, তোমরা বিশ্রামে অস্থির, তোমাদের আটকানো যাবে না, আটকানো যাবে না।

তোমাদের ঘর নোঙর নয়, মাস্তুল হবে।’

—খলিল জিবরান, দ্য প্রফেট

সুলতানা জামানের সবচেয়ে প্রিয় স্মৃতি ছিল ১৯৩০–এর কলকাতায় দরগা রোডের বাড়িতে অতিবাহিত তাঁর শৈশব আর কৈশোর। একজন প্রকৃত গল্পকার, যে দক্ষতা হয়তো তিনি তাঁর মা ব্রিটিশ ভারতের সুপ্রতিষ্ঠিত উর্দু লেখিকা রাহাত আরা বেগমের কাছ থেকে পেয়েছিলেন। সন্তানদের প্রায়ই তাঁর কলকাতার জীবনের গল্প শোনাতেন সুলতানা। তাঁদের প্রতিবেশী কাজী পরিবারের সঙ্গে তাঁর পরিবারের মিথস্ক্রিয়া এবং কাজীদের কনিষ্ঠ কন্যা মমতাজের সঙ্গে তাঁর বন্ধুত্ব সম্পর্কে বহু উপাখ্যান বর্ণনা করতেন। শোনাতেন রোকেয়া স্থাপিত তাঁদের স্কুল সাখাওয়াত মেমোরিয়ালের গল্প; তাঁর বাবা সিরাজের (খান বাহাদুর সিরাজুল ইসলাম) সঙ্গে যাওয়া বিভিন্ন প্রমোদভ্রমণের গল্প।

সব সময় তাঁর ক্লাসের ‘টপার’, সুলতানা, হামেশা তাঁর স্কুলের কথাও বলতেন। মেয়েদের সামাজিক নিন্দা থেকে বাঁচানোর জন্য জানালায় পর্দা দেওয়া স্কুলবাসে উঠে দুষ্টুমির গল্প; স্কুলের সামগ্রিক পরিবেশ—সবকিছু নিয়েই নিজের সন্তানদের গল্প শোনাতেন সুলতানা। ১৯৪৭ সালে কলকাতায় তাঁর স্কুলের মায়া-মমতার পরিবেশ ছেড়ে হঠাৎ চট্টগ্রামে চলে যাওয়ার কথা এবং তাঁর বন্ধু এবং প্রতিবেশী কাজীদের সঙ্গে বিচ্ছেদের কথা যখন সন্তানদের শোনাতেন, তখন আফসোস ও অনুশোচনায় পূর্ণ থাকত তাঁর চোখ।

ভাগ্যক্রমে, দেশভাগের পর চট্টগ্রামে আবার মিলিত হয় দুই পরিবার। চট্টগ্রামে তাঁর মায়ের মর্মান্তিক মৃত্যুর পরই খান বাহাদুর সিরাজুল ইসলামের কন্যা সুলতানা সারওয়াতারা বেগমের সঙ্গে প্রয়াত খান সাহেব সদরুলওলার ছেলে, পাকিস্তান সেনাবাহিনীর সদ্য ক্যাপ্টেন কাজী নুরুজ্জামানের (মুক্তিযুদ্ধকালীন ৭ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার) বিয়ে হয়।

সুলতানা জামান (১৯৩২–২০২০)
ছবি: সংগৃহীত

জামানের সঙ্গে পাঞ্জাবিদের প্রায়ই সংঘর্ষ হতো। তাই ১৯৬০ সালে তিনি সামরিক চাকরি থেকে পদত্যাগ করে বেসামরিক জীবনে ফিরে আসেন। তবে আধা স্বায়ত্তশাসিত সরকারি সংস্থায় জামানের বদলিযোগ্য চাকরির কারণে খুঁটি গাড়তে এই দম্পতির আরও কিছু সময় লেগেছিল। সুতরাং, সুলতানার পরিবারের যাত্রা কালীগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ পর্যন্ত অব্যাহত ছিল। অবশেষে ১৯৬২ সালে জামান ও সুলতানা স্থায়ীভাবে ঢাকায় বসতি স্থাপনের সিদ্ধান্ত নেন।

হঠাৎ বিয়ে সুলতানার শিক্ষাজীবনকে ব্যাহত করেছিল। সুলতানার ছোট ভাই বিখ্যাত গণিতবিদ জামাল নজরুল ইসলাম প্রায়ই কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে চিঠি লিখতেন, আবার পড়াশোনা শুরু করার জন্য অনুরোধ করতেন। জামান সর্বদাই সুলতানার স্বপ্নকে সমর্থন করেছিলেন এবং তাঁকে তা পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করতেন।

ঢাকায় স্থায়ীভাবে বাস সুলতানার জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। তিনি পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত হন। সুলতানার এ নিষ্ঠা তাঁর সন্তানদের খুবই গর্বিত করত। তাদের আরও গর্বিত করত তাঁর সামাজিক কাজ। যেখানেই তাদের বাবাকে চাকরির কারণে যেতে হতো, সুলতানা নারীদের একত্র করতেন, নারীদের স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করতেন।

যদিও জামান ছিলেন তাঁর পরিবারের রুটিরুজির জোগানদাতা, সুলতানা সর্বদাই সংসার চালানোর দৈনন্দিন ব্যবহারিক বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকতেন। যখন জামানকে কালীগঞ্জে বদলি করা হয়, তখন সেখানে মানসম্পন্ন স্কুল ছিল না। সুলতানা তাঁর সন্তানদের জন্য একটি হোম স্কুল তৈরি করেছিলেন।

বহু বছর পরে, ১৯৬৭ সালে, ভারতবিরোধী পাকিস্তানি শাসন সত্ত্বেও দৃঢ়তার সঙ্গে সব বাধা অতিক্রম করে সুলতানা তাঁর কন্যা নায়লা এবং লুবনাকে কলকাতা এবং শান্তিনিকেতনে শিল্পজগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে যান। সুলতানার কাছ থেকে পাওয়া তাঁর তিন সন্তানের সবচেয়ে বড় শিক্ষা ছিল কোনো স্বপ্ন অর্জন করা অসম্ভব নয়।

চাকরি তাঁকে যেখানে নিয়ে গেছে, সেখান থেকে সাংসারিক দায়িত্ব পালন করতে থাকেন জামান আর ঢাকায় পরিবারকে একসঙ্গে ধরে রাখেন সুলতানা। একই সঙ্গে তিনি অবিচলিতভাবে তাঁর অধ্যয়ন অব্যাহত রাখেন। বিএড শেষ করে এমএড, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএ। এসবের মধ্যেও প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের সঙ্গে তাঁর কাজ চালিয়ে যান সুলতানা। কখনো কখনো তাঁদের জন্য টেইলারিং এবং এমব্রয়ডারি ​​শেখার ব্যবস্থা করেন, তাঁদের পণ্য বিপণনের ব্যবস্থা করেন; অন্য সময়ে নারীদের একত্র হয়ে কাজ করার জন্য একটি নারী ক্লাবের জায়গা জোগাড় করেন। ধীরে ধীরে নারীদের একটি নেটওয়ার্ক গঠন করেন।

ছেলে নাদিমের মৃত্যু তাঁর জীবনকে স্তব্ধ করে দিয়েছিল। পরিবারকে দুঃখের অতল গহ্বর থেকে বের করে আনার দায়িত্ব সুলতানার ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল। যদি তাঁর জীবন থেকে শেখার কোনো শিক্ষা থাকে, তা হলো সেই দৃঢ়তা, যার সঙ্গে তিনি তাঁর প্রিয় পুত্রের মৃত্যুকে মেনে নিয়েছিলেন এবং তাঁর ব্যক্তিগত শোককে বাংলাদেশের শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী জনগণের উন্নতির জন্য নিবেদন করেছিলেন।

নিঃসন্দেহে প্রতিবন্ধী বিশ্বে সুলতানার কাজ চিরদিন সবার মনে থাকবে। এ কাজের জন্য তিনি বহুল পুরস্কৃত এবং নন্দিত। তিনি যে প্রতিষ্ঠানগুলো তৈরি করে গেছেন, সেগুলো সর্বদা সংগীত, নৃত্য এবং শিল্পে পরিপূর্ণ আনন্দঘন জায়গা। দেশের কাছে এটি তাঁর উত্তরাধিকার। পরিবারের জন্য তিনি রেখে গেছেন আশা এবং বিশ্বাসের উপহার। তাঁর আত্মা শান্তিতে থাকুক।