আমার মাতুল বংশ
অবশেষে আমার বড় মামা পাগল হলেন।আমার মাতুল বংশে মৃদু পাগলামির জোরালো ইতিহাস আছে।আমার দূরসম্পর্কের এক নানা ৬০ বছর বয়সে পাগল হয়েছিলেন। তখন ঘোর শীতকাল। মাঝরাত্রি। এমন সময় নানা দারুণ গরম অনুভব করতে থাকেন এবং মাঝরাতে টিনের চালে উঠে ‘ওরে নীল দরিয়া’ গানটি গেয়ে গ্রামে দারুণ আলোড়ন ফেলে দিয়েছিলেন। এরপর তাঁকে তখনকার রেওয়াজ অনুযায়ী পাবনা পাঠিয়ে দেওয়া হয়।আমার আসল নানা চাকরি করতেন রেলওয়েতে। অবসরের আগে আগে তাঁর বাঁ পাশ প্যারালাইজড হয়ে যায়। এর পরও তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন। তাঁর নাম ছিল ফরিদুর রহমান। শেষ বয়সে এসে তাঁর ওপরও পাগলামি ভর করে। তিনি নিজের নাম বদলে ফেলেন এবং আশপাশের সবার নাম বদলাতে শুরু করেন। নাম বদলে তিনি হয়ে যান শেখ ফরিদ উদ্দিন। আমার নামও তিনি বদলে রাখেন শেখ রবি উদ্দিন। পেনশনের টাকা পিয়ন দিতে এলে নানা নাম স্বাক্ষরের সময় লেখেন, শেখ ফরিদ উদ্দিন। হঠাৎ স্বাক্ষর বদলে যাওয়ায় পেনশনের টাকা যায় আটকে। এরপর পুরো পরিবারকে দারুণ যন্ত্রণার মধ্যে পড়তে হয়।আমার আরেক নানার আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না। ভাগ্য ফেরাতে তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। জমি-জিরাত ও ভিটেমাটি বেচে সৌদি আরব যাওয়ার ব্যবস্থা করা হয়। প্লেনে ওঠার পর নানার মনে হয়, এই দেশ, এই পরিবার ছেড়ে তিনি কীভাবে থাকবেন। প্লেন যখন আকাশে উড়াল মারে, তখন তিনি বিকট স্বরে চিৎকার করতে থাকেন। ‘ওরে আমার সাথি-বীথি রে। ওরে তোমরা আমারে নামায় দাও, আমি বাড়ি যামু’ বলে তিনি উড়ন্ত প্লেনের দরজা ভেঙে লাফ মারার চেষ্টা করেন। এয়ারহোস্টেসদের কারণেই সম্ভবত তিনি প্লেনেই জ্ঞান হারান এবং পাইলট দুই দফা চেষ্টা করেন ইমারজেন্সি ল্যান্ডিংয়ের। সৌদি আরব পৌঁছানোর পর তাঁকে এয়ারপোর্ট থেকেই ফিরতি ফ্লাইটে ঢাকা ফেরত পাঠিয়ে দেওয়া হয়। রাস্তাজুড়ে নানা হাহাকার করে বলতে থাকেন, ‘ওরে আমার সাথি-বীথি রে!’ সাথি-বীথি তাঁর দুই যমজ মেয়ের নাম, আমার দুই খালা।এই তিনজনই আজ জান্নাতবাসী।বড় মামা ঠিক এর পরের জেনারেশন। আমি তাই অপেক্ষায় ছিলাম, কবে তাঁর মাথার স্ক্রু ঢিলা হয়ে যায়। অবশেষে হয়েছে।ঘটনা হলো, বড় মামা গত সপ্তাহে ইন্ডিয়া গিয়েছিলেন। সেখানে তিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মিলিত হন। এরপর তিনি ঢাকা ফিরে এসে গত সাত দিনে আমাকে সাতবার ফোন দিয়েছেন।—রবি, তুমি কোথায়?(আগে মামা বলতেন, ‘রবি তুই কই?’ কলকাতা ভ্রমণের পর তাঁর ভাষার ব্যাপক পরিবর্তন এসেছে। খাঁটি শান্তিনিকেতনি ঢঙে তিনি কথা বলেন।)—মামা, আমি অফিসে।—শোনো। আমি একটা নিবন্ধ লিখেছি: ‘অমর্ত্য সেন এবং বাংলাদেশ’।এর পরদিন আবারও ফোন।—রবি, তুমি কোথায়? আমি একটা প্রবন্ধ লিখেছি: ‘অমর্ত্য সেন এবং বিশ্ব অর্থনীতি’।—রবি, তুমি কোথায়। আমি একটা নিবন্ধ লিখেছি: ‘অমর্ত্য সেন এবং বিশ্বক্ষুধা’।এরপর যথাক্রমে ‘অমর্ত্য সেন এবং দারিদ্র্য’, ‘অমর্ত্য সেন এবং বিশ্বপ্রেম’, ‘অমর্ত্য সেন এবং ভারতবর্ষ’, ‘অমর্ত্য সেন এবং বাঙালি জাতি’।আজও তিনি ফোন দিলেন। বলেন, ‘রবি, তুমি কোথায়?’—মামা, আমি অফিসে। আপনে কি আরেকটা প্রবন্ধ লিখে ফেলছেন?—হ্যাঁ রে। ‘অমর্ত্য সেন এবং অমর্ত্য সেন’।বুঝলাম, মামার হয়ে গেছে।