
জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটে, যাঁরা কিছু শিখিয়ে দেন, জীবনকে আনন্দে ভরিয়ে দেন, ভালোবাসা আর স্নেহে জীবনকে পরিপূর্ণ করে তোলেন। ঠিক একইভাবে এমন কিছু মানুষেরও আগমন ঘটে, যাঁরা সব শিক্ষা ভুলিয়ে দিয়ে হৃদয় ক্ষতবিক্ষত করেন, বিবেককে বিক্ষুব্ধ করেন।
আমার ছাত্রজীবনের সুন্দর সময়ে অসাধারণ আত্মবিশ্বাস, স্নেহ আর ভালোবাসা দিয়ে আমাকে আলোকিত একজন মানুষ করার জন্য যদি কারও নাম বলতে হয়, তবে একাধিক নাম আসবে—অগ্রণী স্কুলের বাংলার শিক্ষিকা সুলতানা আপা, উদয়ন স্কুলের শ্যামলী নাসরিন চৌধুরী আর অবশ্যই উদয়নের তৎকালীন প্রধান শিক্ষিকা বেগম মমতাজ হোসেন।
আমি যখন প্রথম সংসদ সদস্য হই, যেদিন শপথ নিতে যাই, সেদিন বারবার আমার মা-বাবার কথা মনে হয়েছে। যাঁরা আমার জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু তাঁরা আমার বা আমার বোনের কোনো অর্জনই দেখে যেতে পারেননি। জানি না, দূর আকাশ থেকে তাঁরা দেখেছেন কি না! জানি না কাঁপা হাতে যখন শপথের লিখিত শব্দসংবলিত কাগজটি পড়ছিলাম, তখন তাঁদের অদৃশ্য হাত আমার কম্পিত হাতকে আশ্বস্ত করেছিল কি না। আমার ছেলেরা ছিল সঙ্গে। কিন্তু নিজেই আশ্চর্যভাবে লক্ষ করলাম, মা-বাবাসহ আর যাঁদের কথা একে একে মনে হচ্ছিল, তাঁদের মধ্যে সুলতানা আপা আর মমতাজ আপাও চলে এলেন।
বেগম মমতাজ হোসেনকে ছোটবেলায় আমি এত অনুকরণ করতাম যে আপার হাতের লেখার সঙ্গে আমার হাতের লেখা মিলিয়ে দেখলে ভ্রম হবে, এটি তাঁর হাতের লেখা কি না। শিশুনাট্যম, নতুন কুঁড়ি, অভিনয়সহ সংস্কৃতির সব ক্ষেত্রে আমাকে উৎসাহ দিতেন। নির্দ্বিধায় বলতে পারি, তিনি না থাকলে তারানা হালিম নামটি হারিয়ে যেত সংসারের চার দেয়ালে। মাঝেমধ্যে আপা স্কুলে সাদা কাগজ দিয়ে বলতেন, যা ইচ্ছা লেখো। আমিও তা-ই করতাম। যা ইচ্ছা তা-ই লিখতাম আর সেই লেখার ভেতরে তিনি যে খুঁটিয়ে খুঁটিয়ে কত প্রতিভা আর মেধা আবিষ্কার করতেন! আমার মতো তিনিও বঙ্গবন্ধুপ্রেমী—যেন সবখানেই আশ্চর্য মিল। এখনো দেখা হলে যখন বুকে টেনে নেন; বড় নিরাপদ বোধ হয়।
আর অগ্রণীর সুলতানা আপা আমার যেকোনো অনুষ্ঠান দেখলেই দূর প্রবাস থেকে ফোন করে আমাকে উৎসাহ দেন। বিষণ্নবোধ করলে তাঁর উৎসাহব্যঞ্জক কথাগুলো আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। তাঁর ক্লাসে একবার ‘আমার জীবনে স্মরণীয় দিন’ বিষয়ে একটা রচনা লিখেছিলাম। একেবারেই বানানো বিষয় নিয়ে। তিনি সেটা পড়ে কেঁদেছেন, প্রচণ্ড সহানুভূতিশীল হয়ে আমার মাথায় হাত রেখে বলেছিলেন, তুমি অনেক বড় হবে। আমি অনুতপ্ত হয়ে বলেছিলাম, আমার জীবনে স্মরণীয় কোনো দিন নেই, সেটা বানানো ঘটনা।
মমতাজ আপা-সুলতানা আপা, আমি যে বলতে পেরেছিলাম ‘ওটা বানানো ঘটনা’, এখানেই আপনাদের কৃতিত্ব। আপনারা আমাকে সত্য বলতে শিখিয়েছেন। মানুষের জন্য কিছু করার প্রেরণা দিয়েছেন। আমাকে দোয়া আর স্নেহ দিয়েছেন। আমার দূর আকাশের ঠিকানায় থাকা অভিভাবকের কাছাকাছি যেতে পেরেছেন—এখানেই আপনারা আলোকিত শিক্ষক। আমার মাথার ওপর থেকে আপনাদের হাত সরিয়ে নেবেন না কখনো।