আমার মানিকেরা চলে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর ধরে আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন জাফর সাদেক। এর আগে দীর্ঘ সময় তিনি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। বিদ্যালয়ের ৩৫ ছাত্রের অকাল মৃত্যুতে শোকে মুহ্যমান তিনি। গত মঙ্গলবার দুপুরে শোক সভা চলার ফাঁকে ফাঁকে কথা হয় জাফর সাদেকের সঙ্গে।প্রথম আলো: একসঙ্গে এতগুলো ছাত্র বিদ্যালয় ফাঁকি দিল, আপনারা কি বিষয়টি বুঝতে পারেননি?জাফর সাদেক: যারা অ্যাসেম্বলি পরিচালনা করত, তাদের অনুপস্থিত থাকার বিষয়টি শিক্ষকেরা বুঝতে পারেন। কিন্তু এক দিনের খেলার কথা বিবেচনা করে বিদ্যালয়ের স্বাভাবিক ক্লাস চালিয়ে যাওয়া হয়। তবে বোর্ডের কাজে আমি চট্টগ্রাম শহরে গিয়েছিলাম বলে বিদ্যালয়ে আসলে কী হয়েছিল, সেটার দিকে তেমন নজর রাখতে পারিনি।প্রথম আলো: যারা মারা গেছে,তারা পড়ালেখায় কেমন ছিল? জাফর সাদেক: আমার সব মেধাবী মানিকরাই চলে গেল। শুধু পড়ালেখা নয়, খেলাধুলা, অ্যাসেম্বলিতেও ওরা পারদর্শী ছিল। অষ্টম শ্রেণীর ধ্রুব নাথ ক্লাসে প্রথম, সপ্তম শ্রেণীর শাখাওয়াত দ্বিতীয় ছিল। এদের মতো অনেকেই তো আজ নেই।প্রথম আলো: এ দুর্ঘটনা কি কোনোভাবে এড়ানো যেত না?জাফর সাদেক: এভাবে যে দুর্ঘটনা ঘটবে, তা ছিল আমাদের কল্পনার বাইরে। কারণ, ওই দিন আমাদের বিদ্যালয়ের কোনো খেলা ছিল না। এ কারণে বিদ্যালয় খোলা ছিল। ফলে খেলার মাঠে কে যাচ্ছে আর কে যাচ্ছে না, তা নিয়ে আমাদের নজরদারি ছিল না। খেলোয়াড়-দর্শকদের আনা-নেওয়ার দায়িত্ব ছিল প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির। তাদের কেউই আমাদের জানায়নি যে উচ্চবিদ্যালয়ের অনেক ছাত্র খেলার মাঠে গেছে।প্রথম আলো: বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কী ব্যবস্থা নিয়েছেন? জাফর সাদেক: শোক কাটিয়ে উঠে আমরা সবাই চাইছি স্বাভাবিক হতে। স্বাভাবিকতা না এলে শ্রেণীকক্ষে পাঠদান শুরু করা যাবে বলে মনে হয় না।