আমার মায়ের মুখ
সব মা-ই তাঁর নিজের সন্তানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। নিজের সন্তানকে ‘দুধে-ভাতে’ রাখার জন্য জীবনের সর্বস্ব বিলিয়ে দিতে দ্বিধা করবেন, এমন কোনো মা কি আছেন? নিশ্চয়ই না। আর সন্তানমাত্রই মায়ের ভালোবাসার কাঙাল। মায়ের স্নেহছায়ায় বেড়ে ওঠার সুখ সব সন্তানের কাছেই জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। মায়ের কাছ থেকে দূরে থাকার বেদনা, মাকে চোখের সামনে দেখতে না পারার কষ্ট সব সন্তানকেই পোড়ায় প্রতিনিয়ত। স্বপ্ন-ক্যারিয়ার, জীবনের পথে নিরন্তর ছুটে চলার ব্যস্ততা—আমাদের হয়তো মায়ের কাছ থেকে খানিকটা হলেও দূরে সরিয়ে দেয়। কিন্তু খুব গোপনে সন্তানের বুকের গভীরে মায়ের যে আসন, সেটি কিছুতেই নষ্ট হওয়ার নয়। নিশ্চিত বলা যায়, সব সন্তানের সাফল্যের পেছনেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছেন যে মানুষটি, তিনি তার মা। ‘ছুটির দিনে’র এবারের আয়োজন পাঠককে মনে করিয়ে দেবে সে কথাই। বিশ্বজুড়ে মা দিবস পালিত হয় বিভিন্ন সময়ে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ মে মাসের দ্বিতীয় রোববারকে বেছে নিয়েছে মা দিবস হিসেবে। সে বিচারে আমাদের দেশে আগামীকাল মা দিবস। শুধুই মায়েদের জন্য একটি দিন। কী চমৎকার একটা ব্যাপার! মা দিবসের আগের দিন ‘ছুটির দিনে’র এই আয়োজন যদি আরও একবার আপনাকে মনে করিয়ে দিতে পারে আপনার মায়ের মুখ, তবেই মনে করব আমাদের আয়োজন সার্থক। মা দিবসের অগ্রিম শুভেচ্ছা, সব মায়ের জন্য।