আমার মেয়ে মৌসুমী
সে বছরের অক্টোবরের শেষ দিকে কনকনে ঠান্ডা পড়ল। আমি তখন সন্তানসম্ভবা। একটু ভয়ই পেয়েছিলাম। বাড়ির লোকজন সবাই বলল, লেপ কাঁথা মুড়িয়ে ঘরে বসে থাকতে। ২ নভেম্বর রাতে প্রসববেদনা উঠল। শীতের রাতে গাড়িঘোড়া কিছুই পাওয়া যায় না। ঘন কুয়াশার রাতেই ভ্যানে করে আমাকে নিয়ে যাওয়া হলো খুলনার সরকারি হাসপাতালে। এরপর যতটুকু শুনেছি এবং মনে পড়ে, তখনো ভোর হয়নি। কোনো রকম অপারেশন ছাড়াই আমি কন্যাসন্তানের মা হলাম। মেয়ের বাবা তো খুবই খুশি। দুই দিন পর বাসায় নিয়ে যাওয়া হলো আমাদের। সেদিন পুরো বাড়িতে মানুষের ঢল। মেয়েটি আমার খুবই শান্ত ড়স্বভাবের ছিল। কান্নাকাটি করত না। খিদে পেলে হাত-পা ছোড়াছুড়ি করত। তারপর খাবার খেয়ে আবার শান্ত। চোখ মেলে তাকিয়ে থাকত। ওর এই দৃষ্টি দেখে আমার মনটা জুড়িয়ে যেত। সাত দিনের দিন ওর ডাকনামটা দিল আমার ভাই—মৌসুমী। আর আসল নামটা রাখলেন আমার শ্বশুর—আরিফা পারভীন। মেয়েকে আমি পাঁচ বছর বয়সে একটি স্কুলে ভর্তি করিয়ে দিলাম। ও খুবই মনোযোগী হয়ে উঠল পড়াশোনায়। সবার আগে স্কুলে চলে যেতে চায়। সামনের সারিতে গিয়ে বসে। শিক্ষকেরা স্কুলে কী বলে না বলে, সব এসে আবার আমাকে হুবহু বলে। একটা বিষয় খেয়াল করে দেখেছি, ও একবার যা শুনত তা মনে রাখতে পারত। স্মরণশক্তি দেখে তো আমি আর ওর বাবা বিস্মিত হতাম। এরই মধ্যে আমার কোলজুড়ে এল আরও এক সন্তান—স্নিগ্ধা। দুই বোনকে নিয়ে আমরা চলে এলাম ঢাকায়। সিদ্ধেশ্বরীতে থাকি। কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে মৌসুমীকে ভর্তি করিয়ে দিলাম। পড়াশোনার পাশাপাশি গান শেখা শুরু করল। নাচটা মাঝেমধ্যে করার চেষ্টা করত। কিন্তু গানেই বেশি সময় দিল ও। এসএসসিতে ভালো ফল করল। কলেজের পড়ালেখা শেষ করার পর ঘটল আরেক ঘটনা। আমাকে না জানিয়েই দুই বোন তাদের ছবি পাঠিয়ে দেয় ‘আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী’ প্রতিযোগিতায়। যখন আমরা শুনলাম, মৌসুমীকে বললাম, ‘মা, তুই তো কোনো দিন আমাদের না জিজ্ঞেস করে কিছু করিসনি। তাহলে একা একা এটা করলি কেন?’ মৌসুমী বলল, ‘আম্মু, স্নিগ্ধা আমাকে বলল, “আপু তুমি ছবি পাঠাও। আব্বু-আম্মু শুনলে কিন্তু ছবি দিতে দেবে না”।’ যা হোক, মেয়েকে সঙ্গে নিয়ে প্রতিযোগিতায় গেলাম। ছবি তোলা হলো। প্রতিযোগিতা হলো। মেয়ে আমার পাঠক ভোটে জয়ী হলো। আমি ওকে ডেকে বললাম, ‘এবার মন দিয়ে পড়াশোনাটা কর, মা।’ কারণ বিনোদনজগতে গেলে পড়াশোনা করা হবে না। মেয়ের বিয়ের প্রস্তাব আসতে শুরু করল। অদ্ভুত সব প্রস্তাব। মেয়ে কাঁদে। এখন সে কিছুতেই বিয়ে করবে না।একদিন হঠাৎই শাকিব লোহানী নামের এক ভদ্রলোক আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। নিজের পরিচয় দিয়ে বললেন, একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। একটি বিজ্ঞাপনচিত্রে মৌসুমীকে নিতে চান। আমি তাঁকে সাফ জানিয়ে দিলাম, আমরা এসবে আগ্রহী নই। তা ছাড়া ও পড়াশোনা করছে। এখন এসবে ঢুকলে পড়াশোনা নষ্ট হবে। ভদ্রলোক নানাভাবে আমাকে বোঝালেন। মৌসুমী, স্নিগ্ধা দুজনই আমাকে বলল, মা, একটা করলে সমস্যা কোথায়? সবার কথা শুনে বললাম, ঠিক আছে, একটাই করবে। এরপর কিন্তু আর নয়। শর্ত জুড়ে দিলাম। ওর সঙ্গে সব সময় আমি থাকব। কাজ শুরু হলো—মেরিলের একটি পণ্যের বিজ্ঞাপনচিত্র। কাজটা যখন টিভির পর্দায় গেল, তখন হুলুস্থুল পড়ে গেল। একটার পর একটা বিজ্ঞাপনচিত্রে কাজের প্রস্তাব এসেছে। মেয়ের আগ্রহের কথা চিন্তা করে ‘না’ করতে পারলাম না। মৌসুমী তখন মডেল হিসেবে বেশ খ্যাতি পেয়ে গেল। এরপর একদিন আমার বাড়িতে এলেন মৌসুমীর বাবার চাচাতো ভাই। তিনি একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। সঙ্গে নিয়ে এসেছেন চলচ্চিত্রকার এহতেশামকে। সিনেমার কথা শুনেই তো আমার মেজাজ বিগড়ে গেল। মেয়ে আমার এই অভিনয় করতে পারবে না, এটা জানিয়ে দিলাম। পরদিন দেখি, এসেছেন সোহানুর রহমান সোহান। আমাকে নানাভাবে পটানোর চেষ্টা করা হলো। রাতের বেলা মৌসুমী আর স্নিগ্ধা আমার কাছে এল। আমার সঙ্গে বেশ ভাব জমিয়ে কথা বলা শুরু করল। আমি বললাম, ‘তোদের মতলবটা কী রে?’ ওরা কিছুই বলে না। অনেকক্ষণ পর মৌসুমী বলল, ‘আম্মু, কেয়ামত থেকে কেয়ামত ছবিটি দেখেছ? আমার ইচ্ছে এ রকম খুব সুন্দর একটা সিনেমায় কাজ করি।’ আমি বললাম, ‘মা, তোর পড়াশোনাটা শেষ হয়নি।’ কিন্তু মেয়ে আমার মন খারাপ করল। রাতে ওর বাবার সঙ্গে কথা বললাম। পরদিন মেয়েকে একটি ছবিতে কাজ করার অনুমতি দিলাম। বললাম, ‘তুই পারবি তো?’ মৌসুমী সে যে কী খুশি...। বলল, ‘আম্মু, আমি পারব। তুমি আমার সঙ্গে থেকো।’ মেয়ের আমার একটি দিকই একটু খারাপ লাগে। জেদটা অনেক বেশি। একবার কারও ওপর রাগ করলে, সেটি ভাঙানো কঠিন হয়ে যায়।প্রথম ছবির শুটিং করতে গিয়ে মৌসুমী বুঝল কাজটা কতটা কষ্টের। আসলে পরিশ্রমটা ছিল খুব বেশি। প্রচণ্ড গরমের মধ্যে রোদে দাঁড়িয়ে কাজ করতে হতো। শীতের সময় কাজ করতে হতো। মৌসমী তো এসবে অভ্যস্ত ছিল না। যা হোক, ছবির কাজ শেষ হলো। এর মধ্যেই নানা অনুরোধে আরও একটি-দুটি ছবি হাতে নেয় মৌসুমী। কেয়ামত থেকে কেয়ামত ঈদে মুক্তি পাবে। প্রথম ছবি। মেয়ে আমার ঈদের আগের রাতে এক ফোঁটা ঘুমোয়নি। সারাক্ষণ পায়চারি করেছে। ঈদের দিন নাওয়া-খাওয়া ভুলে ফোনের পাশে বসে থাকে। দুপুরে খবর শুনলাম। সন্ধ্যার খবর শুনলাম। রাতের খবর শুনলাম। আনন্দে আত্মহারা হয়ে মেয়ের সঙ্গে আমিও আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। এরপর আমাদের নিয়ে যাওয়া হলো প্রেক্ষাগৃহে। একবার গেলাম বরিশালে। সে ছিল এক অভাবনীয় দৃশ্য। হাজার হাজার মানুষ ছুটে আসছে। পুলিশ হিমশিম খাচ্ছে। মৌসুমী আর সালমান শাহকে একনজর দেখার জন্য মানুষের সে কী আকুতি! তারপর রাতারাতি ওর পোস্টার আর ভিউকার্ড বিক্রির হিড়িক পড়ে গেল। মৌসুমীর মতো একটি মেয়ে যদি কারও ঘরে থাকে, তবে একটি সন্তানই দশটি সন্তানের অভাব পূরণ করতে পারে। তাই বলে বলছি না স্নিগ্ধা বা ইরিনকে নিয়ে আমি অখুশি। কিন্তু একজন মৌসুমীর মা হতে হলে অনেক বড় কপাল নিয়ে পৃথিবীতে আসতে হয়। অনুলিখন: কামরুজ্জামান