আমার যে দিন গেছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একটু অবাক হয়ে চোখের সামনে মেলে ধরা অ্যাটলাসটার দিকে তাকিয়ে থাকি। প্রতিদিনই স্কুল থেকে আমার জন্য কিছু না কিছু আসে। টিচারদের পাঠানো বিভিন্ন চিঠি, নোটিশ থেকে শুরু করে রং বেরঙের নানান উদ্ভট ছবি, গাছের পাতা, ফুল, রাস্তা থেকে কুড়ানো বোতলের মুখ, এমনকি ছোট বড় পাথর, ইটের টুকরা পর্যন্ত।

আমার মেয়েরা তাদের পছন্দের সবকিছু এখনো মায়ের সাথে শেয়ার করতে ভালোবাসে। এই ধরনের কাগজপত্র পাওয়ার পাশাপাশি আমার জ্ঞানের পরিধিও মেয়েদের সাথে সমান্তরালে বাড়তে থাকে। পৃথিবীর সবচে কমন জন্মদিন, সবচে’ লম্বা ব্যক্তির উচ্চতা, ডোনাট আর বেগেলের মধ্যে পার্থক্য, জাস্টিন বিবারের বর্তমান বান্ধবীর নাম, এক কাপ ভাতে ক্যালরির পরিমাণ ইত্যাদি-ইত্যাদি। আজ স্কুল থেকে এসেছে এই অ্যাটলাস। ক্লাস ফাইভে পড়া আমার বড় মেয়ে মহা উত্তেজিত। টিচার বলেছেন, সব মহাদেশ কোনো একসময় এক সাথে লাগানো ছিল। আস্তে আস্তে সরে এসেছে এত্ত দূরে দূরে। আমি ভালো করে তাকাই অ্যাটলাসটার দিকে। আমার বিশ্বাস হয় না। সত্যি! সত্যি সব মহাদেশ কাছাকাছি ছিল কখনো? আবার অবিশ্বাসও করতে পারি না চট করে। আমরাও তো এক সাথেই ছিলাম, এক ছাদের নিচে, ছোট্ট বাড়িটায় গায়ে গায়ে লেগে...কোথায় চলে এসেছি এখন! মহাদেশগুলো কি আমাদের চেয়েও বেশি দূরে দূরে?

সামনে ঈদ বলেই বুঝি ফেলে আসা ঈদগুলোর কথাই মনে পড়ছে বারবার! অথচ কি সাদামাটা ঈদ ছিল আমাদের! প্রাচুর্য ছিল না, বাড়াবাড়ি ছিল না, কারও সাথে সাজ-পোশাকের প্রতিযোগিতা ছিল না। শুধু মাসভর অপেক্ষা ছিল, দিনভর আনন্দ ছিল, পরিবারের সবার সাথে কাটানো সুন্দর মুহূর্ত ছিল!

একটাই টিভি চ্যানেল ছিল—বিটিভি। কাজেই অনেক অনেক রান্নার অনুষ্ঠান দেখার সুযোগ হতো না আম্মার। প্রতি ঈদেই প্রায় একই রান্না হতো ঘুরে ফিরে। সেমাইয়ের বাটি, চটপটি ছুঁতাম না আমি, আমার লোভ ছিল ডিমের বরফির ওপর। দুপুরে সব সময় থাকত আম্মার হাতের স্পেশাল রেজালা। কী অসাধারণ রং হতো সেই রেজালার, কি অপূর্ব স্বাদ! আম্মার কঠিন আইন ছিল। যেখানেই থাকি না কেন, মাগরিবের আগে বাসায় ফিরতে হবে, রাতের খাবার টেবিলে বসতে হবে এক সাথে। খাওয়া শেষ হবার আগেই ঈদের বিশেষ নাটক শুরু হয়ে যেত। আব্বা-আম্মা সোফায় বসতেন আর আমরা তিন বোন কার্পেটের ওপর এলোমেলো শুয়ে-বসে টিভির সামনে হাজির থাকতাম। সাত দিন, দশদিন ব্যাপী ঈদ অনুষ্ঠান ছিল না। একমাত্র চ্যানেলে ঈদের প্রধান আনন্দ ছিল হুমায়ূন আহমেদের নাটক। কি নির্মল আনন্দ, কি স্বতঃস্ফূর্ত হাসি! হাসতে হাসতে গড়িয়ে পরতাম এদিক-ওদিক! নাটকের হাসির রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যেতো ঈদ স্পেশাল ‘ইত্যাদি’। আব্বার তখন ঘন ঘন হাই উঠছে। ইত্যাদির মূল আকর্ষণগুলো থাকত রাত দশটার ইংরেজি সংবাদের পর। আমরা বিশেষভাবে অপেক্ষা করতাম বাংলায় ডাবিং করা দম ফাটানো হাসির পর্বটার জন্য। সবাই মিলে না দেখলে যেন আনন্দটা পুরোপুরি পাওয়া যেত না। নানাভাবে চেষ্টা করতাম আব্বাকে জাগিয়ে রাখার। কথা বলে, ইত্যাদির লোভ দেখিয়ে, চা-কফি খাইয়ে কোনোভাবেই জাগিয়ে রাখা যেতো না আব্বাকে। খবর শেষ হলে ডেকে দিতে বলে আব্বা ঘুমিয়ে পড়তেন দশটা বাজতে না বাজতেই। পরে হাজার ঠেলাঠেলি করেও ওঠাতে পারতাম না। কখনো কখনো রাত এগারোটার খবর পর্যন্ত গড়াতো ‘ইত্যাদি’। শেষ হলে কি শূন্য শূন্য লাগত, ইস! ঈদটা কীভাবে শেষ হয়ে গেল!

মাঝে মাঝে মনে হয় এসবই অন্য কারও জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমি কি ছিলাম ওখানে? জীবনের ওই উদ্‌যাপিত মুহূর্তগুলোয় প্রিয় মানুষদের এত বেশি কাছাকাছি আমি কি ছিলাম কখনো? সবার থেকে দূরে এই দূর পরবাসে বসে ফেলে আসা জীবনটাকে কেমন অলীক মনে হয়! আমাদের ওই নিজস্ব, ছোট্ট পরিবারটা আর নেই! কার-ই বা থাকে! আর কে-ই বা তার জন্য নিজেকে তৈরি করে রাখে? আম্মার থেকে রেখে দেওয়া হয়নি কোনো রেসিপি। কত ভাবে, কত রকম করে চেষ্টা করি—সেই স্বাদ, সেই গন্ধ আর কোনো দিনই ফিরে পাব না। ইউটিউবে ঈদের রেসিপি খুঁজতে খুঁজতে মাঝে মাঝে ‘আম্মার রেজালা’ লিখে সার্চ দিয়ে বসে থাকি চুপচাপ। যেন প্রযুক্তি এই অসাধ্যসাধন করবে আমার হয়ে! শুনতে পাই আব্বাকে জাগিয়ে রাখার জন্য আর কোনো সাধ্য-সাধনা করতে হয় না এখন। কোনোরকম চা-কফি ছাড়াই নিদ্রাহীন রাত কাটান তিনি। শুধু তার পাশে আমরা কেউ থাকি না আর। তিন মহাদেশে আমরা তিন বোন যার যার মতো করে ঈদ করি। জীবন তার প্রাপ্য আদায় করেই নেয় কোনো না কোনো ভাবে। জীবনের দাবিতো আমি অস্বীকার করতে পারি না!

আমার মেয়ে আমার গলা ধরে ঝুলে পরে পেছন থেকে। ‘মা জানো! মিস নেস্মিথ (ওর টিচার) বলেছে, মে বি সাম ডে কন্টিনেন্টগুলি আবার কাছাকাছি ফিরে যেতে পারে। ক্যান ইউ বিলিভ!’ আমি চোখ মুছে তাকাই ওর দিকে। হ্যাঁ, হয়তো কোনোদিন মহাদেশগুলো আবার এক সাথে মিলে যেতে পারে, আমার অবিশ্বাস হয় না। কিন্তু আমাদের আর কোনো দিনই এক সাথে হওয়া হবে না, কখনোই না।