আমার লড়াই কিন্তু এখনো শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বর্তমানে আমি বিবিএ দ্বিতীয় বর্ষে পড়ছি। আমার তো এখন বই-খাতা নিয়ে সময় কাটানোর কথা ছিল না, ছেলেমেয়েকে দেখাশোনা এবং সংসারের কাজকর্ম করে সময় কাটানোর কথা। একটা হতদরিদ্র পরিবারের মেয়ের জন্য এর থেকে ভালো অবস্থান আর কী-ই বা হতে পারে। ঠিক তা-ই হতো যদি আমি আমার মেধা, বুদ্ধি ও পরিশ্রমের বিকাশ ঘটাতে না পারতাম।
আমার জন্ম এমন এক পরিবারে যেখানে সুখ বলে কোনো কিছু ছিল না। মৌলিক চাহিদাগুলো পূরণ করাই ছিল কষ্টকর। পড়ালেখা করার কথা ভাবা তো রীতিমতো অপরাধ। কিন্তু ওই পরিবেশে বেড়ে ওঠা সত্ত্বেও আমার ধ্যানধারণা অন্য ধারায় প্রবাহিত হতো। হরেক রকমের প্রসাধনী গায়ে মেখে, লাল বেনারসির ঘোমটা দিয়ে বাধ্য বউয়ের মতো স্বামীর পিছু পিছু হেঁটে শ্বশুরবাড়ি যাওয়ার বদলে আমি স্বপ্ন দেখতাম বই-খাতা বুকে জড়িয়ে বিদ্যাপীঠে যাওয়ার। ইচ্ছা আর পরিশ্রম করার মানসিকতাই আমাকে আজকের অবস্থান তৈরি করে দিয়েছে। প্রায় এক ঘণ্টার রাস্তা পায়ে হেঁটে পাঁচ বছর মাধ্যমিক বিদ্যালয়ে আসা-যাওয়া করেছি। প্রাইভেট পড়ার মতো যথেষ্ট টাকা ছিল না বলে নিজে নিজেই সমস্যার সমাধান করতে হতো। কারও কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পেতাম না, কারণ শিক্ষার প্রসার ততটা ঘটেনি বলে আমাদের সমাজে কোনো শিক্ষিত মানুষই ছিল না।
নানা ধরনের প্রতিকূলতার মধ্যেও আমি ২০১১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৬০ পেয়ে উত্তীর্ণ হলাম। আমাকে দিকনির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। নিজেই নিজের দিকনির্দেশক হয়ে গেলাম। একটা সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছি আমি। কত কঠিন অবস্থা পার হতে হয়েছে আমাকে সেটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। আমার লড়াই কিন্তু এখনো শেষ হয়নি। আমি স্বপ্ন দেখি পড়ালেখা শেষ করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার। ভিড়ের মাঝে মিশে যেতে নয়, ভিড়ের মধ্য থেকে জেগে ওঠার স্বপ্ন দেখি আমি। আমি মনে করি আমার অদম্য ইচ্ছা আর পরিশ্রম করার মানসিকতাই আমাকে একদিন সফলতার শিখরে পৌঁছে দেবে।
রুনা লায়লা
ব্রাহ্মণবাড়িয়া।