আমার লালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের ঘটনা। তখন আমি তৃতীয় শ্রেণীর ছাত্রী। কোরবানি ঈদের সময় বাবা হঠাৎ করে মস্ত বড় একটা গরু কিনে আনলেন। আমি তো মহাখুশি। আমি সব ধরনের পশুপাখি পছন্দ করি। কিন্তু কোরবানির পশু ছাড়া আর কোনো প্রকার পশু বাড়িতে আসে না। আমাদের বাসায় যে গরুটা এসেছিল, সেটা দেখতে ছিল খুব সন্দর। লাল টুকটুকে তার গায়ের রং। তাই তার নাম রাখলাম লালু। বাবা গরুটা বাড়ির গ্যারেজের গেটে বেঁধে রেখে আমাকে পাহারা দেওয়ার কথা বলে চলে গেলেন কাজে। বাবা চলে যাওয়ার পর গরুটা খুব উত্তেজিত হয়ে ছোটাছুটি করতে শুরু করল, যেন সব ভেঙেচুরে দিয়ে ছুটে চলে যাবে তার আপন চেনা জায়গায়। গরুটা বাঁধা ছিল বড় গেটের সঙ্গে। আমি গরুটার সঙ্গে ভাব জমানোর চেষ্টায় লেগে পড়লাম। এটা-ওটা খেতে দিই, একটু করে গায়ে হাত বুলিয়ে দিই। অল্পতেই গরুটা আমাকে বন্ধু করে নিল। লালুকে ঘাস খাওয়াই, আদর করি—সে হয়ে গেল আমার নগরজীবনের খেলার সাথি। বাইরে আমি লালুকে ঘাস খাওয়াতে নিয়ে গেলেই মানুষ ভয়ে আঁতকে উঠে বলত, গরু তোমায় আঘাত করবে। এ কথা শুনে আমার খুব রাগ হতো। কারণ পশুপাখি সবার ভালোবাসা ও আদর বোঝে। অযথা কেউ ভয়ংকর হয় না। আমি পশুপাখিদের ভালোবাসি, এটা তারাও মনে হয় বুঝতে পারে। যেখানে লালুকে ঘাস খাওয়াচ্ছি, ওখানে লালুর মতো আরও একটি লাল গরু ঘাস খাচ্ছিল। ওই গরুটি আমাকে শত্রু ভেবে তেড়ে আসছিল আঘাত করতে, অমনি দেখি লালু আমার সামনে এসে দাঁড়াল। ভাবটা যেন এমন, আমার কোনো ক্ষতি করলেই ওকে মেরে ফেলবে। বুঝলাম, ভালোবাসলে সবাইকে আপন করা যায়। যাক, ভীষণ সখ্য, দ্রুত দুই দিন পার হয়ে গেল। পরদিন ঈদ ভাবতেই বুকটা মোচড় দিয়ে উঠল। চাঁদ রাত, সবাই ঘুমাচ্ছে। আমার চোখে ঘুম নেই। অস্থির লাগছে, বুকে অসহ্য কষ্ট হচ্ছে। ভোর না হতেই আমি লালুর কাছে ছুটে গেলাম। লালু আমার দিকে তাকাল, মনে হলো ওর চোখে পানি ছলছল করছে। মাথায় হাত দিয়ে আদর করলাম। লালুর গলা জড়িয়ে ধরলাম। লালু অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে রইল। ও যেন বুঝতে পারছিল, আর দেখা হবে না।নওশীন নাওয়ার কোনাবাড়ী, গাজীপুর।