কথা ছিল খুলনা শহরেই মাইক্রোবাসে একটু ঘুরে বেড়ানো হবে। কিন্তু হঠাৎ মনে হলো, আরে! বাগেরহাট তো বেশি দূরের পথ নয়। তাই বাগেরহাটই হয়ে ওঠে আমাদের গন্তব্য। দলের স্কুলপড়ুয়াদের জন্য চমকপ্রদ সংবাদটি দেওয়া হয়, ‘১০০ টাকার নোটে যে মসজিদটির ছবি আছে, সেই মসজিদ দেখতে যাচ্ছি আমরা!’ রূপসা সেতু পার হয়ে দুই পাশের ছড়ানো মাঠ-ঘাট দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ষাটগম্বুজ মসজিদের কাছে। বাঁ দিকে মোড় নিয়ে মাইক্রোবাস পৌঁছে যায় মসজিদের পাশে বিশাল দিঘির পাড়ে। সেখানেই ছেলেটি নিজের দোকানের সামনে দাঁড়িয়ে। খেলনা, লিপস্টিক, চিরুনি যেমন আছে, তেমনি আছে পিপাসার্তের জন্য চা, জুস, কোমল পানীয়র ব্যবস্থা। বিচিত্র পণ্যের সম্ভার নিয়ে ছেলেটি ক্রেতার জন্য অপেক্ষমাণ।কী নাম আপনার?সোহাগ শেখ।এই ব্যবসা কত দিন ধরে করেন?এই পিকনিকের সিজন ধইরে বারো মাস।কেমন লাগে কাজ?ভালো লাগে।হাতে টাকা-পয়সা থাকে?থাকে। মানুষজন কেনাকাটা করে।থাকেন কোথায়?আমার বাড়ি এখানেই।কোন জায়গায়?এই ষাটগম্বুজের কাছেই।পড়াশোনা?ফাইভ তামাত পড়িছি।আর লেখাপড়া করবেন না?আমার ল্যাহাপড়া হতি চায় না।বয়স কত?বয়স তেইশ-চব্বিশ এই রকম। বিয়েশাদি হয়নি এখনো।খান কোথায়, সকাল দুপুর বিকাল?বাড়ি খাই। মা-বাপ-ভাই আছে বাড়িতে। বোনও আছে।আপনার কোনো স্বপ্ন নেই?আছে এট্টা। বড় হয়ে এই দোকানডাই বড় করার চেষ্টা করব।বাগেরহাটের বাইরে কোথাও গেছেন?না।ঢাকা, খুলনা?না। জীবনেও যাইনি। কেন যাননি?যেতে দেয় না বাড়িত্তে। ভাবে, হারায়া যাব।বৈশাখ তখন। দুপুরের প্রচণ্ড গরম পুড়িয়ে দিচ্ছে শরীর। মাঝেমধ্যে হাওয়া এসে বুলিয়ে দিচ্ছে স্নেহের পরশ। সোহাগ শেখ জানে, এই মসজিদের নাম ষাটগম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ আছে ৮১টি। তবে কেন তা হলো, সে ব্যাপারে কিছুই জানে না। এ নিয়ে দুটি ব্যাখ্যা আছে। যে ব্যাখ্যাটি বেশি গ্রহণযোগ্য, সেটি হলো, বিশাল গম্বুজ-ছাদের ভার বহন করছে যে ষাটটি স্তম্ভ, সম্ভবত একে ‘ষাট খামবাজ’ (খামবাজ অর্থ স্তম্ভ) হিসেবে জনপ্রিয় করে তোলে। এই খামবাজ শব্দটিই পরে একসময় গম্বুজ হিসেবে পরিণত হয়।ফেরার আগে প্রশ্ন করি, কে এই মসজিদ বানিয়েছে, জানেন?কেন জানব না? খান জাহান আলীই তো বানিয়েছিলেন।১৪৫৯ সালে মারা গিয়েছিলেন খান জাহান আলী। আমরা সঙ্গের শিশুদের বসিয়ে দিই, মসজিদটি কত আগে বানানো হয়েছে তা হিসাব করে বের করার জন্য। সোহাগ শেখ তাতে মজা পায়। কিন্তু শিশুদের সঙ্গে হিসাব কষতে বসে না। কারণ, ওর ‘ল্যাহাপড়া হতি চায় না’।