আমার শৈশবের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ হলো আনন্দ ও খুশি সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার এক পবিত্র আয়োজন। ঈদ নিয়ে অনেক টুকরো টুকরো স্মৃতি মনে পড়ে। ঈদের আগের সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রাস্তায় মা আর গ্রামের কয়েকজন এবং আমরা ঈদের চাঁদ দেখে দারুণ খুশি হতাম। মা চাঁদ দেখে সালাম দিতেন আর আমাদের উৎসাহিত করতেন। ছোটবেলায় আমাদের এলাকায় দুটি মসজিদে ঈদের জামাত পড়ানো হতো। একটি পূর্বপাড়ায়, আরেকটি একটু দূরে পাশের গ্রামে। পূর্বপাড়ার মসজিদ-সংলগ্ন ঈদগাহটি আমাদের শেখ গোষ্ঠীর দাদুর নির্মিত। মসজিদটিকে আমরা বলতাম, ‘বুড়ো দাদুর মসজিদ’। পূর্বপাড়ার এ মসজিদে সাইকেলে কিছু মুসল্লি ঈদের সময় যেতে দেখতাম। বেশির ভাগ আড়াআড়িভাবে বিল পাড় হয়ে যেতে হতো। সবার মাথায় টুপি, কারওর হাতে খেজুর পাটি দিয়ে নির্মিত নামাজের পাটি। দু-একজনের হাতে দেখতাম কাপড়ের জায়নামাজ। সবার সঙ্গে আমিও বিল পার হয়ে ঈদগাহে রওনা হতাম।

বর্ষাকালে ঈদের সময় জুতা হাতে নিয়ে পথে দুই জায়গায় হাঁটু সমান কাদা ঠেলে ঈদগাহে যেতে হতো। পুকুরঘাটে সারিবদ্ধভাবে পা ছোড়াছুড়ি করে কাদা পরিষ্কার করা, কাদা মিশ্রিত ঘোলা পানি দুহাতে সরিয়ে অজু করার দৃশ্য সত্যিই ভোলার নয়। এত ঝক্কিঝামেলার পরও সবই ঈদের আনন্দের কাছে মিইয়ে যেত। নির্দিষ্ট সময় ইমাম সাহেব ঈদের নামাজ পড়াতেন। এখানেও গন্ডগোল! মুসল্লির সুবিধার্থে পাঁচ মিনিট সময় বাড়ানোর পরও কয়েকজন মুসল্লি নামাজ শেষ হতেই হট্টগোল সৃষ্টি করতেন। ওদের অভিযোগ—সময় কেন বাড়ানো হলো না? নামাজ শেষে বুড়ো দাদুর বাড়িতে দল বেঁধে সেমাই খাওয়ার ধুম পড়ে যেত। এ অঞ্চলের মধ্যে দোতলা একমাত্র একটি বাড়িতেই ওপর-নিচে সবখানে লোকজনে ভরে যেত। ঈদগাহের পূর্বপাশে বয়ে যাওয়া খালের ওপর বাঁশের সাঁকো পার হয়ে আমাদের গোষ্ঠীর ফুপাতো বড় ভাই আনিসুর ভাইয়ের আতিথেয়তা তো নিতেই হবে।

নামাজ শেষে বাড়িতে এসে আরেকটু সেমাই খেয়ে নিতাম। ঈদগাহে যাওয়ার আগে মা আব্বাকে এবং আমাদের একসঙ্গে সেমাই দিতে দিতে বলতেন—‘তাড়াতাড়ি খেয়ে যা-খেয়ে ঈদ আর না খেয়ে বকরা (কোরবানির) ঈদ।’ আমার একটা অভ্যাস ছিল ঈদগাহে যাওয়ার আগে সেমাই খাওয়া, আবার এসে লোভ সামলাতে আরেক পিরিচ সাবাড় করে দেওয়া! দেখে মা বলতেন—‘ভাত খেয়ে নে।’ সন্ধ্যা পর্যন্ত প্রতিবেশী আর আত্মীয় মেহমানদের আনাগোনা দেখতাম। আমি বেড়াতাম বিকেল বেলায়।

ঈদগাহে যাওয়ার আগে মা-আব্বাকে সালাম করে জুটতো ১০ থেকে ২০ টাকা ঈদ সেলামি! সবচেয়ে মজা হতো নানা বাড়িতে। নানাজি অনেক আগেই মারা গেছেন। নানি, মামা এবং নানা-মামা সম্বন্ধীয়দের সেলামি থেকে জুটতো বেশ কিছু। প্রতিযোগিতা হতো খালাতো ভাই-বোনদের সঙ্গে। ওরা ভাগে পেত একটু বেশি। আর হবেই না কেন? ওরা ঈদের দুই/তিন দিন আগে এসে নানা বাড়িতে জুটে যেত। এভাবে একসঙ্গে হই হুল্লোড় করে কয়েকটা দিন পার করে দিতাম।