আমার শৈশবের মেলা
‘আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি।’ সেই এক বিপন্ন বিস্ময়ের দিনে বাবার হাত ধরে গুনগুন করে ওই গানের লিরিকের মতোই আনন্দময় ছিল আমার শৈশবের দেখা প্রথম বৈশাখী মেলা। অজস্র মানুষের কোলাহলে ছড়িয়ে ছিল এক অদ্ভুত মাদকতা। সারি সারি কাঠ আর মাটির বানানো রঙিন খেলনা নিয়ে লাইন দিয়ে বসে ছিলেন দোকানিরা। নতুন নতুন জামাকাপড় পরে এসেছে আমারই মতো অনেক বন্ধু। ওদের কারও হাতে ফোলানো বেলুন, কারও হাতে বাঁশি, কেউ কিনেছে রঙিন মুখোশ আবার কেউ কেউ কিনছে নানা ধরনের রংবাহারি খাবার। মাইকে গান বাজছে—‘এসো হে বৈশাখ। এসো এসো!’ মেলার এক কোণে আমাদের গ্রামের রসুল মামাও দেলবাহার আর লাল-নীল ভূতের ডিম নিয়ে বসেছেন। আছে বাতাসা, গুড়, মুড়ি, খই, কদমা আর তিলের খাজা! সারি সারি সাজানো। পাশেই উনুনে ভাজা হচ্ছে গরম গরম লুচি, ডিম। চলছে দেদার।
আমি যত এগিয়ে যাই, ততই মন্ত্রমুগ্ধের মতো হারিয়ে যেতে থাকি। একটা বিশাল জায়গা নিয়ে সাজানো হয়েছে নানা ধরনের কৃষিজাত পণ্য। বাংলার অহংকার নামে দু-একটি বড় আকারের লাউ, বিশাল সাইজের কুমড়া ও আরও নাম না জানা কয়েকটি পণ্য এনেছে স্থানীয় কৃষি বিভাগ। বেশ কয়েকটি দেশি চালের নমুনা দেখানো হচ্ছে মেলায়। এ ছাড়া কারুপণ্য, কুটিরশিল্পজাত সামগ্রী, সব ধরনের হস্তশিল্পজাত সামগ্রীর দোকান দেখা যাচ্ছিল বেশ। মানুষের ভিড়ে দোকানগুলো ছিল পরিপূর্ণ।
খানিকটা পথ পেরোতেই আবারও নানা ধরনের খেলনার সামগ্রী। মেয়েদের জিনিসপত্র। লাল-নীল চুড়ি, ফিতা, জামা—এই সব! দুটো লোক নানা ধরনের ঘুড়ি বিক্রি করছেন। সেই লোক দুটোকে ঘিরে রয়েছে অনেক আগ্রহী ছেলে। একদম শেষদিকে এসে দেখি রয়েছে নাগরদোলা, সার্কাস, পুতুলনাচ, যাত্রা আর পালাগান। সারা রাত ধরে চলে এই সব আনন্দযজ্ঞ।
রাত বাড়তে থাকে। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো এক লোক বাঁশি বিক্রি করছিলেন। আর মাঝেমধ্যে একমনে একটা গানের সুর তুলছিলেন—‘আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি।’ আজ এতকাল পরও মেলা দেখলেই সেই গানটির সুরটিই যেন মনের ভেতর ঘুরপাক খেতে থাকে।