অনেক আগে একটা কথা প্রচলিত ছিল, ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’। কিন্তু সেই দিন আর নেই। সুন্দরবনের বাঘের মতো বিলুপ্ত হয়ে গেছে। এখন সবকিছুর মতো দুধ, ভাতেও ভেজাল। যাকে বলে একেবারে দুধেভাতে উৎ পাত। শিশুরাও আগের মতো হাসিখুশি থাকার সুযোগ পায় না। সবাই যেন টক শোর বক্তাদের মতো গম্ভীর হয়ে গেছে। হবে না কেন? সিন্দাবাদের ভূতের মতো শিশুদের ঘাড়ে চেপে বসে আছে বইয়ের বোঝা আর লেখাপড়ার হিমালয়সম চাপ! চাপে পড়লে বাংলাদেশ দলের ক্রিকেটারই শিশু হয়ে যান, আর ওরা তো এমনিতেই শিশু। ওদের কী অবস্থা হবে, তা কি কেউ চিন্তা করে দেখেছে? কোমলমতি শিশুদের এত চাপ দেওয়া হয় যে খাসির চাপের কথা শুনলেও তারা চমকে ওঠে! কিন্তু শিশুদের এসব সমস্যা নিয়ে শিশুসংগঠনগুলো কিছু করছে না। ভাব দেখে মনে হয়, বিভিন্ন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর র্যালি-সেমিনার করা ছাড়া শিশু সংগঠনগুলোর কোনো কাজই নেই। শিশুদের নিয়ে তারা ভাবেই না। আসলে শিশু এবং শিশুদের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি চিন্তাভাবনা করে দেশের রাজনৈতিক দলগুলো। শিশুদের কথা ভেবেই তারা হরতাল ডাকে। তা না হলে তো আর শুধু শুধু হরতাল ডাকত না। হরতালে শিশুদের স্কুলে যেতে হয় না। তারা বাসায় সময় কাটাতে পারে, মা-দাদিকে রান্নায় সাহায্য করতে পারে। তা ছাড়া মাঠের অভাবে শিশুরা খেলাধুলা করতে পারে না; হরতালে রাস্তা ফাঁকা থাকায় শিশুরা সবাই মিলে ক্রিকেট-ফুটবল-সাতচাড়া খেলতে পারে। রাজনৈতিক দলগুলো খুব ভালো করে জানে, শিশুদের স্মরণশক্তি অসাধারণ। হরতাল ডেকে রাজনৈতিক দলগুলো শিশুদের যে উপকারটা করছে, তা তারা কোনোদিনই ভুলে যাবে না। তা ছাড়া এই শিশুরাই একদিন বড় হয়ে ভোটার হবে। রাজনীতিবিদেরা সব সময় সুদূরপ্রসারী চিন্তা করেন। শিশুদের ভালোবাসেন বলেই তাঁরা এত হরতাল ডাকেন, গাড়ি ভাঙেন। তবে ভালো কাজে বাধা আসবেই। অনেক অবিবেচক কর্তৃপক্ষ হরতালের কারণে শুক্রবারও স্কুল খুলে বসে থাকে। কী যে সমস্যা! এটা যাতে আর না হয়, সে জন্য শুক্রবারও হরতাল ডাকা উচিত। বাদ যাবে না একটি দিনও! তাই রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ, আপনারা বেশি বেশি হরতাল দিন। ইস্যু-ফিস্যু নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি। পিকেটিং-ফিকেটিং কিচ্ছু লাগবে না। আপনারা শুধু ভালো দিনক্ষণ দেখে হরতাল দিয়ে দিন। এতে আমরা বুক ফুলিয়ে বলতে পারব, ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে আর হরতালে’!