আমার সামাজিক আন্দোলন

কয়েক বছর আগের কথা। রাজশাহী নগরের সুজানগর মহল্লার কয়েকজন তরুণ পাশ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণী ওড়না ধরে টান দেয়। পরে এই তরুণকে ধরে পুলিশে দেওয়া হয়। এ নিয়ে দুই মহল্লার মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা, হাতাহাতিও হয়। এতে করে দুই মহল্লার মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেল। এটা দেখে আমি বিচলিত বোধ করতে থাকি। কীভাবে যুবকদের এই মানসিকতার পরিবর্তন করা যায়, এই চিন্তা থেকে আমি এলাকায় যৌন হয়রানিবিরোধী (ইভ টিজিং) এক আন্দোলন গড়ে তুলি। এর পেছনে ছুটতে গিয়ে আমি যুবকদের মধ্যে মাদকবিরোধী চেতনা গড়ে তোলারও প্রয়োজন অনুভব করি। মহল্লা থেকে আমার আন্দোলন ছড়িয়ে পড়ে রাজশাহী শহরে।
শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট-পোস্টার বিলি করি। মহল্লায় মহল্লায় উঠান বৈঠক করি। প্রচার-প্রচারণা চালাই নানা ভাবে। এভাবে আমি সমাজে মাদক ও যৌন হয়রানিবিরোধী চেতনা গড়ে তোলার কাজ করে যাচ্ছি। এ কাজের স্বীকৃতি হিসেবে আমি এ বছর রাষ্ট্রপতি পদক পেয়েছি।
আমার বাড়ি রাজশাহী নগরের ১৬ নম্বর ওয়ার্ডের কয়েরদাঁড়া মহল্লায়। বাবার নাম আবদুস সবুর। বাবা রাজশাহী জিপিওর একজন সাব-পোস্টমাস্টার ছিলেন। বর্তমানে অবসরে আছেন। মা-বাবার চার ছেলের মধ্যে আমি সবার ছোট। নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমি পরিবারের বোঝা হয়ে থাকতে চাইনি। এ জন্য উচ্চমাধ্যমিক পাস করার পরই আনসার-ভিডিপির অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে চাকরি নিই। একই সঙ্গে উচ্চতর পড়াশোনা চালিয়ে যেতে থাকি। এবার আমি রাজশাহী কলেজ থেকে সমাজকল্যাণ বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছি। চাকরি ও পড়াশোনার পাশাপাশি আমি আমার সামাজিক আন্দোলনের কাজ চালিয়ে যাচ্ছি।
মহল্লার যে ছেলেটাকে ধরে পুলিশে দেওয়া হয়েছিল, সেই ছেলেটার সঙ্গে তাদের সম্পর্ক আর ভালো হলো না। কোনো ঝামেলা করে না, কিন্তু এড়িয়ে চলে। বোঝা যায়, তার ভেতরে এখনো সেই অপমানের জ্বালা রয়ে গেছে। এ জন্য সে কারও সামনে স্বাভাবিক হতে পারে না। তার এই অবস্থা দেখেই আমার মাথায় চিন্তা আসে, একজন তরুণ এই পথে পা বাড়ানোর আগেই যদি তার মাথায় যৌন হয়রানিবিরোধী চেতনা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে সমাজে এমন অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না। এ নিয়ে কাউকে অশান্তিও বয়ে বেড়াতে হবে না। এই ভাবনা থেকে আমি সমাজের মানুষের মধ্যে যৌন হয়রানির বিরুদ্ধে প্রচারণার কাজ শুরু করি।
পাড়া-মহল্লায় দেয়াললিখন শুরু করলাম ‘ইভ টিজিং স্পষ্টতই যৌন হয়রানি। যৌন হয়রানিকে না বলুন। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।’ আমার এই কার্যক্রম দেখে ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহাম্মেদ আমাকে ডেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। দেয়াললিখনে কোথাও কেউ যৌন হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে আমাকে জানানোর জন্য আমার ও পুলিশ কন্ট্রোল রুমের মুঠোফোন নম্বর দিয়ে দিই। পুলিশের সঙ্গে কাউন্সিলর বেলাল আহাম্মেদ আমাকে পরিচয় করে দিয়ে আমার আন্দোলনে সহযোগিতা দেওয়ার কথা বলে দিয়েছিলেন। এর পর থেকে কোথাও ঝামেলা হলেই আমি পুলিশকে খবর দিই। পুলিশ ছুটে আসে। একইভাবে আমার এই কর্মকাণ্ড দেখে বেসরকারি সংস্থা ব্র্যাক আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসে। যেকোনো প্রস্তাব করলে তারা সেটা বাস্তবায়নের জন্য আমাকে সহযোগিতা করে। এলাকায় বিদ্যালয়গুলোতে আমি যখন প্রচারণা চালাতে শুরু করি, তখন ব্র্যাক তাদের প্রজেক্টর দিয়ে সহযোগিতা করে। তারা আমাকে লিফলেট ও প্রচারপত্র তৈরি করে দিয়েও সহযোগিতা করেছে। এগুলো নিয়ে আমি রাজশাহী নগরের ১৬ নম্বর ওয়ার্ডের পাঁচটি মহল্লায় কাজ করতে থাকি। কখনো বিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে আবার কখনো পাড়ার অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক করি। সমবয়সী যুবকদের বোঝাতে সক্ষম হই, যৌন হয়রানি একটি নিন্দনীয় কাজ। এতে মানসম্মানের ক্ষতি হয়। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এ কাজ না করে ভদ্রভাবে চলাফেরা করলে সবাই সম্মান করবে।
যুবকদের বোঝাতে আমাকে খুব বেশি বেগ পেতে হয়নি। আসলে তাদের মধ্যে আত্মসম্মানবোধটুকু তৈরি হয়নি। একটু বোঝাতেই তারা আমার প্রস্তাব গ্রহণ করেছে। আমার আন্দোলনের কারণে এই পাঁচটি মহল্লায় এখন আর মেয়েদের দিনে-রাতে চলাচলে কোনো সমস্যা নেই। রাস্তার মোড়ে ছেলেরা বসে থাকলেও কাউকে কটূক্তি করে না। কোনো মেয়ে সমস্যায় পড়লে এখন বরং তারা সহযোগিতা করার জন্য এগিয়ে আসে।
এদিকে এই অভিযানের পাশাপাশি আরেকটি ঘটনার কারণে আমি এই আন্দোলনের পাশাপাশি মাদকবিরোধী আন্দোলনও শুরু করি। আমার একজন নিকটাত্মীয়ের ভেতরে হঠাৎ একটা পরিবর্তন দেখা যায়। সে রাত করে বাড়ি ফেরে আর ঘুম থেকে ওঠে পরের দুপুরে। কোনো কোনো দিন না খেয়েই বিকেল চারটা পর্যন্ত ঘুমিয়ে কাটায়। ঘুম থেকে উঠে আবার বাইরে চলে যায়। তার কী হয়েছে, পরিবারের কেউ প্রথম প্রথম আন্দাজ করতে পারে না। কয়েক দিন পর আশপাশের লোকজন বাড়িতে এসে বলে, তাঁদের ছেলে টাকা ধার নিয়েছে। এভাবে দেখা গেল প্রতিদিনই কেউ না-কেউ টাকার জন্য বাড়িতে এসে বসে রয়েছে। কিসের পেছনে এত টাকা লাগছে খোঁজ নিতে গিয়ে পরিবারের লোকজন বুঝতে পারেন, তাঁদের ছেলে মাদকাসক্ত হয়ে পড়েছে। এরপর বাইরের লোকদের আর টাকা দিতে নিষেধ করা হয়। তারপর সে বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করে দেওয়া শুরু করে। কারও কথা শোনে না। তাকে নিয়ে পরিবারের মধ্যে তীব্র অশান্তি দেখা দেয়।
এবার আমি এই আত্মীয়কে সময় দেওয়া শুরু করি। তাকে সঙ্গে করে ঘুরতে ঘুরতে একসময় তাকে মাদকের ভয়াবহতা সম্পর্কে বোঝাতে সক্ষম হই। আমার কাছে সে স্বীকার করেছে, একটি মেয়েকে না পাওয়ার হতাশা থেকে সে এ কাজ শুরু করেছিল। তার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। আমার পরামর্শে তার সেই হতাশা কেটে যায়। সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সেই যুবক এখন আবার পড়াশোনা শুরু করেছে। তার ভালো পথে ফিরে আসার কথা যখন এলাকার লোকজন জানতে চায়, তখন সে আমার কথা স্বীকার করে বলে যে আমি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছি। নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছি।
আমার মাদকবিরোধী আন্দোলনের কর্মসূচি দেখে প্রথম আলোর রাজশাহী বন্ধুসভা আমাকে ‘মাদক থেকে বন্ধুকে বাঁচাও, এসো মাদকমুক্ত থাকি’—এই লিফলেট দিয়ে সহযোগিতা করে। বন্ধুসভার কাজ দেখে আমি আবার বন্ধুসভার সদস্য হই, পরে কার্যকরী কমিটির সদস্য হই। বন্ধুসভা ছাড়াও আমার কাজ দেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন ধরনের প্রচারপত্র দিয়ে সহযোগিতা করেছে।
গত বিশ্বকাপের সময় আমি মহল্লায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করি। সেখানে বিরতির সময় সমাজ সচেতনতামূলক ভিডিওচিত্র দেখাই।
আমার সমাজসেবামূলক কাজ দেখে আনসার-ভিডিপির তৎকালীন রাজশাহী রেঞ্জ পরিচালক নূর নবী চৌধুরী পুরস্কারের জন্য সদর দপ্তরে একটা প্রস্তাব পাঠান। সদর দপ্তর থেকে প্রশংসনীয় সেবামূলক কাজের জন্য প্রতিবছর প্রেসিডেন্ট সেবা পদক প্রদান করে থাকে। আমার অফিস টাইমের পর সমাজসেবামূলক কাজ করার বিষয়ে আনসার-ভিডিপি রাজশাহীর সহকারী জেলা কমান্ড্যান্ট সালাহ উদ্দিন আলমগীর আমাকে উৎসাহ দেন। আবার আমার (১৬ নম্বর) ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহাম্মেদের কাছ থেকেও নানাভাবে উৎসাহ পাই। ভাবতে ভালো লাগে আমার এ সমাজসেবামূলক কাজের মাধ্যমে এলাকার যুবসমাজের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে।
আব্দুল আলীম: তরুণ সমাজকর্মী, রাজশাহী
অনুলিখন: আবুল কালাম মুহম্মদ আজাদ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী