আমার সাহস, মা আছেন পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা রিতা চৌধুরীর সঙ্গে তিতান চৌধুরী
মা রিতা চৌধুরীর সঙ্গে তিতান চৌধুরী

এই যে শিল্পীজীবন তার শতভাগ অবদান মায়ের। আমার জন্য তাঁকে অনেক বাধা পেরোতে হয়েছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার ক্যারিয়ার গড়ে দিতে সংগ্রাম করে যাচ্ছেন। আমারও সাহস, মা আছেন পাশে।
আমাদের বাড়ি সাতকানিয়ায় হলেও বাবার ব্যবসা সূত্রে স্কুলজীবন কেটেছে কক্সবাজারের টেকনাফে। যেহেতু বড় মেয়ে, তাই একেবারে পুতুল পুতুল করে রাখতেন মা। খেলার সাথিও ছিলেন মা। আমাকে নিয়ে তাঁর ‘যুদ্ধ’ শুরু এসএসসি পাস করার পর। মায়ের ইচ্ছে মেয়েকে চট্টগ্রাম শহরে পাঠিয়ে ভালো কলেজে পড়াবেন। কিন্তু বাবা নাছোড়বান্দা। তাঁর ভাষ্য, মেয়েকে চোখের আড়াল করবেন না।
শেষে জয় হয়েছে মায়ের। শহরে আসার পর অভিনয় শেখার ঝোঁক চাপল মাথায়। বাবাকে তো বলা যাবে না, কখনোই সায় দেবেন না। মাকে বললাম। বরাবরের মতো প্রশ্রয় দিলেন। আমি নাটকের দলে যোগ দিলাম। মায়ের সেই প্রশ্রয় আমাকে অভিনয়ের আজকের অবস্থান তৈরি করে দিয়েছে। মা সব সময় বলেন, ‘আমি জানি, তুমি পারবে।’ এভাবে উৎসাহ জোগান।
এখন মাকে ছেড়ে ঢাকায় থাকলেও সুযোগ পেলেই চলে আসি। চট্টগ্রাম আসার কথা ফোনে জানালে তিন-চার দিন ধরে চলে বাজার। আমার পছন্দের খাবার তৈরি করে রাখেন। তা ছাড়া শুটিংয়ের ফাঁকে স্কাইপ কিংবা হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাধ্যমে মায়ের সঙ্গে যোগাযোগ তো আছেই। প্রসঙ্গত, তিতান চৌধুরীর মা রিতা চৌধুরী গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি বড়।
অনুলিখন : আশরাফ উল্লাহ