২০০৮ সালে হঠাৎ একদিন দেখলাম বুকের ডান পাশের ওপরের অংশে সুপারির মতো শক্ত একটা পিণ্ড। আমি সঙ্গে সঙ্গেই বিষয়টি স্বামীকে জানাই। আমরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিই, পরীক্ষা করাই। তখনই আমার স্তন ক্যানসার ধরা পড়ে। ক্যানসার-বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করি। অল্প কিছুদিনের ব্যবধানেই চিকিৎসার জন্য ভারতের মুম্বাই যাই। এর পরপরই আমার কেমোথেরাপি শুরু হয়। প্রথম কেমো ভারতেই নিই। পরেরগুলো ঢাকায়। চিকিৎসক পরামর্শ দিয়েছিল ২১ দিন পরপর কেমোথেরাপি নিতে হবে। তিনটা কেমো নেওয়ার পর চিকিৎসক জানালেন, এবার অস্ত্রোপচার করতে হবে। আবার ভারত গেলাম। সেখানে চিকিৎসক আমার কাছে জানতে চাইলেন, আমি কি আমার স্তনটি রাখতে চাই নাকি ফেলে দিতে চাই? আমি জানালাম, আমি রাখতে চাই। চিকিৎসক জানালেন, স্তন রেখে দিলে ক্যানসারের ঝুঁকি ৫ শতাংশ থেকে যাবে। কিন্তু এর পরও আমি তা রাখলাম।
ক্যানসার লড়াইয়ের সবচেয়ে কঠিন ধাপ হলো কেমো-পরবর্তী সময়। প্রতি কেমোর পর ১০ দিন পর্যন্ত কেমোর প্রভাব জীবনযাপনকে অনেক কঠিন করে দিত। আমার মনে হয় সেটাই ছিল আসল লড়াই। কখনো গলায় ঘা হতো, কোনোবার হৃৎস্পন্দন বেড়ে যেত, কখনো আবার গলা দিয়ে কোনো খাবারই নামত না।
কেমো শেষে রেডিওথেরাপির জন্য আবার মুম্বাই যাই। পাঁচ বছর পর্যন্ত ফলোআপ করানোর কথা বলেন চিকিৎসকেরা। প্রতিবছর একবার করে মুম্বাই গিয়ে এই ফলোআপ করাতে হয়েছে আমাকে। গত মার্চে শেষ ফলোআপ করাতে মুম্বাই গিয়েছিলাম। সব পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন, আমি এখন পুরোপুরি ক্যানসারমুক্ত। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের প্রতিটি ধাপে আমার স্বামী আমার সঙ্গে ছিলেন। তিনি আমাকে সাহস জুগিয়েছেন। ক্যানসার চিকিৎসায় পরিবারের সমর্থন আর সাহস অনেক বড় একটি ব্যাপার। আমাকে চিকিৎসকেরা শুরু থেকেই বলেছেন, আমি যেন কোনোভাবেই ছবি আঁকা না ছাড়ি। কারণ, এটা আমাকে ভেঙে পড়তে দেবে না। তা-ই হয়েছে। জীবনের এই পর্যায়ে এসে এখন আমি উপলব্ধি করতে পারি যে, আমার সিদ্ধান্ত ভুল ছিল না।
মাসুদা কাজী
চিত্রশিল্পী ও ক্যানসারজয়ী